জাপানে বাংলাদেশি কর্মীদের নতুন সুযোগ, নিয়োগ শুরু ২০২৭ সালের ১ এপ্রিল থেকে

আন্তর্জাতিক ডেস্ক | ৬ নভেম্বর ২০২৬
বাংলাদেশি কর্মীদের জন্য জাপানে কর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। দুই দেশের মধ্যে নতুন কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নবিষয়ক চুক্তি স্বাক্ষরের ফলে আগামী ১ এপ্রিল ২০২৭ থেকে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু করার কথা জানিয়েছে জাপান।
গত ১৭ অক্টোবর বাংলাদেশ ও জাপানের মধ্যে ‘মেমোরেন্ডাম অব কো-অপারেশন অন এমপ্লয়মেন্ট স্কিলস ডেভেলপমেন্ট’ (ESDP-MOC) চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তিটির প্রাথমিক মেয়াদ পাঁচ বছর। পরবর্তীতে এটি স্বয়ংক্রিয়ভাবে আরও পাঁচ বছর বাড়ানোর সুযোগ রয়েছে। অর্থাৎ চুক্তিটির সম্ভাব্য মোট মেয়াদ ১০ বছর।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, এই চুক্তির মাধ্যমে বাংলাদেশি কর্মীদের আইনি সুরক্ষা, দক্ষতা উন্নয়ন এবং অধিক বেতনে কাজের সুযোগ সম্প্রসারিত হবে।
চুক্তির আওতায় বাংলাদেশি কর্মীরা জাপানের স্থানীয় কর্মীদের সমতুল্য আইনি সুরক্ষা পাবেন। পাশাপাশি কর্মক্ষেত্রে নারী ও পুরুষের সমান সুযোগ নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব পেয়েছে।
বিশেষ করে গর্ভাবস্থা বা সন্তান জন্মদানের কারণে নারী কর্মীদের চাকরিচ্যুত করা কিংবা বৈষম্যমূলক আচরণ করা যাবে না।
সংশ্লিষ্টদের আশা, নতুন এই চুক্তি বাস্তবায়িত হলে জাপানের শ্রমবাজারে বাংলাদেশি দক্ষ কর্মীদের অংশগ্রহণ বাড়বে এবং দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে।
তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, চুক্তিতে প্রতিবছর কতজন বাংলাদেশি কর্মী নিয়োগ দেওয়া হবে, তার নির্দিষ্ট সংখ্যা ঘোষণা করা হয়নি।
#CSBNews #Japan #Bangladesh #JapanJob #OverseasEmployment #জাপান #বিদেশেচাকরি #বাংলাদেশ #প্রবাসীকল্যাণ #কর্মসংস্থান
Citizen posts are written by readers and checked by CSB News editors before publishing. They are not CSB News reporting.
Is something happening in your area? Report it to the world. Earn the CSB News Contributor badge.
Post from your area