সিজারিয়ানে মৃত্যুর পর ১৯ বছরের সোফিয়ার দেহে চারটি অঙ্গ না পেয়ে হতবাক পরিবার
সিজারিয়ানের সময় জটিলতায় ১৯ বছর বয়সী সোফিয়ার মৃত্যু। শেষকৃত্যের প্রস্তুতির সময় পরিবার জানতে পারে, তাঁর হৃদ্যন্ত্রসহ কয়েকটি অঙ্গ হাসপাতালের হেফাজতে রাখা হয়েছে। ঘটনা ঘিরে তদন্ত শুরু হয়েছে।
মেক্সিকোর মনতেরেই শহরে সিজারিয়ান অস্ত্রোপচারের সময় জটিলতা দেখা দেওয়ার পর ১৯ বছর বয়সী সোফিয়া কালদেরনের মৃত্যু হয়েছে। তবে তাঁর মৃত্যুর প্রায় চার মাস পর শেষকৃত্যের প্রস্তুতি নিতে গিয়ে পরিবার জানতে পারে, মৃতদেহ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্গ সরিয়ে হাসপাতালের প্যাথলজি বিভাগে সংরক্ষণ করা হয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
গত ১৯ জুলাই মেক্সিকান সামাজিক নিরাপত্তা ইনস্টিটিউটের (আইএমএসএস) ২৩ নম্বর স্ত্রীরোগ ও প্রসূতি হাসপাতালে এ ঘটনা ঘটে। অস্ত্রোপচারের জটিলতায় সোফিয়ার মৃত্যু হলেও তাঁর নবজাতক সন্তান বেঁচে যায়।
সোফিয়ার মা পাত্রিসিয়া হুয়ারেস স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, মেয়ের মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য তাঁরা হাসপাতালকে ময়নাতদন্তের অনুমতি দিয়েছিলেন। কিন্তু মৃতদেহ হস্তান্তরের পর শেষকৃত্যের প্রস্তুতির সময় সংশ্লিষ্ট কর্মীদের কাছ থেকে তাঁরা জানতে পারেন, সোফিয়ার হৃদ্যন্ত্র, যকৃৎ, অগ্ন্যাশয় এবং অন্ত্রের একটি অংশ দেহে নেই।
মায়ের অভিযোগ, ময়নাতদন্তের অনুমতি নেওয়ার সময় এসব অঙ্গ সরিয়ে সংরক্ষণ করার বিষয়ে পরিবারকে কিছু জানানো হয়নি। বিষয়টি জানার পর তাঁরা ক্ষোভ প্রকাশ করেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।
ঘটনার প্রায় চার মাস পর নভেম্বরে আইএমএসএস এক বিবৃতিতে জানায়, মৃত্যুর কারণ নির্ধারণের জন্য ময়নাতদন্তের পর অঙ্গগুলো শনাক্ত করে হাসপাতালের প্যাথলজি বিভাগে সংরক্ষণ করা হয়েছে। তবে পরিবারকে যথাসময়ে বিষয়টি পরিষ্কারভাবে জানানো হয়নি বলে সংস্থাটি স্বীকার করেছে।
আইএমএসএস আরও জানিয়েছে, সোফিয়ার মায়ের অনুরোধে চিকিৎসাসংক্রান্ত নথির অনুলিপি দেওয়ার ব্যবস্থা করা হবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অঙ্গগুলো হাসপাতালের হেফাজতে থাকবে। এরপর সেগুলো গ্রহণের বিষয়ে পরিবারের সিদ্ধান্তকে সম্মান করা হবে।
নুয়েভো লেওনের উপপ্রসিকিউটর লুইস এনরিকে ওরোস্কো সুয়ারেস জানান, সোফিয়ার পরিবার গত আগস্টে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে। এতে চিকিৎসায় সম্ভাব্য অবহেলা বা ত্রুটির বিষয়টিও তুলে ধরা হয়েছে।
বর্তমানে তদন্তকারীরা সোফিয়ার মৃত্যুর প্রকৃত কারণ এবং কোন প্রক্রিয়ায় তাঁর শরীর থেকে অঙ্গগুলো সরিয়ে সংরক্ষণ করা হয়েছে, তা খতিয়ে দেখছেন। সংশ্লিষ্ট হাসপাতালটি কেন্দ্রীয় সরকারের একটি সংস্থার অধীন হওয়ায় মামলার নথি কেন্দ্রীয় প্রসিকিউটরের দপ্তরে পাঠানোর বিষয়টিও বিবেচনা করছে অঙ্গরাজ্যের কর্তৃপক্ষ।






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।