ইসলাম গ্রহণের পর কিরগিজস্তানের ৮০ জন নতুন মুসলিম পেলেন বিনামূল্যে উমরাহ পালনের বিশেষ সুযোগ।
ইসলাম গ্রহণের পর পবিত্র মক্কা ও মদিনা সফরের সুযোগ পেয়েছেন কিরগিজস্তানের ৮০ জন নতুন মুসলিম। তাদের প্রত্যেককে উমরাহ পালনের জন্য বিনামূল্যে ভ্রমণ প্যাকেজ উপহার দেওয়া হয়েছে।
কিরগিজস্তানের মুসলিমদের ধর্মীয় পরিদপ্তর (এসডিএমকে) এ তথ্য জানিয়েছে। রাজধানী বিশকেকের ইমাম সারাখসি মসজিদে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন মুসলিমদের হাতে উমরাহর প্যাকেজ তুলে দেওয়া হয়।
উমরাহর প্যাকেজ পাওয়া ৮০ জনের মধ্যে ৫৫ জন জাতিগতভাবে রুশ এবং ২৫ জন কোরীয় বংশোদ্ভূত। একটি ভ্রমণ সংস্থা কিরগিজস্তানের মুসলিমদের ধর্মীয় পরিদপ্তরের সঙ্গে যৌথভাবে এ দাতব্য উদ্যোগের আয়োজন করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির উপ-মুফতি রাফাইল তাতিকভ। তিনি উমরাহযাত্রীদের উদ্দেশে বক্তব্য দেন, তাদের জন্য দোয়া করেন এবং নিরাপদ সফর কামনা করেন।
ভ্রমণ সংস্থাটির প্রধান মাদালি ওইতেমিরভ জানান, বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সম্প্রীতি গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
উমরাহ সফরে দলটি সৌদি আরবের পবিত্র মক্কা ও মদিনার বিভিন্ন ধর্মীয় স্থাপনা পরিদর্শন করবে।
ইসলামি বিধান অনুযায়ী, হজের মতো উমরাহ পালনের জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা নেই। ইসলামি বর্ষপঞ্জির যেকোনো সময় মুসলমানরা উমরাহ পালন করতে পারেন।






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।