থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং: বিমানকে পাশ কাটিয়ে অসম চুক্তি?
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং পরিচালনা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। দীর্ঘদিনের অভিজ্ঞতা থাকা সত্ত্বেও জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে এই প্রক্রিয়ায় যথাযথভাবে সম্পৃক্ত না করার অভিযোগ উঠেছে। জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে প্রস্তাবিত চুক্তির পাঁচটি শর্ত ঘিরে প্রশ্ন উঠেছে রাজস্ব ভাগাভাগি, আর্থিক দায়, আইনি সুরক্ষা এবং ভবিষ্যতে প্রতিযোগী বিমানবন্দর স্থাপনের সুযোগ নিয়ে। বেবিচকের সাবেক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমানও বিষয়টি নিয়ে নিজের বক্তব্য দিয়েছেন। চূড়ান্ত চুক্তি অনুমোদনের আগে জাতীয় স্বার্থ ও বিমানের অবস্থান কতটা গুরুত্ব পায়, এখন সেদিকেই নজর সংশ্লিষ্ট মহলের।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং পরিচালনায় জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে পাশ কাটিয়ে অন্যায্য, অযৌক্তিক ও অসম চুক্তির বিষয়ে দেরিতে হলেও সরব হচ্ছে সংশ্লিষ্ট মহল।
দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়ে নীরবতা থাকলেও ইতোমধ্যে থার্ড টার্মিনালের অপারেশন ও গ্রাউন্ড হ্যান্ডলিং বিষয়ে পাঁচটি অসম চুক্তির শর্ত পাবলিক হয়েছে। আর তা প্রকাশ্যে আসার পরই প্রশ্ন উঠেছে — অর্ধ শতাব্দীর অভিজ্ঞতা সম্পন্ন একটি জাতীয় প্রতিষ্ঠানকে কেন এই প্রক্রিয়া থেকে দূরে রাখা হলো?
*বিমানকে সম্পৃক্ত না করা রহস্যজনক*
সংশ্লিষ্টদের মতে, গ্রাউন্ড হ্যান্ডলিং বিষয়ে জাপান কনসোর্টিয়ামের সঙ্গে ডিলিংসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কোনো প্রতিনিধিকে সম্পৃক্ত না করা রহস্যজনক।
অথচ গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের ভালো-মন্দ, সুবিধা-অসুবিধা উপস্থাপনে বিশেষজ্ঞ পর্যায়ের অনেক কর্মকর্তা এখনো বিমানে কর্মরত রয়েছেন। দেশের বিমানবন্দরগুলোতে দীর্ঘদিন ধরে গ্রাউন্ড হ্যান্ডলিং পরিচালনার বাস্তব অভিজ্ঞতা রয়েছে তাদের।
এমন একটি গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর চুক্তিতে সেই অভিজ্ঞতাকে কাজে না লাগানো জাতীয় স্বার্থের পরিপন্থী বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
*আরও অসঙ্গতি ধরা পড়বে*
বিমানের বিশেষজ্ঞ পর্যায়ের কর্মকর্তাদের দিয়ে ওই চুক্তি পর্যালোচনা করা হলে আরও অনেক অসঙ্গতি ধরা পড়বে বলে প্রতীয়মান হচ্ছে। ইতোমধ্যে পাবলিক হওয়া পাঁচটি শর্তেই অসমতা স্পষ্ট বলে দাবি সংশ্লিষ্টদের।
তাদের বক্তব্য, চুক্তির শর্তগুলো যাচাই-বাছাই ছাড়া বাস্তবায়ন হলে দীর্ঘ মেয়াদে দেশের ক্ষতি হবে। লাভবান হবে বিদেশি পক্ষ, আর বঞ্চিত হবে দেশীয় প্রতিষ্ঠান ও দেশীয় জনবল।
*বিমান কর্তৃপক্ষের কাছে প্রত্যাশা*
এ অবস্থায় বিমান কর্তৃপক্ষের কাছে প্রত্যাশা, থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং বিষয়ে তারা নিজেদের অবস্থান পাবলিক করবেন। নীরব না থেকে জাতীয় প্রতিষ্ঠান হিসেবে নিজেদের সক্ষমতা, অভিজ্ঞতা ও যৌক্তিক দাবি তুলে ধরবেন।
*জোর দাবি: বিমানের হাতেই গ্রাউন্ড হ্যান্ডলিং*
জাতীয় নিরাপত্তা ও দক্ষতা বিবেচনায় থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হাতেই ন্যস্ত করার জোর দাবি জানানো হচ্ছে।
সংশ্লিষ্টদের মতে, বিমানবন্দরের মতো স্পর্শকাতর স্থাপনার গ্রাউন্ড হ্যান্ডলিং কোনোভাবেই দেশের নিয়ন্ত্রণের বাইরে যাওয়া উচিত নয়। জাতীয় পতাকাবাহী প্রতিষ্ঠানের হাতে এটি থাকলেই নিরাপত্তা, জবাবদিহি ও দক্ষতা — তিনটিই নিশ্চিত হবে।
পাঁচটি শর্ত নিয়ে মূলত বিতর্ক তৈরি হয়েছে। এর মধ্যে ৪টি নিয়ে সরাসরি মতবিরোধ ছিল, আর ৫মটি হলো প্রতিযোগী বিমানবন্দর সংক্রান্ত নিষেধাজ্ঞা।
১. বিমানের ওপর গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায় ও ঝুঁকি
থার্ড টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপানি কনসোর্টিয়ামের হাতে থাকলেও গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমের সার্বিক দায়-দায়িত্ব ও ঝুঁকি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকেই বহন করতে হবে।
আবার এই কাজের বিপরীতে বিমান আয়ের অংশ পাবে কি না, তার নিশ্চয়তা সরকারকে দিতে হবে। এছাড়া বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের জন্য প্রযোজ্য পেমেন্ট সংক্রান্ত শর্ত বিমানের নিজস্ব এয়ারলাইন ব্যবসার ওপরও চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, যদিও দুটি সম্পূর্ণ আলাদা বাণিজ্যিক কার্যক্রম।
২. রাজস্ব ভাগাভাগিতে ছাড়
চুক্তি অনুযায়ী বাংলাদেশের পাওয়ার কথা ছিল *২৭% রাজস্ব*।
কিন্তু অপারেশনাল প্রস্তুতি পর্ব অর্থাৎ OPCT চলাকালীন *৮ মাসের জন্য মাত্র ১৩.৫%* রাজস্ব দেওয়ার প্রস্তাব দিয়েছে জাপানি পক্ষ। অর্থাৎ নির্ধারিত হারের চেয়ে প্রায় ১৩.৫-১৪ শতাংশ কম রাজস্ব পাবে বাংলাদেশ।
পূর্ণাঙ্গ অপারেশন শুরু হলে ২৭% কার্যকর হবে বলে বলা হলেও, ট্রানজিশন পিরিয়ডের হার ও মেয়াদ নিয়ে অস্পষ্টতা ছিল।
৩. আইন পরিবর্তনে বিশেষ সুরক্ষা ও দায়মুক্তি - Change in Law
জাপানি পক্ষ চেয়েছে, বাংলাদেশে সাধারণ কোনো আইন পরিবর্তন হলে তা তাদের ওপর প্রযোজ্য হবে না। তাদের বিশেষ আইনি সুরক্ষা, দায়মুক্তি বা ছাড় দিতে হবে।
বাংলাদেশের অবস্থান ছিল, দেশের সব বিদেশি বিনিয়োগকারীর জন্য সাধারণ আইন হলে তা সবার ক্ষেত্রেই প্রযোজ্য হবে, কোনো একটি প্রতিষ্ঠানকে আলাদা সুবিধা দেওয়া যাবে না। 89cd
৪. নির্মাণত্রুটির দায় - Defect Liability Period
থার্ড টার্মিনাল প্রকল্পের ত্রুটি শনাক্ত ও সংশোধনের দায় কতদিন থাকবে, তা নিয়ে বিরোধ ছিল।
রিপোর্ট অনুযায়ী, *ডিফেক্ট লায়াবিলিটি পিরিয়ড (DLP) ১২ মাস* নির্ধারণের বিষয়টি সামনে এসেছে। সমালোচকদের মতে, এত বড় প্রকল্পে এই সময়সীমা যথেষ্ট নয়, ত্রুটি পরে ধরা পড়লে দায় কে নেবে তা স্পষ্ট নয়।
৫. ১০০ কিলোমিটারের মধ্যে ১৫ বছর প্রতিযোগী বিমানবন্দর নয়
এটাই সবচেয়ে বিতর্কিত শর্ত।
শাহজালাল বিমানবন্দরের *১০০ কিলোমিটারের মধ্যে আগামী ১৫ বছর কোনো প্রতিযোগী বেসামরিক বিমানবন্দর বাণিজ্যিকভাবে চালু করা যাবে না*।
তবে পরিকল্পনা বা নির্মাণকাজ এবং সামরিক স্থাপনা তৈরিতে বাধা থাকবে না বলে বলা হয়েছে।
এর সঙ্গে আরও একটি শর্ত যুক্ত — থার্ড টার্মিনাল চালু হলে *১ম ও ২য় টার্মিনাল দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ* রাখার বিষয়টি। এ নিয়ে সংসদীয় স্থায়ী কমিটিতেও সমালোচনা হয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক এর সাবেক চেয়ারম্যান, এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান সিএসবিনিউজ'কে বলেন, জাপান আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র। টার্মিনাল এক ও দুই বন্ধ হয়ে যাওয়ার কারণ হিসেবে অর্থনৈতিক ভাগ বটারটাকেই কারণ হিসেবে দেখছেন তিনি। জনগন টার্মিনাল বন্ধের ইস্যুতে উদ্বিগ্ন হওয়াটা স্বাভাবিক কারণ তাদের কাছে এখনো পৌঁছাতে পারেনি। তিনি জানান আমাদের মন্ত্রী শিওর করেছেন হজ, ডোমেস্টিক এবং ন্যারো বডি চলবে।
উল্লেখ্য বেবিচকের আপত্তি থাকা সত্ত্বেও মন্ত্রণালয় এই শর্তগুলো অনুমোদন করেছে বলে সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। চূড়ান্ত চুক্তি এখনো আইন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ও অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটির অনুমোদনের অপেক্ষায়।
এখন দেখার বিষয়, বিমান কর্তৃপক্ষ এই বিষয়ে কতটা সোচ্চার হয় এবং সরকার বিষয়টি কতটা গুরুত্বের সঙ্গে পুনর্বিবেচনা করে।






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।