বিস্ফোরণের পর আইওয়ায় বিষাক্ত ধাতু ছড়িয়েছে কি না, পরীক্ষা করছেন বিজ্ঞানীরা
সেনাবাহিনীর নিয়ন্ত্রিত বিস্ফোরণে ধ্বংস করা হয়েছে বিপজ্জনক বিস্ফোরক। তবে আশপাশের বাড়ি, জমি ও পানিতে সীসা ছড়িয়েছে কি না, তা জানতে পরীক্ষা চালাচ্ছেন বিজ্ঞানীরা।
যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে সেনাবাহিনীর নিয়ন্ত্রিত বিস্ফোরণের পর পরিবেশে বিষাক্ত সীসা ছড়িয়েছে কি না, তা পরীক্ষা করছেন বিজ্ঞানীরা। বিস্ফোরণে বিপজ্জনক রাসায়নিক ধ্বংস করা হলেও এর মধ্যে থাকা সীসা আশপাশের মাটি, পানি ও বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে কি না, তা নিয়ে এখনো উদ্বেগ রয়েছে।
গত ২৫ নভেম্বর আইওয়ার মিডলটাউনে অবস্থিত সেনাবাহিনীর গোলাবারুদ কারখানায় এই বিস্ফোরণ ঘটানো হয়। সেখানে দীর্ঘদিন ধরে ৬৮টি পাত্রে প্রায় পাঁচ টন বিপজ্জনক রাসায়নিক জমা ছিল। রাসায়নিকটির নাম লেড অ্যাজাইড। এটি বিস্ফোরক তৈরিতে ব্যবহার করা হয়। সময়ের সঙ্গে রাসায়নিকটি জমাট বেঁধে ও ভেতরের গঠন বদলে আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল। সেনাবাহিনীর আশঙ্কা ছিল, এটি সরাতে গেলে দুর্ঘটনাবশত বিস্ফোরণ ঘটতে পারে। তাই নিয়ন্ত্রিতভাবে ধ্বংস করার সিদ্ধান্ত নেওয়া হয়।
অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদন অনুযায়ী, দুটি নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে সব রাসায়নিক ধ্বংস করা হয়েছে। বিস্ফোরণের সময় ক্ষতিকর ধুলা যাতে আশপাশে ছড়িয়ে না পড়ে, সে জন্য মাটির বাঁধ, বিশেষ ফোম ও পানি ব্যবহার করা হয়। বিস্ফোরণের পর যুক্তরাষ্ট্রের পরিবেশ সুরক্ষা সংস্থা জানিয়েছে, তাদের বাতাস পরীক্ষার যন্ত্রে আশপাশে সীসার উপস্থিতি ধরা পড়েনি। এরপর স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক কাজে ফেরার অনুমতিও দেওয়া হয়। তবে বাতাসে সীসা না পাওয়া গেলেই যে পরিবেশ পুরোপুরি নিরাপদ, তা এখনই বলা যাচ্ছে না। বিস্ফোরণের সময় তৈরি হওয়া সূক্ষ্ম ধুলা মাটিতে, বাড়ির বাইরের বিভিন্ন জায়গায়, খেলার মাঠে কিংবা পানিতে জমা হতে পারে। এ কারণে সরকারি সংস্থার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের গবেষক ও স্বাধীন বিজ্ঞানীরাও নমুনা সংগ্রহ এবং পরীক্ষা করছেন।
পরিবেশ সুরক্ষা সংস্থা জানিয়েছে, বিস্ফোরণের আগেই তারা বাতাস, মাটি, ধুলা ও পানি থেকে মোট ১ হাজার ২১৬টি নমুনা সংগ্রহ করেছে। এর মধ্যে পানির ২১০টি, মাটির ৬৫০টি, ধুলার ২৯৭টি এবং বাতাসের ৫৯টি নমুনা রয়েছে। বিস্ফোরণের পরও পরীক্ষা চালানো হচ্ছে। কোনো এলাকায় সীসা পাওয়া গেলে সেখানে পরিষ্কার করার প্রয়োজন আছে কি না, সেটিও দেখা হবে। আইওয়া বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞানী ডেভিড সিওয়ার্টনি এবং অন্য গবেষকেরাও এই ঘটনার প্রভাব বুঝতে নমুনা পরীক্ষার উদ্যোগ নিয়েছেন। তাঁদের লক্ষ্য হলো বিস্ফোরণের আগে ও পরে পরিবেশে সীসার পরিমাণের কোনো পরিবর্তন হয়েছে কি না, তা জানা। নেব্রাস্কা বিশ্ববিদ্যালয়ের গবেষকেরাও স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে মাটির নমুনা সংগ্রহের উদ্যোগে যুক্ত হয়েছেন।
সীসা মানুষের শরীরের জন্য ক্ষতিকর। বিশেষ করে ছোট শিশু ও গর্ভবতী নারীদের জন্য এর ঝুঁকি বেশি। সীসাযুক্ত ধুলা শ্বাসের সঙ্গে শরীরে ঢুকতে পারে। আবার ধুলা হাত, খেলনা, খাবার বা ঘরের বিভিন্ন জিনিসে জমে থাকলে সেখান থেকেও শরীরে প্রবেশ করতে পারে। শিশুদের মস্তিষ্কের বিকাশ ও শেখার ক্ষমতার ওপর এর ক্ষতিকর প্রভাব পড়তে পারে।
এ কারণে স্থানীয় বাসিন্দাদের বিস্ফোরণের পরও সতর্ক থাকতে বলা হয়েছে। শিশুদের খেলার সরঞ্জাম, জানালার কিনারা ও বাইরের যেসব জায়গায় তারা হাত দেয়, সেগুলো ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করার পরামর্শ দেওয়া হয়েছে। শুকনো ঝাড়ু দিয়ে ধুলা পরিষ্কার না করতেও বলা হয়েছে, কারণ এতে ধুলা আবার বাতাসে ছড়িয়ে পড়তে পারে। এদিকে আশপাশের খামার, বাড়ি ও পানির উৎস নিয়েও পরীক্ষা চালানোর পরিকল্পনা রয়েছে। কারণ সীসাযুক্ত ধুলা জমিতে পড়লে ফসল, পশুখাদ্য ও পশুর পানির ওপর প্রভাব পড়তে পারে। নদী ও পানির সরবরাহ ব্যবস্থার সংশ্লিষ্ট কর্তৃপক্ষও পানির মান পর্যবেক্ষণ করবে।
গবেষকদের মতে, প্রাথমিকভাবে বাতাসে সীসা না পাওয়া আশাব্যঞ্জক। তবে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পরীক্ষাগারে নমুনা বিশ্লেষণ করতে হবে। এই ফল পেতে কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। কোন এলাকায় কতটা প্রভাব পড়েছে, তা জানার পর বাসিন্দাদের জন্য নতুন স্বাস্থ্য পরামর্শও দেওয়া হতে পারে। অর্থাৎ, সেনাবাহিনীর বিস্ফোরক ধ্বংসের কাজ শেষ হলেও পরিবেশের ওপর এর প্রভাব পুরোপুরি বোঝা যায়নি। এখন বিজ্ঞানীদের পরীক্ষার ফলই বলে দেবে, আশপাশের মানুষ, বাড়িঘর ও কৃষিজমি সীসা দূষণের ঝুঁকিতে পড়েছে কি না।






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।