মানুষের স্বাস্থ্য সুরক্ষায় আর দেরি নয়: চলমান প্রকল্প দ্রুত বাস্তবায়নের তাগিদ প্রতিমন্ত্রী মীর শাহে আলমের

নগর জনস্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশগত ঝুঁকি মোকাবিলায় ‘ইমপ্রুভমেন্ট অব আরবান পাবলিক হেলথ প্রিভেন্টিভ সার্ভিসেস প্রজেক্ট’ (IUPHPSP)-এর কার্যক্রম দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই সঙ্গে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনার জন্য পৃথক দুটি নতুন প্রকল্প গ্রহণে বিশ্বব্যাংকের সহযোগিতা চেয়েছেন তিনি।

বুধবার (৭ অক্টোবর) সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রকল্পটির অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে প্রতিমন্ত্রী এ আহ্বান জানান।

বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত প্রকল্পটির সার্বিক অগ্রগতি নিয়ে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সঙ্গে স্থানীয় সরকার বিভাগ ও প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিটের পরামর্শকদের বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ক্রিস্টোফ লেমিয়ের (Christophe Lemiere)।

বৈঠকে বাংলাদেশে বিশ্বব্যাংকের সহায়তায় চলমান বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরা হয়। IUPHPSP প্রকল্পের আওতায় মশক ও অন্যান্য বাহকবাহিত রোগ নিয়ন্ত্রণ, হাসপাতাল-বহির্ভূত মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা, দাবদাহ, বায়ু ও শব্দদূষণসহ জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট জনস্বাস্থ্যঝুঁকি মোকাবিলা, আচরণগত পরিবর্তনমূলক যোগাযোগের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি এবং অসংক্রামক রোগ কমাতে প্রয়োজনীয় সুবিধা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রকল্পটির আওতাভুক্ত এলাকাগুলো হলো ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা উত্তর সিটি করপোরেশন, চট্টগ্রাম সিটি করপোরেশন এবং ঢাকার পার্শ্ববর্তী সাভার ও তারাব পৌরসভা।

প্রকল্পের সার্বিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, নগরের জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকল্পটির নির্ধারিত কার্যক্রম দ্রুত বাস্তবায়নে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।

তিনি নগর এলাকায় মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও টেকসই করার ওপর গুরুত্বারোপ করেন। এ লক্ষ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের জন্য পৃথক দুটি নতুন মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প গ্রহণে বিশ্বব্যাংক প্রতিনিধিদলকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

বৈঠকে মন্ত্রণালয়ের পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক শিবির বিচিত্র বড়ুয়া, স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মো. রবিউল ইসলামসহ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ ও সংশ্লিষ্ট প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিএসবি নিউজ-এর আরও খবর