থার্ড টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিং: মেনজিসের ‘৯৯% বাংলাদেশি’ ঘোষণা নিয়ে প্রশ্ন, আশা ও সন্দেহ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালকে কেন্দ্র করে গ্রাউন্ড হ্যান্ডলিং নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক মেনজিস এভিয়েশনের একটি ঘোষণাকে ঘিরে এ আলোচনা এখন প্রশ্নে রূপ নিয়েছে — ৯৯% বাংলাদেশি কর্মী দিয়ে কি সত্যিই আন্তর্জাতিক মানের গ্রাউন্ড হ্যান্ডলিং পরিচালনা সম্ভব? নাকি এই ঘোষণার আড়ালে রয়েছে অন্য কোনো কৌশল?
মেনজিস কী ঘোষণা দিয়েছে?
মেনজিস এভিয়েশন জানিয়েছে, থার্ড টার্মিনালে দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলিং অপারেটর হিসেবে দায়িত্ব পেলে প্রথম বছরেই ১ কোটি ২০ লাখ মার্কিন ডলারের বেশি বিনিয়োগ করবে। এই বিনিয়োগ গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট, আধুনিক এভিয়েশন প্রযুক্তি, জনবল উন্নয়ন এবং পরিচালন সক্ষমতা বাড়াতে ব্যয়ের কথা বলা হয়েছে।
প্রতিষ্ঠানটির প্রস্তাবনায় দেখা গেছে, দায়িত্ব পেলে বাংলাদেশে প্রথম বছরেই সরাসরি এক হাজারের বেশি কর্মসংস্থানের পরিকল্পনা রয়েছে তাদের। এসব কর্মীর ৯৯ ভাগই বাংলাদেশি হওয়ার কথা জানিয়েছেন তারা। এ ছাড়া পরোক্ষভাবে প্রায় আরও সাড়ে চার হাজার কর্মসংস্থানের সুযোগ তৈরির প্রত্যাশা করা হচ্ছে।
পরে প্রতিষ্ঠানটি ঢাকায় এভিয়েশন ট্রেনিং একাডেমি প্রতিষ্ঠার জন্য আরও ২০ লাখ ডলার দেওয়ার ঘোষণাও দিয়েছে। এতে মোট প্রস্তাবিত বিনিয়োগ ১ কোটি ৪০ লাখ ডলারের বেশি দাঁড়ায়। একাডেমিতে বছরে অতিরিক্ত ১,০০০ এভিয়েশন পেশাজীবীকে প্রশিক্ষণ দেওয়ার কথা বলা হয়েছে।মেনজিসের দাবি, তারা বিশ্বের অন্তত ৬৫টি দেশের প্রায় ৩৫০টি বিমানবন্দরে কার্যক্রম চালাচ্ছে। বছরে প্রায় ১৬ লাখ উড়োজাহাজের টার্নঅ্যারাউন্ড এবং ২৪ লাখ টন কার্গো পরিচালনা করে আসছে প্রতিষ্ঠানটি।
প্রতিযোগিতায় কারা আছে?
থার্ড টার্মিনালের দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার হিসেবে শুধু মেনজিস নয়, প্রতিযোগিতায় রয়েছে সুইজারল্যান্ডের সুইসপোর্ট, তুরস্কের চেলেবি এভিয়েশন হোল্ডিং এবং সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ডনাটা। জাপানি কনসোর্টিয়াম এই চার প্রতিষ্ঠানকে সংক্ষিপ্ত তালিকাভুক্ত করেছে।
বেবিচক সূত্র জানায়, আগামী ১৬ ডিসেম্বর বহুল কাঙ্ক্ষিত তৃতীয় টার্মিনাল চালুর পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। বরাবরের মতো দেশীয় প্রতিষ্ঠান হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এই টার্মিনালেও গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব পালন করবে। তবে সেবার আন্তর্জাতিক মান বজায় রাখতে দ্বিতীয় একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানকেও প্যাসেঞ্জার গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত রয়েছে। কার্গো হ্যান্ডলিং অবশ্য শুধু বিমানের হাতেই থাকবে। উঠছে যে প্রশ্নগুলো
এই ঘোষণার পর এভিয়েশন সংশ্লিষ্ট মহল ও সাধারণ মানুষের মধ্যে কয়েকটি প্রশ্ন জোরালোভাবে উঠেছে:
১. ৯৯% যদি বাংলাদেশি হয়, তাহলে বিদেশি তকমা কেন?
সমালোচকদের প্রশ্ন, কর্মীর ৯৯% বাংলাদেশি হলে, ৯৯% কাজই যদি দেশীয় জনবল দিয়ে হয়, তাহলে পরিচালনার জন্য বিদেশি প্রতিষ্ঠানের প্রয়োজন কোথায়? এই ১% বিদেশি কর্মকর্তা কি নামমাত্র, নাকি তারাই থাকবেন আসল সিদ্ধান্ত গ্রহণ, অর্থ ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণের কেন্দ্রে?
২. ৯৯% কর্মীর প্রশিক্ষণ কে দেবে, কতদিনে?
মেনজিস বলছে, তারা ট্রেনিং একাডেমি করবে। কিন্তু প্রশ্ন হলো, হ্যান্ডলিং, নিরাপত্তা, ব্যাগেজ ম্যানেজমেন্ট, র্যাম্প অপারেশনের মতো স্পর্শকাতর কাজে ৯৯% নতুন বা অবসরপ্রাপ্ত কর্মীকে আন্তর্জাতিক মানে তুলতে কত সময় লাগবে? আর সেই প্রশিক্ষণের মান কে যাচাই করবে?মেনজিসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জন হেন্ডারসন বলেছেন, _“আমরা ঢাকায় একটি ট্রেনিং একাডেমি স্থাপনের পরিকল্পনা করছি, যেখানে বাংলাদেশি কর্মীরা আমাদের আন্তর্জাতিক নেটওয়ার্কের যেকোনো জায়গায় কাজ করতে পারবেন।”
৩. ১% এর নামে কত বৈদেশিক মুদ্রা দেশের বাইরে যাবে?
এটি এখন সবচেয়ে বড় বিতর্কের জায়গা। সমালোচকদের আশঙ্কা, ১% বিদেশি কর্মকর্তা ও ব্যবস্থাপনা ফি, রয়্যালটি, কনসালটেন্সি, যন্ত্রপাতি ভাড়া, সফটওয়্যার লাইসেন্সের নামে বৈধভাবে কত বৈদেশিক মুদ্রা রিজার্ভ থেকে বেরিয়ে যাবে — তার নির্মোহ হিসাব এখনও প্রকাশ করা হয়নি। এই হিসাব ইতিহাসের পাতায় লেখা থাকবে বলে মনে করছেন অনেকেই। এ বিষয়ে বেবিচক জানিয়েছে, তারা চায় বিদেশি অপারেটররা শুধু স্থানীয় কর্মী নিয়োগ বা সাব-কন্ট্রাক্ট নয়, বাংলাদেশি কোম্পানির সঙ্গে প্রকৃত ইক্যুইটি অংশীদারিত্ব করুক। অর্থাৎ শুধু চাকরি নয়, ব্যবসার মালিকানাতেও যেন দেশীয় অংশীদারিত্ব থাকে।
বিমানের অভিজ্ঞতার প্রসঙ্গ
বাংলাদেশে গ্রাউন্ড হ্যান্ডলিং পরিচালনায় অর্ধ শতাব্দীর অভিজ্ঞতা শুধু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের। দেশীয় বেসরকারি এয়ারলাইন্সগুলো সুষ্ঠু পরিকল্পনার অভাবে টিকে থাকতে পারেনি এমন অভিযোগ দীর্ঘদিনের। এভিয়েশন বিশেষজ্ঞদের একাংশ বলছেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যেসব কর্মকর্তা ফরেন স্টেশনে সফলতার সাথে কাজ করেছেন, তাঁদের দক্ষতায় কয়েকটি থার্ড টার্মিনাল অপারেশন সুষ্ঠুভাবে পরিচালনা সম্ভব। প্রয়োজন শুধু সদিচ্ছা, সাহসী পরিকল্পনা ও দেশপ্রেম।
তাদের প্রশ্ন, থার্ড টার্মিনাল পরিচালনায় মাত্র ১% দক্ষ কর্মকর্তা কি দেশে নেই? অবশ্যই আছে। নেই শুধু দেশপ্রেম ও সাহসী পরিকল্পনা — এমনটাই মনে করেন তারা।অন্যদিকে, আরেক পক্ষ বলছে, বিমানবন্দরে দীর্ঘদিনের অভিযোগ — লাগেজ পেতে দেরি, টার্নঅ্যারাউন্ডে ধীরগতি, যাত্রীসেবায় অসন্তোষ — দূর করতে প্রতিযোগিতা দরকার। শুধু অভিজ্ঞতা থাকলেই হবে না, আন্তর্জাতিক মান, জবাবদিহি ও আধুনিক প্রযুক্তি লাগবে।
মেনজিসের বিবৃতি পাবলিক হলো, বাকিরা আসছে
সংশ্লিষ্টরা মনে করছেন, মেনজিসের বিবৃতি পাবলিক হওয়ার পর বাকি প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর আরও নতুন নতুন অফার সহসা পাবলিক হবে। সুইসপোর্ট, চেলেবি, ডনাটা — সবাই এখন নিজেদের বিনিয়োগ, চাকরি ও প্রশিক্ষণের প্রস্তাব নিয়ে সামনে আসবে। এতে প্রতিযোগিতা বাড়বে, কিন্তু একই সঙ্গে প্রশ্নও বাড়বে — কোন অফার দেশের স্বার্থে সবচেয়ে ভালো?
শেষ কথা
থার্ড টার্মিনাল বাংলাদেশের এভিয়েশনের জন্য একটি বড় সুযোগ। কিন্তু এই সুযোগ কার হাতে, কত শতাংশ মালিকানায়, কত টাকা দেশে থাকবে আর কত টাকা বাইরে যাবে — সেটাই এখন মূল প্রশ্ন। ৯৯% বাংলাদেশি কর্মী দিয়ে পরিচালনা হবে — এই ঘোষণা আশাব্যঞ্জক, কিন্তু ১% এর ক্ষমতা, চুক্তির শর্ত, রাজস্ব ভাগাভাগি, প্রশিক্ষণের মান ও স্থানীয় মালিকানা নিশ্চিত না হলে এই ঘোষণা শুধু একটি আকর্ষণীয় স্লোগান হয়েই থেকে যাবে। এখন সবার চোখ বেবিচক ও জাপানি কনসোর্টিয়ামের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে।






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।