বিমানবন্দরে আটক চীনা গবেষক, যুক্তরাষ্ট্রের বড় ছুটিও কাটবে বন্দিশালায়
বিমানবন্দর থেকে আটকের পরও মুক্তি পাননি প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের চীনা গবেষক ইভা ই জি। এবার থ্যাংকসগিভিংয়ের ছুটিও তাঁকে কাটাতে হতে পারে আইসিইর আটককেন্দ্রে।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের একটি বিমানবন্দর থেকে আটক হওয়ার পরও মুক্তি পাননি প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের চীনা গবেষক ইভা ই জি। তাঁর শিক্ষক জানিয়েছেন, আসন্ন থ্যাংকসগিভিংয়ের ছুটিও তাঁকে ভার্জিনিয়ার একটি অভিবাসী আটককেন্দ্রে কাটাতে হতে পারে। তবে আটক অবস্থাতেও সহকর্মীদের সঙ্গে যোগাযোগ করেছেন তিনি এবং গবেষণার কাজ নিয়ে কথা বলেছেন। গত ১৯ নভেম্বর ওয়াশিংটনের রোনাল্ড রিগ্যান ন্যাশনাল বিমানবন্দর থেকে ইভাকে আটক করে মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা আইসিই। তিনি ওয়াশিংটনে স্নায়ুবিজ্ঞানবিষয়ক একটি সম্মেলনে অংশ নেওয়ার পর নিউ জার্সিতে ফেরার জন্য বিমানে উঠতে যাচ্ছিলেন। এ সময় তাঁকে আটক করা হয়।
অ্যাসোসিয়েটেড প্রেসের ২৪ নভেম্বরের প্রতিবেদনে বলা হয়েছে, ইভা ভার্জিনিয়ার ক্যারোলাইন আটককেন্দ্রে রয়েছেন। মঙ্গলবার তিনি তাঁর গবেষণাগারের সাপ্তাহিক বৈঠকে ফোনে যুক্ত হন। সহকর্মীদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানান এবং সম্মেলনে পাওয়া অভিজ্ঞতা ও গবেষণার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।ইভার গবেষণার তত্ত্বাবধায়ক ও প্রিন্সটনের অধ্যাপক কার্লোস ব্রোডি জানিয়েছেন, আটকের পরও ইভার মনোবল ভালো রয়েছে। তিনি সহকর্মীদের সঙ্গে কথা বলার সময় গবেষণা নিয়েও আগ্রহ দেখিয়েছেন। তাঁর সহকর্মীরা জানিয়েছেন, আটকের সময় বিমানবন্দর থেকেই ইভা বার্তা পাঠিয়ে সাহায্য চেয়েছিলেন। এরপর তাঁর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
ইভাকে আটকের বিষয়ে মার্কিন স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ বলেছে, তাঁর সাময়িক ভিসার মেয়াদ ২০১৬ সালের সেপ্টেম্বরে শেষ হয়েছিল। বিভাগটির দাবি, তাঁর আশ্রয়ের আবেদন বিচারাধীন থাকলেও সেটি তাঁকে বৈধ অভিবাসন মর্যাদা দেয়নি। যুক্তরাষ্ট্রে পড়াশোনার অনুমতিও তাঁর ছিল না বলে দাবি করেছে বিভাগটি। অন্যদিকে ইভার আইনজীবী কেরি ডয়েল বলেছেন, ইভা ১৪ বছর বয়সে পরিবারের সঙ্গে চীন থেকে যুক্তরাষ্ট্রে আসেন। তাঁর আশ্রয়ের আবেদন দীর্ঘদিন ধরে বিচারাধীন রয়েছে। আইনজীবীর দাবি, আবেদন বিবেচনাধীন থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রে বসবাস, কাজ ও পড়াশোনা করার অনুমতি তাঁর রয়েছে।
এদিকে ইভার আটকের বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে আবেদন করেছেন তাঁর আইনজীবীরা। এক বিচারক আইসিইকে ইভাকে ভার্জিনিয়ার বাইরে সরিয়ে না নেওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি বুধবারের মধ্যে সরকারের কাছে এ বিষয়ে জবাব চেয়েছেন আদালত। তবে এই নির্দেশের অর্থ ইভাকে মুক্তি দেওয়া নয়।ইভার মুক্তির দাবিতে প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সহকর্মী ও শিক্ষার্থীরা সরব হয়েছেন। নিউ জার্সির দুই সিনেটর কোরি বুকার ও অ্যান্ডি কিমও তাঁর আটকের বিষয়ে কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চেয়েছেন। ইভা প্রিন্সটনের স্নায়ুবিজ্ঞান ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের পিএইচডি গবেষক। তাঁর গবেষণার বিষয় মানুষের মস্তিষ্ক কীভাবে সিদ্ধান্ত নেয়। বিমানবন্দরে আটকের পর তাঁর ভবিষ্যৎ পড়াশোনা ও গবেষণা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।