ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরাইলের সঙ্গে সম্পর্ক নয়, জানাল সৌদি আরব
ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার শর্তে অনড় সৌদি আরব, পারমাণবিক সহযোগিতা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন টানাপোড়েন তৈরি হয়েছে।
ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরাইলের সঙ্গে সম্পর্ক নয়, জানাল সৌদি আরব
সৌদি আরব জানিয়েছে, ১৯৬৭ সালের সীমান্তের ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে না দেশটি।
এর মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদি আরবের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি নিয়ে নতুন আলোচনা সামনে এসেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তিটি ইসরাইলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিকীকরণের সঙ্গে যুক্ত করতে চাইছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম।
প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তিটি পর্যালোচনার জন্য মার্কিন আইনসভায় পাঠানো হয়েছে। তবে সৌদি আরব ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগে যোগ না দিলে চুক্তিটি কার্যকর হবে না—এমন শর্ত ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে।
মার্কিন প্রশাসনের এক কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের অবস্থান পরিবর্তন না হলে পারমাণবিক সহযোগিতা চুক্তির অগ্রগতিও নির্ভর করবে সম্পর্ক স্বাভাবিকীকরণের ওপর।
এর আগে সৌদি ও মার্কিন জ্বালানিমন্ত্রীদের মধ্যে পারমাণবিক সহযোগিতা নিয়ে চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে।
তবে সৌদি আরবের এক কর্মকর্তা ইসরাইলি গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে পারমাণবিক চুক্তির সঙ্গে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টি যুক্ত করার প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন।
তিনি বলেন, ইসরাইলের সঙ্গে সম্পর্কের বিষয়ে সৌদি আরবের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। ১৯৬৭ সালের সীমান্তের ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের প্রশ্নই নেই।
সৌদি কর্মকর্তা আরও বলেন, দেশটির বেসামরিক পারমাণবিক কর্মসূচি যুক্তরাষ্ট্রের সঙ্গে বৃহত্তর কৌশলগত অংশীদারত্বের অংশ। তাই এর সঙ্গে ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের শর্ত যুক্ত করা উচিত নয়।