বাংলাদেশের অস্তিত্বের ওপর আঘাত: ওসমান হাদির ওপর হামলা নিয়ে প্রধান উপদেষ্টার ক্ষোভ
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলাকে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা ও রাষ্ট্রীয় স্থিতিশীলতার ওপর “সরাসরি আঘাত” হিসেবে বর্ণনা করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। শুক্রবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে তিনি বলেন, এই হামলা নির্বাচনী প্রক্রিয়া বানচালের একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র, যা যেকোনো মূল্যেই প্রতিহত করা হবে।
বাংলাদেশের অস্তিত্বের ওপর আঘাত: ওসমান হাদির ওপর হামলা নিয়ে প্রধান উপদেষ্টার ক্ষোভ
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলাকে “বাংলাদেশের অস্তিত্বের ওপর আঘাত” বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। শুক্রবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে তিনি এই মন্তব্য করেন।
গণতন্ত্রের ওপর ‘সুপরিকল্পিত আঘাত’
বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদকালে এমন হামলা দেশের গণতান্ত্রিক অভিযাত্রাকে বিপথে নেয়ার সুস্পষ্ট ষড়যন্ত্রের নির্দেশক।
তিনি বলেন,
“এই হামলা গণতন্ত্রের ওপর সুপরিকল্পিত আঘাত। পরাজিত শক্তি দেশের অস্তিত্বকে চ্যালেঞ্জ করার দুঃসাহস দেখিয়েছে।”
তিনি দৃঢ় অবস্থান জানিয়ে বলেন,
“যেকোনো মূল্যে এই ধরনের হামলার চেষ্টা ব্যর্থ করা হবে। বাংলাদেশের ওপর অপশক্তির আঘাত কোনোভাবেই বরদাস্ত করা হবে না।”
নির্বাচন ও গণভোটকে বানচালের অপচেষ্টা
প্রধান উপদেষ্টা জানান, হামলার নেপথ্যে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে বানচাল করার গভীর ষড়যন্ত্র কাজ করছে।
তিনি বলেন,“আঘাত যাই আসুক, কোন শক্তিই আগামী নির্বাচন ঠেকাতে পারবে না। আমরা জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করবো।”
হাদির অবস্থা সংকটাপন্ন:
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোঃ সায়েদুর রহমান জানান, গুরুতর আহত ওসমান হাদিকে তার পরিবারের অনুরোধে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। কর্তৃপক্ষ তার চিকিৎসা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
প্রধান উপদেষ্টা দায়িত্বশীল সংস্থাগুলোকে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়ে বলেন,
“হাদির ওপর হামলার পরিকল্পনাকারী ও হামলাকারীদের যেভাবেই হোক শীঘ্রই গ্রেফতার করতে হবে।”
তিনি দেশবাসীকে ওসমান হাদির দ্রুত আরোগ্য কামনায় দোয়া করারও আহ্বান জানান।
তদন্তে গতি, সীমান্তে সতর্কতা জোরদার
পুলিশ বৈঠকে জানায়, হামলার স্থান থেকে সিসিটিভি ফুটেজ ও অন্যান্য গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে। একই সঙ্গে সম্ভাব্য সব স্থানে অভিযান জোরদার করা হবে।
প্রধান উপদেষ্টা সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা আরোপের নির্দেশ দেন—
“হামলাকারীরা যেন কোনভাবেই দেশ ছাড়তে না পারে তা নিশ্চিত করতে হবে।”
জুলাই অভ্যুত্থানের প্রভাব বিবেচনায় নিরাপত্তা বৃদ্ধি
তিনি বলেন, জুলাইয়ের অস্থিরতায় সক্রিয়ভাবে যুক্ত ব্যক্তিরা সম্ভাব্য লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারেন। তাই তাদের নিরাপত্তাকেও অগ্রাধিকার দিতে হবে।
বিশেষ হটলাইন চালু হচ্ছে:
নির্বাচনকালীন সময়ে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং দ্রুত প্রতিক্রিয়া নিশ্চিত করতে খুব শিগগিরই একটি বিশেষ হটলাইন চালুর সিদ্ধান্ত হয়।
রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকের ঘোষণা
প্রধান উপদেষ্টা জানান, উদ্ভূত পরিস্থিতি নিয়ে তিনি দেশের প্রধান রাজনৈতিক নেতাদের সঙ্গে অতি শিগগিরই আলোচনা করবেন, যাতে নির্বাচনকে ঘিরে কোনো অস্থিতিশীলতা সৃষ্টি না হয়।