সাহিত্য-সংস্কৃতিতে অবদানের স্বীকৃতি, বগুড়া লেখক চক্রের পুরস্কার পেলেন আট গুণীজন
সাহিত্য, সংস্কৃতি, গবেষণা, সাংবাদিকতা ও সৃজনশীল কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে আট বিশিষ্ট ব্যক্তিকে বগুড়া লেখক চক্র পুরস্কার প্রদান করা হয়েছে। কবি সম্মেলনের দ্বিতীয় দিনে শনিবার সন্ধ্যায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাঁদের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।
বগুড়া লেখক চক্রের আয়োজনে তিন দিনব্যাপী কবি সম্মেলনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও গৃহায়ণ এবং গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।
প্রধান অতিথি পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট তুলে দেন। সম্মানিত অতিথিরা তাঁদের সনদপত্র প্রদান ও উত্তরীয় পরিয়ে দেন। অতিথিদের উত্তরীয়, প্রকাশনা ও কবি ব্যাগ উপহার দেন বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য দেন তিনি।
বাচিকশিল্পী অলক পালের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, জেলা কালচারাল অফিসার মো. মাহমুদুল হাসান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বগুড়া সাংস্কৃতিক ফোরামের প্রধান সমন্বয়কারী কে এম খায়রুল বাশার, বগুড়া টিভি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহন আখন্দ, বগুড়া লেখক চক্রের উপদেষ্টা অ্যাডভোকেট পলাশ খন্দকার এবং কবি ও প্রাবন্ধিক মুহম্মদ শহীদুল্লাহ।
এবার পুরস্কার পেয়েছেন কবিতায় এমরান কবির, কথাসাহিত্যে নূর কামরুন নাহার, লিটল ম্যাগাজিন সম্পাদনায় রহমান রাজু, গবেষণা সাহিত্যে মামুন সিদ্দিকী, প্রবন্ধ সাহিত্যে ড. অয়নিকা আলপনা, ফটো সাংবাদিকতায় শফিকুল ইসলাম শফিক, সাহিত্য সংগঠক হিসেবে রেহানা সুলতানা শিল্পী এবং সাহিত্যানুরাগী হিসেবে বায়েজিদ শেখ।
কবি সম্মেলনের দ্বিতীয় দিনে দিনব্যাপী সেমিনার, কবিতা পাঠ, ‘নজরুল কথাসাহিত্যে নারী’ শীর্ষক মুক্ত আলোচনা, স্বরচিত কবিতা পাঠ ও আবৃত্তির আয়োজন করা হয়। বিভিন্ন পর্বে কবি বিশ্বজিৎ দাস, বেলাল সরকার, শাকিবুল শাকিল, বাণী রানী পাল, হাসি খাতুন, সম্পা রানী মোহন্ত, হাবীবুল্লাহ জুয়েল, কামরুন নাহার কুহেলী, মোমিন শাওন, বখতিয়ার হোসাইন, আবু রায়হান, হিরণ্য হারুন, অভি জেনেট, বকুল আশরাফ, তুষার শুভ্র, নাসির সিরাজী ও জুয়েল হাসানসহ কবি-সাহিত্যিকেরা কবিতা পাঠ করেন।






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।