ব্রুকলিনে ফ্রাইড চিকেনের দোকানে গুলিতে বাংলাদেশি যুবক নিহত, আহত আরও একজন

ব্রুকলিনের ফ্রাইড চিকেন দোকানে বন্দুকধারীর গুলিতে নিহত বাংলাদেশি যুবক রাজু, আহত আরও এক বাংলাদেশি; ঘটনায় তদন্ত শুরু করেছে নিউইয়র্ক পুলিশ।

ব্রুকলিনে ফ্রাইড চিকেনের দোকানে গুলিতে বাংলাদেশি যুবক নিহত, আহত আরও একজন

ব্রুকলিনে ফ্রাইড চিকেনের দোকানে গুলিতে বাংলাদেশি যুবক নিহত, আহত আরও একজন


যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে একটি ফ্রাইড চিকেনের দোকানে বন্দুকধারীর গুলিতে রাজু নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক বাংলাদেশি আহত হয়েছেন বলে সহকর্মী ও পরিচিতজনদের বরাত দিয়ে জানা গেছে।

স্থানীয় সময় শনিবার (২২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে রাউনসভিলের রকঅ্যাওয়ে এভিনিউ ও নিউপোর্ট স্ট্রিটের কাছাকাছি ‘আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিৎজা’ নামের একটি দোকানে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্বজনদের ভাষ্য অনুযায়ী, রাতে এক বন্দুকধারী দোকানে প্রবেশ করে গুলি চালায়। এ সময় সেখানে কর্মরত দুই বাংলাদেশি গুলিবিদ্ধ হন। তাদের একজনের পায়ে গুলি লাগে। অপরজন রাজুর বুকে গুলি লাগে।

গুরুতর আহত অবস্থায় দুজনকে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাজুর মৃত্যু হয়। আহত অপর বাংলাদেশি চিকিৎসা নেওয়ার পর সুস্থ আছেন বলে জানা গেছে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রকঅ্যাওয়ে এভিনিউ ও নিউপোর্ট স্ট্রিটের কাছাকাছি একটি রেস্তোরাঁয় গুলির ঘটনায় দুজন আহত হন। তাদের উদ্ধার করে ব্রুকডেল ইউনিভার্সিটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা রাজুকে মৃত ঘোষণা করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত রাজুর দেশের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের কংশনগর গ্রামে। কয়েক বছর আগে উন্নত ও নিরাপদ জীবনের প্রত্যাশায় তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।

রাজুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজন, সহকর্মী ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। প্রবাসজীবন শুরু করার কয়েক বছরের মধ্যেই এমন মর্মান্তিক ঘটনায় তার স্বজনেরা গভীর শোক প্রকাশ করেছেন।

এদিকে ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলার কারণ উদ্‌ঘাটন এবং জড়িত বন্দুকধারীকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় বাংলাদেশি কমিউনিটির নেতারা।

তবে ঘটনার পূর্ণাঙ্গ কারণ, হামলাকারীর পরিচয় এবং তাকে গ্রেপ্তারের বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক তদন্তের তথ্য প্রকাশের অপেক্ষা রয়েছে।

সিএসবি নিউজ-এর আরও খবর