নিউইয়র্কে নার্সিং শিক্ষক ও তরুণ কৃষকদের শিক্ষাঋণ মওকুফের সুযোগ, আবেদন ১৬ ডিসেম্বর পর্যন্ত
শিক্ষাঋণের বোঝা কমাতে নিউইয়র্কে বিশেষ সুযোগ চালু করেছে অঙ্গরাজ্য সরকার। নার্সিং শিক্ষকরা পেতে পারেন সর্বোচ্চ ৪০ হাজার ডলার এবং তরুণ কৃষকরা সর্বোচ্চ ৫০ হাজার ডলার পর্যন্ত ঋণ মওকুফের সুবিধা। তবে রয়েছে নির্দিষ্ট যোগ্যতার শর্ত। আবেদন করতে হবে ১৬ ডিসেম্বরের মধ্যে।
নিউইয়র্কে নার্সিং শিক্ষক ও তরুণ কৃষকদের জন্য শিক্ষাঋণ মওকুফের দুটি বিশেষ কর্মসূচিতে আবেদন গ্রহণ শুরু হয়েছে। যোগ্য আবেদনকারীরা কয়েক বছরের কিস্তিতে সর্বোচ্চ ৫০ হাজার ডলার পর্যন্ত শিক্ষাঋণ মওকুফের সুবিধা পেতে পারেন। এ কর্মসূচির আওতায় নার্সিং শিক্ষকদের জন্য সর্বোচ্চ ৪০ হাজার ডলার এবং তরুণ কৃষকদের জন্য সর্বোচ্চ ৫০ হাজার ডলার বরাদ্দ রয়েছে। উভয় কর্মসূচিতে আবেদনের শেষ তারিখ ১৬ ডিসেম্বর ২০২৬।
গত ২০ নভেম্বর নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল এ দুটি কর্মসূচিতে আবেদন শুরুর ঘোষণা দেন। নিউইয়র্ক স্টেট হায়ার এডুকেশন সার্ভিসেস করপোরেশন (এইচইএসসি) কর্মসূচি দুটি পরিচালনা করছে। স্বাস্থ্যসেবা ও কৃষি খাতে দক্ষ জনবল ধরে রাখা এবং শিক্ষাঋণের আর্থিক চাপ কমানোই এর মূল উদ্দেশ্য।
নার্সিং শিক্ষক ঋণ মওকুফ কর্মসূচির আওতায় যোগ্য ব্যক্তিরা প্রতিবছর সর্বোচ্চ ৮ হাজার ডলার করে পাঁচ বছরে সর্বোচ্চ ৪০ হাজার ডলার পর্যন্ত সুবিধা পেতে পারেন। এ জন্য আবেদনকারীকে নিউইয়র্ক অঙ্গরাজ্যে নিবন্ধিত নার্স হতে হবে। পাশাপাশি নার্সিং বিষয়ে স্নাতকোত্তর বা উপযুক্ত ডক্টরেট ডিগ্রি, পূর্ববর্তী ক্লিনিক্যাল অভিজ্ঞতা এবং নিউইয়র্কের কোনো নার্সিং শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করার অভিজ্ঞতা থাকতে হবে। বছরে অন্তত ১২ ক্রেডিট ঘণ্টার সমপরিমাণ পাঠদানও করতে হবে। নার্সিং ডিগ্রি অর্জনের সময় নেওয়া যোগ্য শিক্ষাঋণের বকেয়া থাকতে হবে। ফলে হাসপাতালের সাধারণ দায়িত্বে থাকা সব নার্স এ সুবিধার আওতায় পড়বেন না।
অন্যদিকে, তরুণ কৃষকদের জন্য চালু করা কর্মসূচিতে প্রতিবছর সর্বোচ্চ ১০ হাজার ডলার করে পাঁচ বছরে সর্বোচ্চ ৫০ হাজার ডলার পর্যন্ত ঋণ মওকুফের সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে আবেদনকারীকে নিউইয়র্কের অনুমোদিত কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। পাশাপাশি নিউইয়র্কে কৃষিপণ্য উৎপাদনকারী খামার পূর্ণকালীন পরিচালনার প্রথম ১০ বছরের মধ্যে থাকতে হবে এবং অন্তত পাঁচ বছর খামার পরিচালনা অব্যাহত রাখার অঙ্গীকার করতে হবে। সংশ্লিষ্ট স্নাতক ডিগ্রি অর্জনের জন্য নেওয়া যোগ্য শিক্ষাঋণের বকেয়াও থাকতে হবে।
দুটি কর্মসূচির ক্ষেত্রেই আবেদনকারীদের অন্যান্য যোগ্যতার পাশাপাশি নিউইয়র্কে টানা ১২ মাসের বসবাসের শর্ত পূরণ করতে হবে। যুক্তরাষ্ট্রের নাগরিক অথবা যোগ্য অ-নাগরিক হিসেবে নির্ধারিত শর্তও প্রযোজ্য। ঋণ পরিশোধের ক্ষেত্রে খেলাপি থাকা ব্যক্তিরা সাধারণত এ সুবিধা পাওয়ার যোগ্য হবেন না।
গভর্নরের কার্যালয়ের তথ্য অনুযায়ী, কর্মসূচি দুটির জন্য সম্মিলিতভাবে ২১ লাখ ডলার বরাদ্দ রাখা হয়েছে। তবে অর্থের সীমাবদ্ধতার কারণে যোগ্যতা পূরণ করলেই প্রত্যেক আবেদনকারী সুবিধা পাবেন, এমন নিশ্চয়তা নেই।
আগ্রহীদের ১৬ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে নিউইয়র্ক স্টেট হায়ার এডুকেশন সার্ভিসেস করপোরেশনের ওয়েবসাইটে গিয়ে যোগ্যতা যাচাই ও আবেদন সম্পন্ন করতে হবে।
আবেদন ও বিস্তারিত তথ্য:
https://hesc.ny.gov/find-aid-you-need/new-york-state-loan-forgiveness-programs
নার্সিং শিক্ষকদের কর্মসূচি:
https://hesc.ny.gov/find-aid-you-need/new-york-state-loan-forgiveness-programs/nursing-faculty-loan-forgiveness-nflf
তরুণ কৃষকদের কর্মসূচি:
https://hesc.ny.gov/find-aid-you-need/new-york-state-loan-forgiveness-programs/young-farmers-loan-forgiveness-incentive






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।