‘শেখের বেটি আইতাছে’ স্লোগানে চট্টগ্রামে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২

‘শেখের বেটি আইতাছে’ স্লোগানে চট্টগ্রামে হাসিনার সমর্থনে ঝটিকা মিছিল, অস্ত্রসহ মিছিলের অভিযোগে আওয়ামী লীগের দুই কর্মী গ্রেপ্তার।

‘শেখের বেটি আইতাছে’ স্লোগানে চট্টগ্রামে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২

‘শেখের বেটি আইতাছে’ স্লোগানে চট্টগ্রামে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২


চট্টগ্রামের আনোয়ারায় শেখ হাসিনার সমর্থনে ঝটিকা মিছিল ও স্লোগান দেওয়ার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ৭৮ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে মামলায় আসামি করা হয়েছে। 

এজাহার সূত্রে জানা যায়, গত ২৭ আগস্ট ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৬টার মধ্যে আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের শোলকাটা এলাকায় বাঁশখালী-চট্টগ্রাম সড়কে একটি ঝটিকা মিছিল বের করা হয়।

মিছিলে শেখ হাসিনা ও আওয়ামী লীগের সমর্থনে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এর মধ্যে ‘শেখের বেটি আইতাছে’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এ ধরনের স্লোগানের কথা মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। 

এজাহারে আরও অভিযোগ করা হয়েছে, মিছিলে অংশ নেওয়া কয়েকজনের হাতে দেশীয় অস্ত্র ছিল। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি এবং যান চলাচলে বাধা সৃষ্টি হওয়ার অভিযোগও করা হয়েছে। মিছিলের নেতৃত্ব দেওয়ার অভিযোগে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. মিজানুর রহমানকে প্রধান আসামি করা হয়েছে।

এ ঘটনায় আনোয়ারা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলার এজাহারভুক্ত আব্দুর রহিম ও সাইমন নামের দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। 

এদিকে চট্টগ্রাম নগরের অনন্যা আবাসিক এলাকাতেও গত ২৮ আগস্ট নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলের খবর পাওয়া গেছে। ওই মিছিলে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দেওয়ার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

সিএসবি নিউজ-এর আরও খবর