‘তোমার গায়ে বাজে গন্ধ!’ অক্সফোর্ডে ভারতীয় শিক্ষার্থীকে করলেন কটাক্ষ
যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভারতীয় পিএইচডি শিক্ষার্থীর অভিযোগ, কেনাকাটার সময় এক শ্বেতাঙ্গ নারী তাঁকে দুর্গন্ধ ছড়ানোর কথা বলে অপমান করেন।
যুক্তরাজ্যের বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন এক ভারতীয় পিএইচডি শিক্ষার্থী। কিন্তু সেখানে পড়াশোনার পাশাপাশি ব্যক্তিগত জীবনেও বর্ণবৈষম্যের অভিজ্ঞতার মুখোমুখি হওয়ার অভিযোগ তুলেছেন তিনি। সম্প্রতি কেনাকাটা করতে গিয়ে এক শ্বেতাঙ্গ নারীর কাছ থেকে অপমানজনক মন্তব্য শোনার ঘটনা সামাজিক মাধ্যমে প্রকাশ করেন কামাক্ষী নামের ওই শিক্ষার্থী। তাঁর অভিযোগ, ঘটনাটি তাঁকে মানসিকভাবে আঘাত করেছে এবং দীর্ঘ সময় অস্বস্তির মধ্যে রেখেছে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ২১ নভেম্বর নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে প্রকাশিত একটি ভিডিওতে ঘটনাটি তুলে ধরেন কামাক্ষী। তিনি জানান, অক্সফোর্ডের একটি দোকানে কেনাকাটা করছিলেন তিনি। এ সময় এক শ্বেতাঙ্গ নারী তাঁর আশপাশে ঘোরাফেরা করছিলেন। একপর্যায়ে ওই নারী তাঁর কাছে এসে বলেন, তাঁর শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে।
এমন মন্তব্য শুনে হতবাক হয়ে যান কামাক্ষী। কীভাবে প্রতিক্রিয়া জানাবেন, তা বুঝে ওঠার আগেই ওই নারী সেখান থেকে চলে যান। কামাক্ষীর ভাষ্য অনুযায়ী, সেদিন তিনি এমন একটি সুগন্ধি ব্যবহার করেছিলেন, যা তাঁর বাবারও খুব পছন্দের। বাবার পছন্দের সেই সুগন্ধির সঙ্গে আবেগ জড়িয়ে থাকলেও অপরিচিত নারীর মন্তব্যের পর সারাদিন মন খারাপ ও হতাশার মধ্যে কাটে তাঁর। তিনি আরও জানান, ঘটনার পর নিজেকে যতটা সম্ভব আড়ালে রাখার চেষ্টা করেছেন, যেন অন্য কারও দৃষ্টি আকর্ষণ করতে না হয়।
কামাক্ষীর দাবি, এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। যুক্তরাজ্যে বসবাসের সময় বিভিন্ন ধরনের সূক্ষ্ম বর্ণবৈষম্যমূলক আচরণের মুখোমুখি হয়েছেন তিনি। তাঁর মতে, দৈনন্দিন জীবন থেকে শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকাণ্ডেও বৈষম্যের বিষয়টি সামনে আসে। তবে এমন অভিজ্ঞতার পরও নিজের সাংস্কৃতিক পরিচয় ও পোশাক নিয়ে পিছিয়ে যেতে চান না তিনি। কামাক্ষী জানান, তিনি আগের মতোই ভারতীয় ঐতিহ্যবাহী পোশাক পরবেন, কানে ঝুমকা পরবেন, কপালে টিপ দেবেন এবং নিজের পছন্দের সুগন্ধিও ব্যবহার করবেন।
কামাক্ষীর এই অভিজ্ঞতা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই তাঁর প্রতি সমর্থন জানিয়েছেন। বিদেশে বসবাসকারী অভিবাসী ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের দৈনন্দিন বৈষম্যের অভিজ্ঞতা নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে।বিদেশে উচ্চশিক্ষার জন্য প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজারো শিক্ষার্থী যুক্তরাজ্যে যান। উন্নত শিক্ষার পরিবেশের পাশাপাশি তাঁদের জন্য নিরাপদ, সম্মানজনক ও বৈষম্যহীন সামাজিক পরিবেশ নিশ্চিত করার বিষয়টিও গুরুত্বপূর্ণ। কামাক্ষীর অভিজ্ঞতা সেই আলোচনাকে আবার সামনে নিয়ে এসেছে।






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।