সরদাহ পুলিশ একাডেমি থেকে ছয়জন প্রশিক্ষণার্থী এএসপি অপসারণ

বাংলাদেশ পুলিশ একাডেমিতে চলমান মৌলিক প্রশিক্ষণের মাঝেই ছয়জন শিক্ষানবিশ এএসপির চাকরি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার, যা প্রশাসনিক অঙ্গনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

PostImage

সরদাহ পুলিশ একাডেমি থেকে ছয়জন প্রশিক্ষণার্থী এএসপি অপসারণ


আশিকুর রহমান, ঢাকা : সরকার রাজশাহীর সরদাহে অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে মৌলিক প্রশিক্ষণরত ছয়জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার (এএসপি) কে চাকরি থেকে অপসারণ করেছে। রোববার এ সিদ্ধান্ত নেওয়া হয়। অপসারিত কর্মকর্তারা ৪১তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পুলিশ ক্যাডারের সদস্য ছিলেন।

রাষ্ট্রপতির পক্ষে উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১-এর ৬(২)(ক) ধারায় ওই ছয় প্রশিক্ষণার্থী কর্মকর্তাকে সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

চাকরি থেকে অপসারিত কর্মকর্তারা হলেন—

মো. দেলোয়ার হোসেন (BP-9024900081),

মাহমুদুল হক (BP-9524900083),

মো. ইসহাক হোসেন (BP-9624900085),

মো. মাসিউর রহমান (BP-9524900106),

মুহাম্মদ রাকিব আনোয়ার (BP-9224900108) এবং

সায়েদ করিম মুগ্ধ (BP-9724900118)।

বাংলাদেশ পুলিশ একাডেমি সূত্রে জানা গেছে, বর্তমানে ৪১তম বিসিএস (পুলিশ) ব্যাচের মোট ১০২ জন কর্মকর্তা রাজশাহীর চারঘাট উপজেলার সরদাহ পুলিশ একাডেমিতে এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করছেন। আগামী মাসে এই প্রশিক্ষণ কর্মসূচি শেষ হওয়ার কথা থাকলেও, তার আগেই ওই ছয় কর্মকর্তাকে অপসারণ করা হয়।

এ বিষয়ে যোগাযোগ করা হলে বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ অতিরিক্ত আইজিপি মো. তৌফিক মাহবুব চৌধুরী জানান, কোনো প্রশিক্ষণার্থী এএসপিকে অপসারণের বিষয়ে একাডেমিকে আগামভাবে জানানো হয়নি।

তিনি আরও বলেন, বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক সম্পন্ন হয়েছে এবং অপসারণের পেছনে কী অভিযোগ বা কারণ ছিল সে সম্পর্কে একাডেমির কাছে কোনো তথ্য নেই।

সিএসবি নিউজ-এর আরও খবর