শিশুকে গুলি করেও জেলে যেতে হলো না ১৯ বছরের তরুণের, আদালতের রায়ে অসন্তুষ্ট হোয়াইট হাউস!
ওয়াশিংটনে ২০টির বেশি গুলি ছুড়ে বাস্কেটবল খেলতে থাকা এক শিশুকে আহত করার ঘটনায় অভিযুক্ত ১৯ বছর বয়সী তরুণকে কারাগারে পাঠালেন না আদালত। দুই বছরের সাজা স্থগিত করে দেওয়া হয়েছে ১৮ মাসের প্রবেশন। এ সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছে হোয়াইট হাউস।
বাস্কেটবল খেলতে থাকা এক শিশুকে গুলি করে আহত করার ঘটনায় অভিযুক্ত ১৯ বছর বয়সী তরুণকে কারাগারে না পাঠিয়ে প্রবেশনে রাখার সিদ্ধান্ত দিয়েছেন ওয়াশিংটন ডিসির একটি আদালত। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে হোয়াইট হাউস। অন্যদিকে, দেশটির সরকারি কৌঁসুলি জিনিন পিরো তরুণ অপরাধীদের সাজা দেওয়ার প্রচলিত আইন পরিবর্তনের দাবি তুলেছেন।
ডেরিয়াস ড্রু নামের ওই তরুণকে গত ১৩ নভেম্বর আদালত দুই বছরের কারাদণ্ড দেন। তবে বিচারক জেনিফার ডি টোরো সেই সাজা কার্যকর না করে ১৮ মাসের জন্য আদালতের তত্ত্বাবধানে থাকার নির্দেশ দেন। ফলে কারাগারে না গিয়ে প্রবেশনে মুক্তি পান তিনি। সরকারের পক্ষ থেকে তাঁর জন্য পাঁচ বছরের কারাদণ্ড চাওয়া হয়েছিল।
মামলার সরকারি নথি অনুযায়ী, ঘটনাটি ঘটে ২০২৬ সালের ১১ মে। ওয়াশিংটনের উত্তর-পশ্চিম এলাকার টেইলর স্ট্রিটের একটি গলিতে সাইকেলে করে আসেন ড্রু। সেখানে একটি গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়েন তিনি। এরপর অল্প সময়ের ব্যবধানে নবম স্ট্রিটের একটি বাড়ির দিকে আবারও গুলি চালান। এ সময় কাছের একটি বিনোদনকেন্দ্রে বাস্কেটবল খেলছিল এক শিশু। গুলি এসে তার পায়ে লাগে।
সরকারি কৌঁসুলিদের দাবি, দুটি আলাদা জায়গা থেকে তিনি মোট ২০টির বেশি গুলি ছুড়েছিলেন। গুলিতে আহত শিশুটিকে চিকিৎসা নিতে হয়। ঘটনার পর তদন্তকারীরা ড্রুর বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্র, গুলি এবং সন্দেহভাজন মাদকদ্রব্য উদ্ধার করেন। এ ঘটনায় ২২ মে ড্রুকে গ্রেপ্তার করা হয়। পরে ১০ আগস্ট তিনি গুরুতর হামলা এবং বৈধ অনুমতি ছাড়া পিস্তল বহনের অভিযোগ স্বীকার করেন। সাজা ঘোষণার আগ পর্যন্ত তিনি প্রায় ছয় মাস আটক ছিলেন।
তবে আদালতের এই সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানিয়েছে সরকারি কৌঁসুলিরা। তাঁদের মতে, জনবসতিপূর্ণ এলাকায় এতগুলো গুলি ছোড়ার ঘটনা অত্যন্ত বিপজ্জনক। এ কারণে তাঁরা পাঁচ বছরের কারাদণ্ড চেয়েছিলেন। কিন্তু বিচারক তরুণদের পুনর্বাসনের সুযোগ দেওয়ার আইনে তাঁকে প্রবেশনে মুক্তি দেন। বিষয়টি নিয়ে হোয়াইট হাউসের মুখপাত্র লরেন বিস তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। ফক্স নিউজকে তিনি বলেন, এ ধরনের বিপজ্জনক অপরাধের পরও অভিযুক্তের কারাগারে না যাওয়া ওয়াশিংটনের অপরাধবিষয়ক নীতির গুরুতর দুর্বলতা তুলে ধরে।
অন্যদিকে, ওয়াশিংটনের সরকারি কৌঁসুলি জিনিন পিরো তরুণ অপরাধীদের সাজা দেওয়ার ক্ষেত্রে ব্যবহৃত যুব পুনর্বাসন আইন পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা বলেছেন।এই আইনে ২৫ বছরের কম বয়সে অপরাধ করা নির্দিষ্ট ব্যক্তিদের ক্ষেত্রে প্রচলিত সাজা কমানোর সুযোগ রয়েছে। কিছু ক্ষেত্রে সাজা শেষে তাঁদের অপরাধের রেকর্ড মুছে ফেলার ব্যবস্থাও রয়েছে। তবে সব ধরনের অপরাধের ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য নয়।
পিরোর মতে, অপরাধীর বয়স কম হলেই গুরুতর সহিংস অপরাধের ক্ষেত্রে খুব কম শাস্তি পাওয়া উচিত নয়। অপরাধের গুরুত্ব বিবেচনা করে আইনে পরিবর্তন আনা প্রয়োজন। এই ঘটনা নিয়ে ওয়াশিংটনে অপরাধীদের পুনর্বাসনের সুযোগ এবং জননিরাপত্তার মধ্যে ভারসাম্য রাখা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। একদিকে তরুণদের সংশোধনের সুযোগ দেওয়ার কথা বলা হচ্ছে, অন্যদিকে গুরুতর অপরাধে কঠোর শাস্তির দাবি উঠছে।






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।