ট্রাম্পকে নিয়ে নিকি মিনাজের সাফ কথা, ‘আমি তাকে ভালোবাসি’
ট্রাম্পের সঙ্গে কাজ করে সম্মানিত বোধ করছেন নিকি মিনাজ। সাক্ষাৎকারে প্রেসিডেন্টকে ‘স্মার্ট ও সহজ-সরল’ বলার পাশাপাশি জানালেন, ‘আমি তাকে ভালোবাসি।’
ট্রাম্পকে নিয়ে নিকি মিনাজের সাফ কথা, ‘আমি তাকে ভালোবাসি’
জনপ্রিয় র্যাপার নিকি মিনাজ আবারও প্রকাশ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি নিজের সমর্থনের কথা জানালেন। ট্রাম্প প্রশাসনের সঙ্গে কাজ করার বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, এ সুযোগ পেয়ে তিনি সম্মানিত বোধ করছেন। একইসঙ্গে ট্রাম্পকে নিয়ে নিজের ব্যক্তিগত অনুভূতিও স্পষ্ট করে দেন এই তারকা।
১৮ সেপ্টেম্বর ফক্স নিউজের ‘দ্য ইনগ্রাহাম অ্যাঙ্গেল’ অনুষ্ঠানে উপস্থাপক লরা ইনগ্রাহামের সঙ্গে সাক্ষাৎকারে মিনাজকে ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক ও তাকে সমর্থন নিয়ে সমালোচনার বিষয়ে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, সমালোচকদের উদ্দেশে তার বলার কিছু নেই। বরং ট্রাম্পের সঙ্গে কাজ করার সুযোগকে তিনি সম্মানের বিষয় হিসেবে দেখেন।
ট্রাম্প সম্পর্কে নিজের অভিজ্ঞতা তুলে ধরে মিনাজ তাকে ‘স্মার্ট’, ‘মজার’ এবং ‘মাটির কাছাকাছি’ বা সহজ-সরল স্বভাবের মানুষ হিসেবে বর্ণনা করেন। তার ভাষ্য অনুযায়ী, ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করা সহজ এবং তিনি এমনভাবে কথা বলেন, যাতে অন্যরা মনে করতে পারেন যে তাদের কথা শোনা ও বোঝা হচ্ছে।
নিজের অবস্থান আরও স্পষ্ট করতে মিনাজ বলেন, “আমি তাকে ভালোবাসি”—এবং এই অনুভূতির জন্য তিনি কোনো অজুহাত বা ব্যাখ্যা দিতে চান না। তার বক্তব্য অনুযায়ী, সমালোচনার কারণে ট্রাম্পের প্রতি তার অবস্থান পরিবর্তনের কোনো কারণ তিনি দেখছেন না।
সাক্ষাৎকারে মিনাজের ট্রাম্প প্রশাসনের সঙ্গে যুক্ত একটি নতুন কাজের বিষয়ও উঠে আসে। তিনি প্রশাসনের ‘মিলিয়ন-ডলার পিচ কম্পিটিশন’-এর বিচারক হিসেবে যুক্ত হয়েছেন। ছোট ব্যবসাকেন্দ্রিক এই প্রতিযোগিতায় পাঁচজন উদ্যোক্তা মোট ১০ লাখ ডলারের পুরস্কারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। মিনাজের সঙ্গে বিচারক প্যানেলে আরও কয়েকজন ব্যবসায়ীও রয়েছেন।
তবে নিজের রাজনৈতিক অবস্থান প্রকাশ্যে জানালেও মিনাজ বলেছেন, তার সংগীতের অনুষ্ঠানকে তিনি রাজনৈতিক মঞ্চে পরিণত করতে চান না। তার মতে, কনসার্টের মূল উদ্দেশ্য হলো ভক্তদের আনন্দ দেওয়া, স্মৃতি তৈরি করা এবং জীবন উপভোগের সুযোগ তৈরি করা—রাজনৈতিক বক্তব্য শোনানো নয়।
মিনাজের সাম্প্রতিক মন্তব্য তার ট্রাম্প-সমর্থনের অবস্থানকে আরও স্পষ্ট করেছে। একই সঙ্গে তিনি রাজনৈতিক মতাদর্শ ও নিজের বিনোদনমূলক ক্যারিয়ারকে আলাদা রাখার অবস্থানও জানিয়েছেন। এর আগে ২০২৬ সালের জানুয়ারিতে ট্রাম্পের সঙ্গে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজের সমর্থনের কথা জানিয়েছিলেন মিনাজ।