আড়াই বছর পর ঢাকায় ফিরছে ইউএস ট্রেড শো, বাণিজ্য ও বিনিয়োগে নতুন সম্ভাবনা
আড়াই বছর বিরতির পর আবারও ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় বাণিজ্য প্রদর্শনী ‘ইউএস ট্রেড শো’। তিন দিনব্যাপী এ আয়োজনের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং প্রযুক্তিগত সহযোগিতার নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করছেন আয়োজকেরা।
আগামী ৫ নভেম্বর রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় শুরু হবে ৩০তম ইউএস ট্রেড শো। ৭ নভেম্বর পর্যন্ত চলবে এ প্রদর্শনী। এতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্য, সেবা ও প্রযুক্তি প্রদর্শনের পাশাপাশি ব্যবসায়িক যোগাযোগ এবং বিনিয়োগের সুযোগ তৈরি করা হবে।
২ নভেম্বর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম)।
সংবাদ সম্মেলনে অ্যামচেমের সভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, আগামী পাঁচ বছরে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য নির্ধারণ করেছে অ্যামচেম। এ লক্ষ্য অর্জনে ইউএস ট্রেড শো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি বলেন, এ লক্ষ্য অর্জনের জন্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। প্রদর্শনীর মাধ্যমে যদি ১০ থেকে ১২টি নতুন মার্কিন প্রতিষ্ঠান বাংলাদেশে আসতে আগ্রহী হয়, সেটিও বড় অর্জন হবে।
আয়োজকদের তথ্যমতে, এবারের প্রদর্শনীতে ৩৬টি কোম্পানি ও সাতটি স্টার্টআপসহ মোট ৪৩টি প্রতিষ্ঠান অংশ নেবে। তাদের জন্য থাকবে ৬৩টি স্টল। বিভিন্ন দেশের আমেরিকান চেম্বার অব কমার্সের প্রতিনিধিরাও এতে অংশ নেবেন। তাঁরা বাংলাদেশের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় এবং সম্ভাব্য বিনিয়োগের ক্ষেত্র অনুসন্ধান করবেন।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনী। তিন দিনে ১০ হাজার থেকে ১৫ হাজার দর্শনার্থীর সমাগম আশা করছেন আয়োজকেরা। অনলাইনে নিবন্ধনের মাধ্যমে বিনা মূল্যে প্রদর্শনীতে প্রবেশ করা যাবে। একটি পাস দিয়েই তিন দিন প্রদর্শনী ঘুরে দেখার সুযোগ থাকবে। ইতোমধ্যে এক হাজারের বেশি মানুষ নিবন্ধন করেছেন।
ছয়টি সেমিনারে গুরুত্ব পাবে গুরুত্বপূর্ণ খাত
প্রদর্শনীর পাশাপাশি ছয়টি বিষয়ভিত্তিক সেমিনারের আয়োজন করা হয়েছে। এতে বিদ্যুৎ ও জ্বালানি, স্বাস্থ্যসেবা ও চিকিৎসা প্রযুক্তি, তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল অর্থনীতি, নারীর নেতৃত্ব, যুক্তরাষ্ট্রে বিনিয়োগের সুযোগ এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক নিয়ে আলোচনা হবে।
এসব আলোচনায় নীতিনির্ধারক, ব্যবসায়ী নেতা এবং সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞরা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
এবারই প্রথমবারের মতো বিদ্যুৎ ও জ্বালানি, তথ্যপ্রযুক্তি, ব্যাংকিং ও আর্থিক সেবা, ভোগ্যপণ্য, উৎপাদন ও সরবরাহব্যবস্থা, শিক্ষা ও উন্নয়ন এবং কৃষিভিত্তিক ব্যবসার জন্য আলাদা জোন রাখা হচ্ছে। পাশাপাশি নতুন উদ্যোক্তাদের উদ্ভাবন তুলে ধরা এবং সম্ভাব্য ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে যোগাযোগের সুযোগ দিতে থাকবে বিশেষ স্টার্টআপ জোন।
প্রদর্শনীতে থাকবে বাংলাদেশের ঐতিহ্যবাহী পণ্য
যুক্তরাষ্ট্রের পণ্য ও প্রযুক্তির পাশাপাশি প্রদর্শনীতে তুলে ধরা হবে বাংলাদেশের ঐতিহ্যবাহী পণ্য। এর মধ্যে থাকবে নকশিকাঁথা, জামদানি এবং দেশের অন্যান্য স্বীকৃত ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য।
এ ছাড়া দর্শনার্থীদের সরাসরি পণ্য কেনার সুযোগ দিতে থাকবে কার্নিভাল জোন। ইউএস ট্রেড শোর ৩০ বছরের যাত্রা এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে এর ভূমিকা তুলে ধরতে থাকবে হেরিটেজ কর্নার।
এ বছর বাংলাদেশে অ্যামচেমের প্রতিষ্ঠার ৩০ বছর পূর্তিও উদ্যাপন করা হচ্ছে।
আয়োজকদের প্রত্যাশা, এবারের প্রদর্শনী দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি নতুন বিনিয়োগ আকৃষ্ট করা এবং বাণিজ্য ও প্রযুক্তিগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা তৈরি করবে।






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।