দিল্লি থেকে খালেদা জিয়ার অসুস্থতায় উদ্বেগ প্রকাশ শেখ হাসিনার
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যুগল আধিপত্য—আজ এক জন হাসপাতালের বিছানায়, অন্যজন নির্বাসনে। তারপরও শুভকামনা বিনিময়।
দিল্লি থেকে খালেদা জিয়ার অসুস্থতায় উদ্বেগ প্রকাশ শেখ হাসিনার
ভারতের সংবাদমাধ্যম আইএএনএস জানিয়েছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বর্তমানে দিল্লিতে নির্বাসিত অবস্থান থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবনতিশীল শারীরিক অবস্থায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বার্তা সংস্থাটির সঙ্গে ইমেইল সাক্ষাৎকারে তিনি খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেছেন।
খালেদা জিয়ার সংকটাপন্ন শারীরিক অবস্থার বিষয়ে প্রশ্ন করা হলে শেখ হাসিনা বলেন,
“বেগম খালেদা জিয়া অসুস্থ হয়েছেন শুনে আমি অত্যন্ত উদ্বিগ্ন। আমি প্রার্থনা করি তিনি সুস্থ হয়ে উঠতে পারেন।”
৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনি সমস্যাসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। বর্তমানে তিনি সিসিইউতে চিকিৎসাধীন, এবং চিকিৎসকরা তার অবস্থা “সংকটজনক” বলে জানিয়েছেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার পরিকল্পনা থাকলেও তার শারীরিক পরিস্থিতি, ভ্রমণের সক্ষমতা এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের ওপর এখন সবকিছু নির্ভর করছে।
অন্যদিকে, বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতায় টানা ১৫ বছরের শাসন শেষে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা ভারতে নির্বাসনে যান। পরবর্তীতে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেয় এবং প্লট দুর্নীতি সংক্রান্ত আরও দুই মামলায় তিনি দণ্ডিত হন।
খালেদা জিয়ার ক্ষেত্রে, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৮ সালে দুর্নীতি মামলায় তাকে কারাদণ্ড দেওয়া হয়। দুই বছর পর কোভিড মহামারির সময় শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হলেও বিদেশে চিকিৎসার অনুমতি তখন দেওয়া হয়নি। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে পরবর্তীতে তিনি সম্পূর্ণ মুক্তি পান এবং দুর্নীতি মামলাগুলো থেকেও খালাস পান।
দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল টিম খালেদা জিয়ার চিকিৎসা পরিচালনা করছে। তবে নতুন করে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত স্থগিত রয়েছে।