ধামরাইয়ে মধ্যরাতে দুঃসাহসিক লুট, চীনা কর্মকর্তাকে বেঁধে লকারের ৭০ লাখ টাকা নেওয়ার অভিযোগ

জানালার গ্রিল কেটে কারখানায় ঢুকে চীনা কর্মকর্তার গলায় ছুরি, হাত-পা বেঁধে লকার থেকে ৭০ লাখ টাকা লুটের অভিযোগ ধামরাইয়ে।

ধামরাইয়ে মধ্যরাতে দুঃসাহসিক লুট, চীনা কর্মকর্তাকে বেঁধে লকারের ৭০ লাখ টাকা নেওয়ার অভিযোগ

ধামরাইয়ে মধ্যরাতে দুঃসাহসিক লুট, চীনা কর্মকর্তাকে বেঁধে লকারের ৭০ লাখ টাকা নেওয়ার অভিযোগ


ঢাকার ধামরাইয়ে চীনা মালিকানাধীন একটি ব্যাটারি কারখানায় ঢুকে এক চীনা কর্মকর্তাকে অস্ত্রের মুখে জিম্মি ও রশি দিয়ে বেঁধে লকার থেকে ৭০ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বেলিশ্বর এলাকায় অবস্থিত জিয়াংশু স্টোরেজ ব্যাটারি বিডি কোম্পানি কারখানায়। 


কারখানা কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটির ইনচার্জ ও ক্যাশিয়ার লি পেংগুই শনিবার রাত সাড়ে ১১টার দিকে নিজের শয়নকক্ষে ঘুমাতে যান। রাত সোয়া ১২টার দিকে মুখোশ পরা অন্তত তিন ব্যক্তি কারখানার পেছনের একটি টয়লেটের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। 


অভিযোগ অনুযায়ী, তারা লি পেংগুইয়ের কক্ষে ঢুকে তাঁর গলায় ছুরি ধরে ভয় দেখায়। পরে হাত-পা রশি দিয়ে বেঁধে তাঁর কাছ থেকে লকারের চাবি নেয়। এরপর লকারে থাকা প্রায় ৭০ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। টাকার পরিমাণটি কারখানা কর্তৃপক্ষ ও ভুক্তভোগীর দেওয়া তথ্যের ভিত্তিতে জানিয়েছে পুলিশ। 


কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, যে পথ দিয়ে দুর্বৃত্তরা প্রবেশ করেছে, কারখানার সেই পেছনের অংশে সিসিটিভি ক্যামেরা ছিল না। ফলে ঘটনার কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে।


খবর পাওয়ার পর ধামরাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুল হুদা খান জানিয়েছেন, সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং অপরাধীদের শনাক্ত ও লুট হওয়া টাকা উদ্ধারে অভিযান চলছে।

সিএসবি নিউজ-এর আরও খবর