নিউইয়র্কে ডেলিভারি কর্মী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের অধিকার শেখাতে ২১ লাখ ডলার বরাদ্দ
কর্মক্ষেত্রে হয়রানি, অন্যায্যভাবে অ্যাকাউন্ট বন্ধ এবং শ্রম অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে লড়তে কর্মীদের প্রশিক্ষণ দেবে পাঁচটি সংগঠন।
৫৬,৬০১ বার পড়া হয়েছে ১ মিনিটে পড়ুন
নিউইয়র্ক শহরে ডেলিভারি কর্মী, রাস্তার ক্ষুদ্র ব্যবসায়ীসহ বিভিন্ন অনানুষ্ঠানিক খাতে কাজ করা মানুষের শ্রম অধিকার সম্পর্কে সচেতনতা বাড়াতে ২১ লাখ ডলার বরাদ্দ দিয়েছে নিউইয়র্ক সিটি কাউন্সিল।
২২ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম বুশউইক ডেইলি। গত ১৯ নভেম্বর নিউইয়র্ক সিটি কাউন্সিলের স্পিকার জুলি মেনিন ও কয়েকজন কাউন্সিল সদস্য এ বিনিয়োগের ঘোষণা দেন।
এই অর্থ পাঁচটি শ্রম অধিকারবিষয়ক সংগঠনের মাধ্যমে ব্যয় করা হবে। সংগঠনগুলো হলো স্ট্রিট ভেন্ডর প্রজেক্ট, ওয়ার্কার্স জাস্টিস প্রজেক্ট, কনসোর্টিয়াম ফর ওয়ার্কার এডুকেশন, আফ্রিকান কমিউনিটিজ টুগেদার এবং লন্ড্রি ওয়ার্কার্স সেন্টার।
এই উদ্যোগের আওতায় কর্মীদের শ্রম আইন, ন্যায্য মজুরি, কর্মক্ষেত্রে অধিকার এবং অভিযোগ জানানোর পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি শ্রম অধিকার লঙ্ঘনের শিকার হলে কীভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করতে হবে, সে বিষয়েও সহায়তা দেওয়া হবে।
বিশেষ করে অ্যাপভিত্তিক খাবার সরবরাহকারী কর্মীদের জন্য বিষয়টি গুরুত্বপূর্ণ। অনেক সময় বিভিন্ন ডেলিভারি অ্যাপের স্বয়ংক্রিয় ব্যবস্থার কারণে কর্মীদের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়। অন্যায্যভাবে অ্যাকাউন্ট বন্ধ হওয়া ঠেকানো এবং এ ধরনের সিদ্ধান্ত পর্যবেক্ষণেও অর্থায়ন করা হবে।
ডেলিভারি, নির্মাণ, পরিবহন, পরিচ্ছন্নতা, খাবার সরবরাহ, গৃহস্বাস্থ্যসেবা, লন্ড্রি ও গুদাম ব্যবস্থাপনার মতো খাতে কর্মরত মানুষ এ উদ্যোগের আওতায় আসবেন।
নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের অনেকেই ডেলিভারি, পরিবহন ও বিভিন্ন সেবামূলক পেশায় কাজ করেন। তাই শ্রম অধিকার সম্পর্কে প্রশিক্ষণ এবং অভিযোগ জানানোর সুযোগ তাঁদের জন্যও গুরুত্বপূর্ণ হতে পারে।






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।