রিপাবলিকানদের প্রতি ট্রাম্পের হুঁশিয়ারি: হার মানেই ডেমোক্র্যাটদের আঘাত
২০২৬ সালের মার্কিন মধ্যবর্তী নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। রিপাবলিকানরা জয়ী হতে ব্যর্থ হলে ডেমোক্র্যাটরা তাকে অভিশংসনের পথে যেতে পারে—এমন আশঙ্কার কথা প্রকাশ্যে জানালেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রিপাবলিকানদের প্রতি ট্রাম্পের হুঁশিয়ারি: হার মানেই ডেমোক্র্যাটদের আঘাত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ২০২৬ সালের মধ্যবর্তী (মিডটার্ম) নির্বাচনে রিপাবলিকানরা জয়ী হতে না পারলে তিনি ডেমোক্র্যাটদের দ্বারা অভিশংসনের মুখে পড়তে পারেন।
মঙ্গলবার ওয়াশিংটনে হাউস রিপাবলিকান আইনপ্রণেতাদের এক রিট্রিটে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, “তোমাদের মধ্যবর্তী নির্বাচনে জিততেই হবে। কারণ আমরা যদি মিডটার্মে না জিতি, তাহলে তারা (ডেমোক্র্যাটরা) আমাকে অভিশংসনের জন্য যেকোনো অজুহাত খুঁজে বের করবে। আমি অভিশংসিত হবো।”
ট্রাম্পের এই মন্তব্যকে অনেকেই আসন্ন নির্বাচনী লড়াইয়ের আগে রিপাবলিকান নেতাকর্মীদের জন্য এক ধরনের সতর্কবার্তা হিসেবে দেখছেন। তার বক্তব্যে স্পষ্টভাবে উঠে এসেছে, কংগ্রেসের নিয়ন্ত্রণ হারালে ডেমোক্র্যাটরা তার বিরুদ্ধে রাজনৈতিক ও সাংবিধানিক পদক্ষেপ নিতে পারে—এমন আশঙ্কা তিনি করছেন।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসে ট্রাম্প ইতোমধ্যেই দুইবার অভিশংসনের মুখে পড়েছেন। যদিও প্রতিবারই সিনেটে দোষী সাব্যস্ত হননি, তবে কংগ্রেসে ক্ষমতার ভারসাম্য বদলালে ভবিষ্যতে নতুন করে অভিশংসন প্রক্রিয়া শুরু হতে পারে—এ সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
রিপাবলিকানদের ওই বৈঠকে ট্রাম্প আরও ইঙ্গিত দেন যে, ২০২৬ সালের নির্বাচন শুধু কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠতা রক্ষার লড়াই নয়, বরং তার রাজনৈতিক ভবিষ্যৎ ও প্রশাসনের স্থিতিশীলতার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এদিকে ডেমোক্র্যাটদের পক্ষ থেকে এখনো ট্রাম্পের এই বক্তব্যের আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, এই মন্তব্য যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে।