আদালতে হাজির হতে গিয়ে অভিবাসীরা আটক, আইসের বিরুদ্ধে মামলা
আদালতের শুনানিতে গেলেও মিলছে না নিরাপত্তা! বিচারকের অনুমতি ছাড়া অভিবাসীদের আটক করার অভিযোগ উঠেছে আইসের বিরুদ্ধে। নতুন আইন অমান্যের অভিযোগে এবার সংস্থাটির বিরুদ্ধে মামলা করেছে ম্যাসাচুসেটস।
আদালতে হাজির হতে যাওয়া অভিবাসীদের আটক করার অভিযোগে মার্কিন অভিবাসন সংস্থা আইসের বিরুদ্ধে মামলা করেছে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্য। নতুন আইন কার্যকর হওয়ার পরও আদালত চত্বরে বিচারকের অনুমতি ছাড়া অভিবাসীদের আটক করা হচ্ছে বলে অভিযোগ করেছে অঙ্গরাজ্যটির অ্যাটর্নি জেনারেলের কার্যালয়। এ ধরনের অভিযান বন্ধ করতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আদালতের হস্তক্ষেপ চেয়েছে তারা।
২৩ নভেম্বর ম্যাসাচুসেটসের অ্যাটর্নি জেনারেল আন্দ্রেয়া ক্যাম্পবেল কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এই মামলা করেন। তাঁর অভিযোগ, আইসের কর্মকর্তারা অঙ্গরাজ্যের নতুন আইন অমান্য করে আদালত চত্বরে অভিবাসীদের আটক করছেন। এতে আদালতের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে এবং অভিবাসীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। ম্যাসাচুসেটসে এ বছরের শুরুতে পাস হওয়া ‘প্রোটেক্ট অ্যাক্ট’-এর একটি অংশ গত ৩ নভেম্বর থেকে কার্যকর হয়েছে। এই আইনে আদালত চত্বরে বিচারকের দেওয়া গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া শুধু অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে কাউকে আটক করার ওপর নিষেধাজ্ঞা রয়েছে।
কিন্তু অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের তথ্য অনুযায়ী, নতুন আইন কার্যকর হওয়ার পরও আইস অন্তত ৩৮ জনকে আদালত চত্বরে আটক করেছে। ২০২৬ সালের প্রথম ১০ মাসে অঙ্গরাজ্যের আদালতগুলো থেকে ৫০০ জনের বেশি মানুষকে আটক করা হয়েছে। আর ২০২৫ সালে এই সংখ্যা ছিল ৬০০ জনের বেশি। মামলায় বলা হয়েছে, আদালতে হাজির হওয়ার জন্য যাঁদের ডাকা হয়, তাঁদের অবস্থান জানতে আদালতের সময়সূচি ব্যবহার করছে আইস। এমনকি আদালতের নিরাপত্তাকর্মীদের করা তল্লাশির সুযোগও কাজে লাগাচ্ছে সংস্থাটির কর্মকর্তারা।
অ্যাটর্নি জেনারেল ক্যাম্পবেলের অভিযোগ, এসব আটকের কারণে অনেক মানুষ আদালতে যেতে ভয় পাচ্ছেন। কেউ কেউ নির্যাতনের শিকার হয়েও অভিযোগ জানাতে বা আদালতে সাক্ষ্য দিতে সাহস পাচ্ছেন না। এতে অপরাধের শিকার ব্যক্তিরা বিচার পাওয়ার সুযোগ হারাতে পারেন এবং চলমান মামলাও বাধাগ্রস্ত হতে পারে।মামলায় এমন একটি ঘটনার কথাও তুলে ধরা হয়েছে, যেখানে একজন নারী আইসের হাতে আটক হওয়ার ভয়ে ধর্ষণের অভিযোগ জানাতে চাননি। এ ছাড়া ৩ নভেম্বর মেডফোর্ডের একটি আদালতে ফৌজদারি মামলার শুনানিতে হাজির হওয়ার কথা ছিল এমন একজন আসামিকে আইস আটক করে। ফলে তিনি আদালতে উপস্থিত হতে পারেননি।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ বলেছে, বিপজ্জনক অপরাধীদের আটক করে সরিয়ে নেওয়ার কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে ম্যাসাচুসেটসের নতুন আইনে আদালত চত্বরে এ ধরনের আটকের ক্ষেত্রে বিচারকের অনুমতির প্রয়োজনীয়তা নিয়ে অঙ্গরাজ্য ও কেন্দ্রীয় সরকারের মধ্যে বিরোধ তৈরি হয়েছে। ম্যাসাচুসেটসের অ্যাটর্নি জেনারেল এখন আদালতের কাছে আইসের এই আটক অভিযান বন্ধ করার নির্দেশ চেয়েছেন। তবে মামলার বিষয়ে আদালত এখনো চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি। এই মামলা যুক্তরাষ্ট্রে অভিবাসন অভিযান এবং আদালতে অভিবাসীদের নিরাপত্তা নিয়ে নতুন বিতর্ক তৈরি করেছে।






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।