শিক্ষার্থীকে বাঁচাতে গিয়ে একদল শিক্ষার্থীর হাতে মারধরের শিকার হলেন মার্কিন প্রধান শিক্ষক
স্কুলের এক শিক্ষার্থীকে অন্য এক ব্যক্তির হামলা থেকে বাঁচাতে এগিয়ে গিয়েছিলেন প্রধান শিক্ষক। কিন্তু সেই চেষ্টার সময় কয়েকজন শিক্ষার্থী মিলে তাঁকেই মাটিতে ফেলে মারধর করে। গুরুতর আঘাত নিয়ে চিকিৎসা নিতে হয় তাঁকে।
নিজের স্কুলের এক শিক্ষার্থীকে হামলা থেকে রক্ষা করতে গিয়ে কয়েকজন শিক্ষার্থীর মারধরের শিকার হয়েছেন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের এক প্রধান শিক্ষক। তাঁকে মাটিতে ফেলে মাথায় বারবার লাথি মারা হয়। শরীরের বিভিন্ন জায়গায় ঘুষিও দেওয়া হয়। হামলায় মাথায় আঘাত পাওয়ার পাশাপাশি হাত কেটে যায় তাঁর। মাথা থেকে অনেক চুলও উঠে যায়।
ঘটনাটি ঘটে ১২ নভেম্বর বিকেলে হ্যারিসবার্গ শহরের ক্যাম্প কার্টিন একাডেমিতে। স্কুলটির প্রধান শিক্ষক রায়ান জোনস তখন ছুটির পর শিক্ষার্থীদের বাসে ওঠার বিষয়টি দেখভাল করছিলেন। এ সময় কয়েকজন শিক্ষার্থী নির্ধারিত বাসে না উঠে স্কুলের সামনে জড়ো হচ্ছিল। পরিস্থিতি দেখে তাঁদের মধ্যে মারামারি হতে পারে বলে সন্দেহ হয় জোনসের। তিনি অন্য শিক্ষকদেরও সেখানে আসতে বলেন।
এরপর স্কুলের বাইরে এক অপরিচিত ব্যক্তিকে দেখতে পান তিনি। ওই ব্যক্তির মাথায় কাপড় ও গায়ে হুডি ছিল। স্কুলের শিক্ষক ও নিরাপত্তাকর্মীরা তাঁকে একাধিকবার স্কুল এলাকা ছেড়ে যেতে বললেও তিনি রাজি হননি। স্কুল কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, ওই ব্যক্তি স্কুলের এক শিক্ষার্থীকে লক্ষ্য করে হামলা চালাতে এসেছিলেন। এ জন্য কয়েকজন শিক্ষার্থীকেও সঙ্গে নিয়েছিলেন তিনি। বিষয়টি বুঝতে পেরে জোনস লক্ষ্যবস্তু হওয়া শিক্ষার্থীর পরিবারের সঙ্গে কথা বলেন এবং পুলিশের সহায়তা চান।
কিন্তু পুলিশ আসার আগেই ওই ব্যক্তি শিক্ষার্থীটির দিকে তেড়ে যান এবং তাকে, তার পরিবারের একজন সদস্য ও স্কুলের কর্মীদের ক্ষতি করার হুমকি দেন। শিক্ষার্থীকে রক্ষা করতে জোনস সামনে এগিয়ে গিয়ে তাঁর পথ আটকে দেন। ওই ব্যক্তি তাঁকে ঘুষি মারার চেষ্টা করলেও তিনি সরে যান। পরে তাঁকে ধরে থামানোর চেষ্টা করেন জোনস। এ সময় দুজনই ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যান।
এরপর পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। স্কুল কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, ওই ব্যক্তির বন্ধু ও আত্মীয় পরিচয় দেওয়া কয়েকজন শিক্ষার্থী মাটিতে পড়ে থাকা জোনসের মাথায় বারবার লাথি মারে। পিঠ, কোমর ও শরীরের বিভিন্ন জায়গায় ঘুষিও দেয় তারা। হামলার পর ওই অপরিচিত ব্যক্তি পুলিশ আসার আগেই স্কুল এলাকা ছেড়ে পালিয়ে যান। পরে হ্যারিসবার্গ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই ব্যক্তির ভাই বা বোন, যিনি একই স্কুলের শিক্ষার্থী, তাঁকে পুলিশ আটক করে। এরপর জোনস চিকিৎসা নিতে যান।
ঘটনার পর স্কুল কর্তৃপক্ষ হামলায় জড়িত শিক্ষার্থীদের বিরুদ্ধে আনুষ্ঠানিক শৃঙ্খলামূলক শুনানি করে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। কয়েকজন শিক্ষার্থীর অভিভাবক স্কুল কর্তৃপক্ষের কাছে দুঃখ প্রকাশ করেন। এমনকি হামলায় অংশ নেওয়া একজন শিক্ষার্থী প্রধান শিক্ষকের কাছে লিখিতভাবে ক্ষমাও চেয়েছে। স্কুল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, জোনসের পদক্ষেপের উদ্দেশ্য ছিল একজন শিক্ষার্থীকে বিপদের হাত থেকে রক্ষা করা। শিক্ষার্থী ও শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা কাজ চালিয়ে যাবে। ঘটনার বিষয়ে হ্যারিসবার্গ স্কুল জেলা ২১ নভেম্বর বিস্তারিত বিবৃতি প্রকাশ করে। তবে হামলায় জড়িত প্রত্যেকের বিরুদ্ধে কী ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।