ক্যালিফোর্নিয়ায় তেলে মাখা ৬৫ পাখি উদ্ধার, সন্দেহ ৭৩ বছর আগে ডোবা জাহাজকে ঘিরে
সমুদ্রের তলায় সাত দশকেরও বেশি সময় ধরে পড়ে থাকা একটি জাহাজের কারণে আবারও বিপদে পড়েছে ক্যালিফোর্নিয়ার পাখিরা। উপকূল থেকে তেলে মাখা ৬৫টি পাখি উদ্ধারের পর জাহাজটি থেকে তেল ছড়ানোর সন্দেহ করছেন কর্মকর্তারা।
ক্যালিফোর্নিয়ার উপকূলে তেলে মাখা ৬৫টি পাখি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক পরীক্ষায় ধারণা করা হচ্ছে, ৭৩ বছর আগে সমুদ্রে ডুবে যাওয়া একটি পুরোনো জাহাজ থেকে ছড়িয়ে পড়া তেলের কারণে পাখিগুলো আক্রান্ত হয়েছে। ঘটনাটি তদন্ত করছে দেশটির বন্য প্রাণী ও পরিবেশ রক্ষার দায়িত্বে থাকা কর্মকর্তারা।
ক্যালিফোর্নিয়ার মাছ ও বন্য প্রাণী বিভাগের তথ্য অনুযায়ী, মন্টেরি থেকে বোডেগা বে পর্যন্ত উপকূলীয় এলাকা থেকে এসব পাখি উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা পাখিগুলোর শরীরে তেল লেগে থাকতে দেখা গেছে। বর্তমানে বন্য প্রাণী উদ্ধারকারীরা পাখিগুলোর চিকিৎসা ও পরিচর্যা করছেন। একই সঙ্গে আরও কোনো পাখি তেলে আক্রান্ত হয়েছে কি না, তা খুঁজে দেখা হচ্ছে।
প্রাথমিক পরীক্ষায় তেলের সম্ভাব্য উৎস হিসেবে এসএস জ্যাকব লাকেনবাখ নামের একটি পুরোনো জাহাজের কথা উঠে এসেছে। জাহাজটি ১৯৫৩ সালের ১৪ জুলাই সানফ্রান্সিসকোর উপকূল থেকে প্রায় ১৭ মাইল দূরে অন্য একটি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। তখন জাহাজটিতে বিপুল পরিমাণ জ্বালানি তেল ছিল।জাহাজটি ডুবে যাওয়ার পর বহু বছর ধরে সেখান থেকে তেল বেরিয়ে সমুদ্রের পানিতে মিশেছে। ২০০২ সালে মার্কিন কোস্টগার্ড ও সংশ্লিষ্ট সংস্থাগুলো জাহাজের ভেতর থেকে বেশির ভাগ তেল সরিয়ে নেয়। বাকি তেল জাহাজের ভেতরে আটকে রাখার ব্যবস্থাও করা হয়েছিল।
তবে জাহাজটির ভেতরে কিছু তেল এখনো রয়ে গেছে। কর্মকর্তাদের ধারণা, সমুদ্রে বড় ঝড় হলে ঢেউয়ের ধাক্কায় জাহাজটি নড়াচড়া করতে পারে। এতে ভেতরে আটকে থাকা তেল আবারও বাইরে ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। ক্যালিফোর্নিয়ার কর্মকর্তারা এখন উদ্ধার হওয়া পাখিগুলোর শরীরে পাওয়া তেলের নমুনা পরীক্ষা করছেন। পরীক্ষার প্রাথমিক ফল জাহাজটির দিকে ইঙ্গিত করলেও চূড়ান্তভাবে উৎস নিশ্চিত করতে আরও তদন্ত প্রয়োজন।
সমুদ্রের পানিতে তেল ছড়িয়ে পড়লে পাখিদের জীবন মারাত্মক ঝুঁকিতে পড়ে। তাদের পালকে তেল লেগে গেলে পালকের স্বাভাবিক সুরক্ষা নষ্ট হয়। ফলে শরীরের তাপ ধরে রাখা ও পানিতে ভেসে থাকা কঠিন হয়ে পড়ে। অনেক সময় পাখি নিজের পালক পরিষ্কার করতে গিয়ে শরীরের ভেতরেও তেল গ্রহণ করে, যা তাদের অসুস্থ করে তুলতে পারে। কর্মকর্তারা বলছেন, উদ্ধার অভিযান ও তদন্ত এখনো চলছে। উপকূলে তেলে মাখা কোনো পাখি চোখে পড়লে সাধারণ মানুষকে সেটি ধরতে বা পরিষ্কার করার চেষ্টা না করে বন্য প্রাণী উদ্ধারকারীদের খবর দিতে বলা হয়েছে।






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।