যুক্তরাষ্ট্রে ১ লাখ ২০ হাজারের বেশি এআই ক্যামেরা, নজরদারি নিয়ে তীব্র বিতর্ক
যুক্তরাষ্ট্রে এক লাখ বিশ হাজারের বেশি এআই ক্যামেরায় গাড়ির নম্বরপ্লেট নজরদারি করা হচ্ছে। প্রযুক্তির ব্যবহার ও ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে দেশজুড়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
যুক্তরাষ্ট্রে ১ লাখ ২০ হাজারের বেশি এআই ক্যামেরা, নজরদারি নিয়ে তীব্র বিতর্ক
যুক্তরাষ্ট্রজুড়ে গাড়ির নম্বরপ্লেট শনাক্তকারী কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ক্যামেরার ব্যবহার নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। দেশটিতে এমন ১ লাখ ২০ হাজারের বেশি ক্যামেরা ব্যবহৃত হচ্ছে বলে দ্য ওয়াশিংটন পোস্ট জানিয়েছে।
এসব ক্যামেরা রাস্তায় চলাচলকারী গাড়ির নম্বরপ্লেট শনাক্ত করে সেই তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণ করতে পারে। আইনশৃঙ্খলা বাহিনী অপরাধ তদন্তে প্রযুক্তিটিকে কার্যকর হিসেবে দেখলেও এর মাধ্যমে ব্যক্তিগত গোপনীয়তা ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা নিয়ে উদ্বেগ বাড়ছে।
অন্তত ৫০ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের বিরুদ্ধে এসব ক্যামেরার সংগৃহীত তথ্য অননুমোদিতভাবে ব্যবহারের অভিযোগ উঠেছে। কিছু ঘটনায় ব্যক্তিগতভাবে কাউকে অনুসরণ বা নজরদারি করার অভিযোগও সামনে এসেছে।
এই পরিস্থিতিতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নম্বরপ্লেট শনাক্তকারী ক্যামেরার ব্যবহার নিয়ন্ত্রণে নতুন আইন আনার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত আইনে কেন্দ্রীয় সরকারের এসব ক্যামেরা ব্যবহার এবং এ ধরনের তথ্য পাওয়ার সুযোগ সীমিত করার কথা বলা হয়েছে। এ নিয়ে যুক্তরাষ্ট্রে প্রযুক্তির ব্যবহার, অপরাধ দমন এবং ব্যক্তিগত গোপনীয়তা—এই তিনটি বিষয়ই নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।