কানাডায় সরকারি চাকরিতে হিজাব নিষিদ্ধের আইন বহাল রাখল সুপ্রিম কোর্ট
কানাডার কুইবেক প্রদেশে সরকারি চাকরিতে কর্মরত মুসলিম নারীদের হিজাবসহ অন্যান্য ধর্মীয় প্রতীক পরিধানের ওপর নিষেধাজ্ঞা বহাল রেখেছেন দেশটির সুপ্রিম কোর্ট। শুক্রবার (২৭ নভেম্বর) দেওয়া এক রায়ে আদালত বিতর্কিত ‘বিল ২১’-এর সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জের বিরুদ্ধে প্রাদেশিক সরকারের ক্ষমতা ব্যবহারের বিষয়টি সমর্থন করেন।
কানাডার কুইবেক প্রদেশে সরকারি খাতের নির্দিষ্ট কিছু পেশায় ধর্মীয় প্রতীক পরিধানের ওপর নিষেধাজ্ঞা অব্যাহত থাকছে। দেশটির সুপ্রিম কোর্টের ছয় বিচারপতির সংখ্যাগরিষ্ঠ রায়ে এই সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে।
২০১৯ সালের জুনে তৎকালীন প্রাদেশিক সরকার ‘বিল ২১’ নামে আইনটি পাস করে। এই আইনের আওতায় সরকারি দায়িত্ব পালনের সময় মুসলিম নারীদের হিজাব, শিখদের পাগড়ি, ইহুদিদের কিপ্পা এবং খ্রিস্টানদের ক্রসসহ বিভিন্ন ধর্মীয় প্রতীক ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
সর্বশেষ রায়ের ফলে কুইবেকের সরকারি স্কুলের শিক্ষক, পুলিশ কর্মকর্তা ও সরকারি আইনজীবীদের দায়িত্ব পালনের সময় ধর্মীয় প্রতীক পরিধানের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে।
আইনটি কার্যকর রাখতে কানাডার সংবিধানের ৩৩ নম্বর ধারা বা ‘নটউইদস্ট্যান্ডিং ক্লজ’ ব্যবহার করেছে কুইবেক সরকার। এই ধারার মাধ্যমে নির্দিষ্ট কিছু মৌলিক অধিকারসংক্রান্ত সাংবিধানিক চ্যালেঞ্জের বিরুদ্ধে আইন কার্যকর রাখা সম্ভব।
তবে আদালত সর্বসম্মতভাবে জানিয়েছেন, প্রাদেশিক আইনসভার নির্বাচিত সদস্যদের দায়িত্ব পালনের সময় মুখ খোলা রাখার বাধ্যবাধকতা আরোপ করা তাদের সাংবিধানিক গণতান্ত্রিক অধিকারের লঙ্ঘন।
এদিকে, আইনটির সমালোচকরা বলছেন, এটি বিশেষ করে মুসলিম নারীদের জন্য বৈষম্যমূলক পরিস্থিতি তৈরি করছে। ধর্মীয় বিশ্বাস ও পেশাগত জীবনের মধ্যে যেকোনো একটি বেছে নিতে বাধ্য হচ্ছেন তারা।
কানাডিয়ান মুসলিম ফোরাম ও ওয়ার্ল্ড শিখ অর্গানাইজেশন অব কানাডা সুপ্রিম কোর্টের রায়ে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে, এই সিদ্ধান্ত ধর্মীয় স্বাধীনতা, সমতা ও সংখ্যালঘুদের নাগরিক অধিকারকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
অন্যদিকে, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি সব আইনসভাকে সংখ্যালঘুসহ দেশের সব নাগরিকের অধিকারকে সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি বিচার বিভাগের স্বাধীনতা ও সংবিধানের প্রতি শ্রদ্ধা বজায় রাখার কথা বলেছেন।
বিশ্লেষকদের মতে, এই রায় শুধু কুইবেকের ধর্মীয় স্বাধীনতা বিতর্কেই নয়, কানাডার অন্যান্য প্রদেশে সাংবিধানিক ক্ষমতার প্রয়োগ নিয়েও ভবিষ্যতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।