প্যারিসের বড় পোশাক প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণ, প্যাভিলিয়ন উদ্বোধন
প্যারিসের বৃহৎ পোশাক প্রদর্শনীতে বাংলাদেশের ১৭ প্রতিষ্ঠান অংশ নিয়েছে, উদ্বোধন হয়েছে বাংলাদেশ প্যাভিলিয়ন, বাড়ছে ইউরোপে রপ্তানির সম্ভাবনা।
প্যারিসের বড় পোশাক প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণ, প্যাভিলিয়ন উদ্বোধন
ফ্রান্সের প্যারিসের লে বুর্জে প্রদর্শনী কেন্দ্রে শুরু হয়েছে ইউরোপের অন্যতম প্রধান পোশাক ও বস্ত্র প্রদর্শনী ‘টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং প্যারিস ২০২৬’। ৩১ আগস্ট শুরু হওয়া তিন দিনব্যাপী এই প্রদর্শনী চলবে ২ সেপ্টেম্বর পর্যন্ত।
প্রদর্শনীতে বাংলাদেশের পোশাক ও বস্ত্র খাতের ১৭টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এর মধ্যে ১২টি প্রতিষ্ঠান রপ্তানি উন্নয়ন ব্যুরোর প্যাভিলিয়নের মাধ্যমে নিজেদের পণ্য প্রদর্শন করছে।
প্রথম দিনে উদ্বোধন করা হয়েছে বাংলাদেশ প্যাভিলিয়ন। ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা প্যাভিলিয়নটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসান আরিফসহ বাংলাদেশ ও ফ্রান্সের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রদর্শনীতে প্রায় ১ হাজার ৩০০টি প্রতিষ্ঠান বিশ্বের প্রায় ৩৫টি দেশ থেকে অংশ নিচ্ছে। বাংলাদেশ ছাড়াও চীন, ভারত, পাকিস্তান, তুরস্ক, জাপান, দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশের প্রতিষ্ঠান এখানে নিজেদের পোশাক, বস্ত্র, আনুষঙ্গিক পণ্য ও নতুন প্রযুক্তি তুলে ধরছে।
বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিক ক্রেতাদের কাছে তৈরি পোশাক, কাপড় ও অন্যান্য বস্ত্রপণ্য তুলে ধরার পাশাপাশি নতুন ব্যবসায়িক যোগাযোগ ও রপ্তানি আদেশ পাওয়ার সুযোগ তৈরি করতে এ প্রদর্শনীতে অংশ নিয়েছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর প্যাভিলিয়নের অধীনে অংশ নেওয়া ১২টি প্রতিষ্ঠান হলো—কমোডা গার্মেন্টস, স্কাইলার্ক নিট কম্পোজিট, নরবান কমটেক্স, ওয়ার্পটেক্স বাংলাদেশ, বিএনএম গার্মেন্টস, ফেবিটেক্স ইন্ডাস্ট্রিজ, ইউনাইটেড ক্রিয়েশন, ফেব্রিকা নিট কম্পোজিট, ডুকাটি অ্যাপারেলস, কোরাস ফ্যাশন, বেঙ্গল গ্লোরি এবং সিয়াম ফেব্রিক্স।
বাংলাদেশ বিশ্বের অন্যতম বড় তৈরি পোশাক রপ্তানিকারক দেশ। আন্তর্জাতিক এমন প্রদর্শনীতে অংশগ্রহণের মাধ্যমে ইউরোপের ক্রেতাদের কাছে বাংলাদেশের পোশাক শিল্পের সক্ষমতা তুলে ধরা এবং নতুন বাজার ও ব্যবসায়িক সুযোগ তৈরির চেষ্টা করা হচ্ছে।