২০২৭ সালে বেতন বাড়ানোর দাবিতে একজোট যুক্তরাষ্ট্রের প্রায় ৪০টি শ্রমিক সংগঠন
আগামী বছর সরকারি কর্মীদের বেতন না বাড়ানোর পরিকল্পনা করেছে ট্রাম্প প্রশাসন। এর প্রতিবাদে অন্তত ৩.৮ শতাংশ বেতন বাড়ানোর দাবিতে একজোট হয়েছে প্রায় ৪০টি শ্রমিক সংগঠন। এখন কংগ্রেসের সিদ্ধান্তের অপেক্ষায় কর্মীরা।
২০২৭ সালে যুক্তরাষ্ট্রের সরকারি কর্মীদের বেতন বাড়ানোর দাবিতে একজোট হয়েছে প্রায় ৪০টি শ্রমিক সংগঠন। দেশটির সরকারি ও বেসরকারি খাতের বিভিন্ন শ্রমিক সংগঠন একসঙ্গে কংগ্রেসের কাছে এই দাবি জানিয়েছে। তাদের দাবি, আগামী বছর সব সরকারি কর্মীর বেতন অন্তত ৩ দশমিক ৮ শতাংশ বাড়াতে হবে। এ জন্য সরকারের বাজেট ও ব্যয়ের বিষয়ে আলোচনার সময় বেতন বাড়ানোর বিষয়টি যুক্ত করার আহ্বান জানিয়েছে সংগঠনগুলো। গত ১৯ নভেম্বর কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতাদের কাছে পাঠানো এক চিঠিতে এই দাবি জানানো হয়। শ্রমিক সংগঠনগুলোর বক্তব্য, দ্রব্যমূল্য, বাড়িভাড়া, স্বাস্থ্যবিমার খরচসহ নিত্যদিনের ব্যয় বাড়ছে। কিন্তু সেই তুলনায় সরকারি কর্মীদের বেতন বাড়ছে না। ফলে অনেক কর্মী সংসারের খরচ চালাতে চাপের মধ্যে পড়ছেন।
এই দাবির পেছনে রয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের একটি পরিকল্পনা। ২০২৭ সালে অধিকাংশ বেসামরিক সরকারি কর্মীর বেতন আগের বছরের মতোই রাখার পরিকল্পনা করেছেন ট্রাম্প। অর্থাৎ নতুন বছরে তাঁদের বেতন বাড়ানোর প্রস্তাব নেই। তবে সরকারি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মীদের জন্য ৩ দশমিক ৮ শতাংশ এবং সামরিক বাহিনীর সদস্যদের জন্য ৫ থেকে ৭ শতাংশ পর্যন্ত বেতন বাড়ানোর পরিকল্পনা রয়েছে। শ্রমিক সংগঠনগুলোর মতে, একই সরকারের অধীনে কাজ করলেও সাধারণ সরকারি কর্মীরা বেতন বাড়ানোর সুযোগ থেকে বাদ পড়ছেন। অথচ তাঁদের অনেকেই দেশের নিরাপত্তা, সরকারি সেবা, প্রবীণদের চিকিৎসাসেবা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের কাজ সচল রাখতে ভূমিকা রাখেন। তাই তাঁদের জন্যও অন্তত ৩ দশমিক ৮ শতাংশ বেতন বাড়ানো প্রয়োজন।
সংগঠনগুলো আরও জানিয়েছে, ২০২৬ সালে অধিকাংশ বেসামরিক সরকারি কর্মীর বেতন মাত্র ১ শতাংশ বেড়েছে। অন্যদিকে ২০২৭ সালের জানুয়ারি থেকে সরকারি কর্মীদের স্বাস্থ্যবিমার মাসিক খরচ গড়ে ১০ দশমিক ৯ শতাংশ বাড়তে পারে। এতে একদিকে বেতন বাড়ছে সামান্য, অন্যদিকে চিকিৎসার জন্য খরচ বাড়ছে। এই পরিস্থিতিতে নতুন বছরে বেতন না বাড়ালে কর্মীদের আর্থিক চাপ আরও বাড়বে বলে মনে করছে সংগঠনগুলো।
শুধু জীবনযাত্রার খরচ নয়, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের একই ধরনের কাজের বেতনের মধ্যেও বড় পার্থক্য রয়েছে বলে দাবি শ্রমিক সংগঠনগুলোর। তাদের বক্তব্য, বেসরকারি প্রতিষ্ঠানের একই ধরনের পদের তুলনায় সরকারি কর্মীরা গড়ে প্রায় ২৫ শতাংশ কম বেতন পান। এই ব্যবধান কমাতে বেতন বাড়ানো জরুরি। এদিকে কংগ্রেসের কিছু সদস্যও সরকারি কর্মীদের বেতন বাড়ানোর পক্ষে অবস্থান নিয়েছেন। ভার্জিনিয়ার কংগ্রেস সদস্য জেমস ওয়াকিনশ ২০২৭ সালে সরকারি কর্মীদের গড়ে ৪ দশমিক ১ শতাংশ বেতন বাড়ানোর একটি প্রস্তাব দিয়েছেন। শ্রমিক সংগঠনগুলোর ৩ দশমিক ৮ শতাংশ দাবির চেয়েও এই প্রস্তাব কিছুটা বেশি।
বর্তমানে যুক্তরাষ্ট্রের সরকারি খরচ ও বাজেট নিয়ে কংগ্রেসে আলোচনা সামনে রেখে শ্রমিক সংগঠনগুলো তাদের দাবি বাস্তবায়নের চেষ্টা করছে। আগামী ১১ ডিসেম্বর বর্তমান অস্থায়ী সরকারি ব্যয়ের অনুমতির মেয়াদ শেষ হওয়ার কথা। এর আগে নতুন ব্যয় পরিকল্পনা নিয়ে আইনপ্রণেতাদের সিদ্ধান্ত নিতে হবে। তবে এখনো সরকারি কর্মীদের সবার জন্য বেতন বাড়ানোর কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কংগ্রেস ট্রাম্পের পরিকল্পনায় পরিবর্তন এনে বেতন বাড়ানোর ব্যবস্থা করে কি না, সেটিই এখন দেখার বিষয়।






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।