আগামী দিনে বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় জনগোষ্ঠী হতে পারেন মুসলমান, বাংলাদেশের অবস্থান কোথায়?
বিশ্বের ধর্মীয় জনসংখ্যার হিসাবে বড় পরিবর্তনের আভাস দিয়েছে পিউ রিসার্চ সেন্টার। তাদের ধারণা, ২০৩৫ সালের মধ্যেই খ্রিষ্টানদের ছাড়িয়ে যেতে পারেন মুসলমানেরা। এই হিসাবে বাংলাদেশ কোন অবস্থানে থাকবে, তা নিয়েও রয়েছে গুরুত্বপূর্ণ তথ্য।
বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় জনগোষ্ঠীর জায়গায় আসতে পারে পরিবর্তন। এত দিন সংখ্যার হিসাবে খ্রিষ্টানরা শীর্ষে থাকলেও আগামী কয়েক বছরের মধ্যে সেই অবস্থান মুসলমানদের দখলে যেতে পারে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের নতুন এক গবেষণায় এমন পূর্বাভাস দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির হিসাব অনুযায়ী, ২০৩৫ সালে বিশ্বে মুসলমানের সংখ্যা দাঁড়াতে পারে প্রায় ২৫৭ কোটি। অন্যদিকে খ্রিষ্টানদের সংখ্যা হতে পারে প্রায় ২৫২ কোটি। অর্থাৎ ওই সময় মুসলমানের সংখ্যা খ্রিষ্টানদের চেয়ে প্রায় ৫ কোটি বেশি হতে পারে।
গবেষণায় আরও বলা হয়েছে, এই ধারা অব্যাহত থাকলে ২০৭০ সালে বিশ্বে মুসলমানের সংখ্যা ৩৬০ কোটির বেশি হতে পারে। একই সময়ে খ্রিষ্টানদের সংখ্যা ৩০০ কোটির কিছু কম থাকার ধারণা করা হয়েছে। তখন বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ৩৬ শতাংশ হবেন মুসলমান। ২০২০ সালে এই হার ছিল প্রায় ২৬ শতাংশ। মুসলমানের সংখ্যা দ্রুত বাড়ার পেছনে বড় কারণ হিসেবে সন্তান জন্মের হারকে চিহ্নিত করেছে গবেষণা প্রতিষ্ঠানটি। তাদের হিসাব অনুযায়ী, ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে একজন মুসলিম নারী গড়ে ৩ দশমিক ১টি সন্তানের জন্ম দিয়েছেন। খ্রিষ্টান নারীদের ক্ষেত্রে এই হার ২ দশমিক ৫। অন্য ধর্মের নারীদের গড় সন্তান জন্মের হার ছিল ১ দশমিক ৬।
এ ছাড়া মুসলমানদের গড় বয়স তুলনামূলক কম হওয়ায় তাঁদের মধ্যে সন্তান জন্মদানের উপযোগী বয়সের মানুষের সংখ্যাও বেশি। ফলে আগামী কয়েক দশকে এই জনগোষ্ঠীর সংখ্যা আরও দ্রুত বাড়তে পারে বলে মনে করছে গবেষকেরা। তবে মুসলমানের সংখ্যা বাড়ার প্রধান কারণ ধর্ম পরিবর্তন নয়। গবেষণায় বলা হয়েছে, নতুন করে ইসলাম গ্রহণের চেয়ে জন্মের মাধ্যমে জনসংখ্যা বৃদ্ধির প্রভাব অনেক বেশি। একইভাবে খ্রিষ্টান জনগোষ্ঠীর সংখ্যাও বাড়বে, তবে মুসলমানদের তুলনায় ধীর গতিতে।
এবার বাংলাদেশের অবস্থানের কথায় আসা যাক। পিউ রিসার্চ সেন্টারের পূর্বাভাস অনুযায়ী, ২০৭০ সালে মুসলিম জনসংখ্যার হিসাবে বাংলাদেশ বিশ্বের পঞ্চম বৃহত্তম দেশ হতে পারে। ওই সময় দেশের মোট জনসংখ্যার প্রায় ৯২ শতাংশ মুসলমান হওয়ার ধারণা করা হয়েছে। তবে মনে রাখতে হবে, এসব সংখ্যা নিশ্চিত ফল নয়। জন্মহার, মানুষের গড় বয়স, দেশান্তর এবং ধর্মীয় পরিচয়ের পরিবর্তনের মতো বিষয় বিবেচনা করে গবেষকেরা এই হিসাব করেছেন। সময়ের সঙ্গে এসব পরিস্থিতি বদলালে পূর্বাভাসেও পরিবর্তন আসতে পারে। পিউ রিসার্চ সেন্টারের এই গবেষণায় ২০২০ থেকে ২০৭০ সাল পর্যন্ত বিশ্বের ২০১টি দেশ ও অঞ্চলের ধর্মীয় জনসংখ্যার সম্ভাব্য পরিবর্তন তুলে ধরা হয়েছে।






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।