২০২৭ সালে কর্মীদের স্বাস্থ্যবিমার খরচ ১১ শতাংশ পর্যন্ত বাড়তে পারে
নতুন বছরে যুক্তরাষ্ট্রে চাকরিদাতার দেওয়া স্বাস্থ্যবিমার খরচ বাড়তে পারে। খরচ কমানোর ব্যবস্থা না নিলে ব্যয় ১১ শতাংশ পর্যন্ত বাড়ার আশঙ্কা রয়েছে। এতে কর্মীদেরও বেশি অর্থ দিতে হতে পারে।
নতুন বছরে যুক্তরাষ্ট্রে চাকরিদাতার দেওয়া স্বাস্থ্যবিমার খরচ উল্লেখযোগ্য হারে বাড়তে পারে। ২০২৭ সালে কর্মীদের স্বাস্থ্যবিমার পেছনে প্রতিষ্ঠানগুলোর মোট ব্যয় গড়ে ৮ দশমিক ২ শতাংশ বাড়ার পূর্বাভাস দিয়েছে স্বাস্থ্যসেবা পরামর্শক প্রতিষ্ঠান মার্শ। তবে খরচ কমানোর কোনো ব্যবস্থা না নিলে এই ব্যয় ১১ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। এতে চাকরিদাতা প্রতিষ্ঠানের পাশাপাশি কর্মীদেরও বাড়তি অর্থ দিতে হতে পারে।
মার্শের ২০২৬ সালের জাতীয় জরিপে যুক্তরাষ্ট্রের ১ হাজার ৮০০টির বেশি প্রতিষ্ঠানের তথ্য বিশ্লেষণ করে এই পূর্বাভাস দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ২০২৭ সালে স্বাস্থ্যবিমার ব্যয় বৃদ্ধির হার ২০০৩ সালের পর সর্বোচ্চ হতে পারে। টানা পঞ্চম বছরের মতো স্বাস্থ্যবিমার খরচ বাড়ার আশঙ্কাও রয়েছে।
স্বাস্থ্যবিমার খরচ বলতে শুধু কর্মীদের মাসিক কিস্তি বোঝায় না। এর মধ্যে চাকরিদাতা প্রতিষ্ঠানের দেওয়া অর্থ এবং কর্মীদের নিজেদের দেওয়া অর্থ—দুটিই অন্তর্ভুক্ত। ফলে বিমার মোট ব্যয় বাড়লে তার প্রভাব কর্মীদের বেতন থেকে কাটা অর্থ এবং চিকিৎসার সময় নিজের পকেট থেকে দেওয়া টাকার ওপরও পড়তে পারে।
মার্শের জরিপে বলা হয়েছে, খরচ নিয়ন্ত্রণে রাখতে অনেক প্রতিষ্ঠান নতুন পরিকল্পনা নিচ্ছে। এর মধ্যে রয়েছে চিকিৎসার আগে নির্দিষ্ট পরিমাণ অর্থ কর্মীদের নিজের পকেট থেকে দেওয়ার নিয়ম বাড়ানো। এ ছাড়া চিকিৎসার বিভিন্ন সেবায় কর্মীদের নিজস্ব খরচের অংশ বাড়ানো এবং বিমার সুবিধায় পরিবর্তন আনার পরিকল্পনাও রয়েছে।
জরিপ অনুযায়ী, প্রায় ৫৯ শতাংশ প্রতিষ্ঠান ২০২৭ সালে স্বাস্থ্যবিমার খরচ কমাতে বিভিন্ন পরিবর্তন আনার কথা ভাবছে। এসব পরিবর্তনের কারণে মাসিক বিমার কিস্তি কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও চিকিৎসা নেওয়ার সময় কর্মীদের বেশি অর্থ দিতে হতে পারে যুক্তরাষ্ট্রে সাধারণত চাকরিদাতারা কর্মীদের স্বাস্থ্যবিমার মোট খরচের প্রায় ৮০ শতাংশ বহন করেন। বাকি অংশ কর্মীদের দিতে হয়। তবে প্রতিষ্ঠানভেদে এই হিসাব আলাদা হতে পারে। স্বাস্থ্যবিমার মোট ব্যয় বাড়লে প্রতিষ্ঠানগুলো কর্মীদের কাছ থেকে বেশি অর্থ নেওয়ার সিদ্ধান্তও নিতে পারে।
স্বাস্থ্যবিমার খরচ বাড়ার পেছনে কয়েকটি কারণ রয়েছে। এর মধ্যে রয়েছে গুরুতর রোগের চিকিৎসায় ব্যয় বৃদ্ধি, নতুন ওষুধের উচ্চ মূল্য এবং স্বাস্থ্যসেবার সামগ্রিক খরচ বেড়ে যাওয়া। বিশেষ করে ক্যানসার ও বিরল রোগের নতুন চিকিৎসায় অনেক বেশি অর্থ ব্যয় হচ্ছে। পাশাপাশি ওজন কমানোর জন্য ব্যবহৃত নতুন ধরনের ওষুধের চাহিদা বাড়ায় স্বাস্থ্যবিমার ব্যয়ও বাড়ছে। মার্শের স্বাস্থ্য ও বিমা বিভাগের গবেষণা অনুযায়ী, প্রতিষ্ঠানগুলো ক্রমবর্ধমান চিকিৎসা ব্যয় সামাল দিতে নানা উপায় খুঁজছে। তবে চিকিৎসার খরচ যেভাবে বাড়ছে, তাতে কর্মীদের ওপরও এর প্রভাব পড়তে পারে।
যুক্তরাষ্ট্রে চাকরির মাধ্যমে স্বাস্থ্যবিমা পাওয়া বিপুলসংখ্যক মানুষের জন্য বিষয়টি গুরুত্বপূর্ণ। বিশেষ করে যাঁরা পরিবারের সদস্যদের স্বাস্থ্যবিমার আওতায় রেখেছেন, তাঁদের মাসিক খরচ এবং চিকিৎসার সময় অতিরিক্ত অর্থ দেওয়ার প্রস্তুতি রাখতে হতে পারে। নতুন বছরের স্বাস্থ্যবিমা নির্বাচন বা নবায়নের আগে কর্মীদের নিজেদের পরিকল্পনার শর্ত ভালোভাবে দেখা উচিত। মাসিক কিস্তি কত, চিকিৎসার সময় নিজের পকেট থেকে কত দিতে হবে এবং কোন কোন হাসপাতাল ও চিকিৎসক বিমার আওতায় থাকবেন—এসব বিষয় যাচাই করা প্রয়োজন।
২০২৭ সালে স্বাস্থ্যবিমার খরচ ঠিক কতটা বাড়বে, তা প্রতিষ্ঠানগুলোর চূড়ান্ত সিদ্ধান্ত ও বিমার পরিকল্পনার ওপর নির্ভর করবে। তবে বর্তমান পূর্বাভাস বলছে, নতুন বছরে স্বাস্থ্যবিমার বাড়তি ব্যয় যুক্তরাষ্ট্রের কর্মী ও চাকরিদাতা উভয়ের জন্যই বড় আর্থিক চাপ তৈরি করতে পারে।






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।