নিউইয়র্কে টানা ১০ সপ্তাহ বাড়ছে ফ্লু সংক্রমণ, এক সপ্তাহেই আক্রান্ত ৬ হাজারের বেশি
থ্যাংকসগিভিং ও ছুটির মৌসুম সামনে রেখে শিশু, বয়স্ক ও পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে নিউইয়র্ক স্বাস্থ্য বিভাগ।
নিউইয়র্ক শহরে ফ্লু বা ইনফ্লুয়েঞ্জার সংক্রমণ টানা ১০ সপ্তাহ ধরে বাড়ছে। শীতের মৌসুম ও থ্যাংকসগিভিং ছুটিকে সামনে রেখে বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে নগর স্বাস্থ্য বিভাগ। বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি ও দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকিতে থাকা মানুষের প্রতি বাড়তি নজর দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
নিউইয়র্ক সিটি স্বাস্থ্য বিভাগের ১৯ নভেম্বর প্রকাশিত তথ্য অনুযায়ী, সর্বশেষ এক সপ্তাহেই শহরের পাঁচটি বরোতে ৬ হাজার ৪৬৭টি ফ্লু সংক্রমণের ঘটনা শনাক্ত হয়েছে। একই সময়ে জরুরি বিভাগে আসা রোগীদের মধ্যে ফ্লু-সম্পর্কিত রোগীর হার ২ শতাংশ ছাড়িয়েছে। স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, চলতি বছর গত দুই মৌসুমের তুলনায় আগেই ফ্লুর সংক্রমণ বাড়তে শুরু করেছে। সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে সংক্রমণ বাড়লেও অক্টোবরের শেষ দিক থেকে বৃদ্ধির গতি আরও বেড়েছে।
স্বাস্থ্য বিভাগ সবাইকে নিয়মিত ফ্লুর টিকা নেওয়ার পরামর্শ দিয়েছে। ছয় মাস বা তার বেশি বয়সী প্রত্যেকের জন্য প্রতিবছর ফ্লুর টিকা নেওয়ার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি যোগ্য ব্যক্তিদের হালনাগাদ কোভিড-১৯ ও আরএসভি টিকা নেওয়ার কথাও বলা হয়েছে। কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী, জ্বর, কাশি কিংবা গলাব্যথার মতো উপসর্গ দেখা দিলে বাড়িতে থাকা উচিত। নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া, কাশি বা হাঁচির সময় মুখ ঢেকে রাখা এবং ঘরের বাতাস চলাচলের ব্যবস্থা রাখাও জরুরি। প্রয়োজন অনুযায়ী মাস্ক ব্যবহার করতে বলা হয়েছে।
বাংলাদেশি প্রবাসীদের জন্যও এই সতর্কতা গুরুত্বপূর্ণ। বিশেষ করে যেসব পরিবারে ছোট শিশু, বয়স্ক বাবা-মা কিংবা অসুস্থ সদস্য রয়েছেন, তাঁদের স্বাস্থ্য সুরক্ষায় বাড়তি সতর্কতা প্রয়োজন। ছুটির দিনে আত্মীয়স্বজনের সঙ্গে মিলিত হওয়ার আগে অসুস্থ ব্যক্তিদের অন্যদের কাছ থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। নিউইয়র্কে কোথায় ফ্লু ও অন্যান্য টিকা পাওয়া যাচ্ছে, তা জানতে নগর স্বাস্থ্য বিভাগের টিকা খোঁজার মানচিত্র ব্যবহার করা যাবে। টিকা কেন্দ্র খুঁজুন: https://a816-health.nyc.gov/hcmap/






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।