হুথিদের বিরুদ্ধে সৌদির হয়ে ইয়েমেনে সেনা পাঠানোর দাবি অস্বীকার সিরিয়ার

হুথিদের বিরুদ্ধে লড়াইয়ে সৌদি আরবকে সহায়তা করতে ইয়েমেনে সিরীয় সেনা পাঠানোর খবরকে মিথ্যা ও ভিত্তিহীন বলে অস্বীকার করেছে দামেস্ক।

হুথিদের বিরুদ্ধে সৌদির হয়ে ইয়েমেনে সেনা পাঠানোর দাবি অস্বীকার সিরিয়ার

হুথিদের বিরুদ্ধে সৌদির হয়ে ইয়েমেনে সেনা পাঠানোর দাবি অস্বীকার সিরিয়ার


ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে লড়াইয়ে সৌদি আরবকে সহায়তা করতে সিরীয় সেনা পাঠানো হবে—এমন খবর সরাসরি অস্বীকার করেছে সিরিয়া। দামেস্ক জানিয়েছে, সৌদি আরবের নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রতি তাদের দৃঢ় সমর্থন রয়েছে। তবে ইয়েমেনে নতুন কোনো যুদ্ধের ফ্রন্টে জড়ানোর পরিকল্পনা সিরিয়ার নেই।

সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল-শারার মিডিয়া উপদেষ্টা আহমদ মুওয়াফফাক জাইদান জানিয়েছেন, সৌদি আরব সিরিয়াকে সৌদি আরব বা ইয়েমেনে সেনা পাঠানোর অনুরোধ করেছে—এমন খবরের কোনো সত্যতা নেই। তিনি এ ধরনের প্রতিবেদনকে মিথ্যা ও ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন।

সিরিয়ার তথ্য মন্ত্রণালয়ের ফরেন মিডিয়া ডিরেক্টরেটও জানিয়েছে, আঞ্চলিক ইস্যুতে দামেস্কের নীতির মূল লক্ষ্য স্থিতিশীলতা, শান্তি ও সহযোগিতা। নতুন কোনো সামরিক ফ্রন্টে জড়িয়ে পড়ার পরিবর্তে সিরিয়ার পুনর্গঠন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান শক্তিশালী করা এবং জনগণের জীবনযাত্রার উন্নয়নকে সরকারের অগ্রাধিকার হিসেবে উল্লেখ করা হয়েছে।

এর আগে রয়টার্সের এক প্রতিবেদনে একজন মার্কিন কর্মকর্তা ও একজন সিরীয় সামরিক কর্মকর্তার বরাতে বলা হয়েছিল, সৌদি আরবকে সামরিক সহায়তা দেওয়ার বিষয়টি সিরিয়া বিবেচনা করছে। সম্ভাব্য সহায়তার মধ্যে সৌদি আরবকে প্রতিরক্ষামূলক সহযোগিতা দেওয়া কিংবা সৌদি-সমর্থিত ইয়েমেনি বাহিনীকে হুথিদের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তার জন্য সিরীয় সেনা মোতায়েনের বিষয়ও আলোচনায় ছিল।

এছাড়া অ্যাক্সিওসের প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে বলা হয়েছিল, সৌদি আরব ও সিরিয়ার মধ্যে ইয়েমেনে সিরীয় সেনা পাঠানোর সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। তবে তখনও সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল-শারা এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলে জানানো হয়েছিল। পরবর্তী সময়ে সিরিয়ার পক্ষ থেকে সেনা পাঠানোর খবর সরাসরি অস্বীকার করা হয়।

সিরিয়ার পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ভবিষ্যতে কোনো সামরিক সহযোগিতা বা সামরিক অভিজ্ঞতা বিনিময়ের প্রয়োজন হলে তা আনুষ্ঠানিক কূটনৈতিক চ্যানেল ও বিদ্যমান দ্বিপক্ষীয় কাঠামোর মাধ্যমেই করা হবে। ফলে বর্তমান পরিস্থিতিতে ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে লড়াইয়ে সিরীয় সেনা মোতায়েনের কোনো নিশ্চিত সিদ্ধান্ত নেই।

সিএসবি নিউজ-এর আরও খবর