সংকট যত গভীর, তৃণমূলে আস্থা তত বেশি শেখ হাসিনায়

জুলাই আন্দোলন–পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় আওয়ামী লীগ কঠিন সময় পার করছে। দলীয় কার্যক্রম সীমিত, নেতৃত্ব ছড়িয়ে–ছিটিয়ে পড়লেও তৃণমূল পর্যায়ে আস্থার কেন্দ্রবিন্দুতে এখনও আছেন শেখ হাসিনা।

PostImage

সংকট যত গভীর, তৃণমূলে আস্থা তত বেশি শেখ হাসিনায়


জুলাই আন্দোলন-পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতনের পর দলের সকল শ্রেণির নেতাকর্মীদের একটি বৃহৎ অংশ আত্মগোপনে চলে গেছে। দলের প্রধান শেখ হাসিনা প্রবল চাপের মুখে দেশত্যাগ করে ভারতে রাজনৈতিক আশ্রয়ে আছেন। এরূপ পরিস্থিতিতে দলের ভেতরে ও বাইরে বিভিন্ন রকম শঙ্কা এবং রাজনৈতিক অনাস্থা তৈরি হয়েছে। দলীয়ভাবে কার্যক্রম নিষিদ্ধ হওয়ার কারণে দলের নেতাকর্মীরা সামাজিক, প্রশাসনিক ও রাজনৈতিকভাবে প্রতিনিয়ত হেনস্থার শিকার হচ্ছেন। মামলা, হামলা, ভাঙচুর এবং শীর্ষ পর্যায়ের নেতাদের অনুপস্থিতিতে দল অনেকটাই কোণঠাসা হয়ে আছে। এ দলের বিপুল সমর্থক থাকলেও বিভিন্ন অনিশ্চয়তার কারণে তাদের মধ্যে এক ধরনের অসন্তোষ তৈরি হয়েছে।

এই সকল কিছুর মধ্যে দলীয় প্রধানের বার্তা তাদের মানসিক শেষ আশাটুকু বাঁচিয়ে রেখেছে। আওয়ামী লীগে দীর্ঘ সময়কালে নানা রকম বিতর্ক, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ থাকলেও তাদের সমর্থকরা এখনো দল ও দলীয় প্রধানের ওপর অটল ও আস্থাশীল। দলের তৃণমূল কর্মী থেকে শুরু করে নেতা পর্যায়ের সকলেই শেখ হাসিনার প্রতিই আস্থাশীল। তারা মনে করে একমাত্র শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ফিরে এলে তা অতীতের তুলনায় দ্বিগুণ শক্তিশালী ও সুসংগঠিত হবে।

সরকার পতনের পর দলীয় বিভিন্ন নেতার মধ্যে মতবিরোধ ও অসন্তোষ থাকলেও শেখ হাসিনার বিষয়ে সবাই আস্থাশীল ও অনুগত। সরকার পতনের পর আওয়ামী লীগের সমর্থকরা প্রশাসন থেকে শুরু করে সকল পর্যায়ের তীব্র সমালোচনা করলেও কিছু ভুলত্রুটিকে বাদ দিয়ে শেখ হাসিনাকেই যোগ্য বলে মনে করেন। তার ফলশ্রুতিতে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে কোনো অবস্থাতেই শেখ হাসিনার নেতৃত্ব নিয়ে তারা প্রশ্ন তোলে না।

অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করেন, শেখ হাসিনা ব্যতীত আওয়ামী লীগ দলীয় বিভাজনে খণ্ডবিখণ্ড হয়ে রাজনৈতিকভাবে দুর্বল হয়ে যাবে এবং তারা বিগত সময়ের মতো জনসমর্থনও হারাবে। এমন বাস্তবতায় আওয়ামী লীগ সমর্থকরা শেখ হাসিনার রাজনৈতিক পুনর্বাসন এবং তাঁর নেতৃত্বে সাংগঠনিক যাত্রার যে বার্তা তাদের দলীয় প্রধান দেন, তার ওপরই নির্ভরশীল। হয়তো সকল কিছু মোকাবিলা করে শেখ হাসিনার নেতৃত্বেই তারা আবার রাজনৈতিক যাত্রায় অগ্রগামী হবে।


এস গোস্বামী/ S Goswami

রাজনৈতিক বিশ্লেষক

সিএসবি নিউজ-এর আরও খবর