বাসযাত্রীদের সঙ্গে ধস্তাধস্তির ঘটনায় নিউইয়র্কের ৯ পরিবহনকর্মীর চাকরি যেতে পারে
বাসে ভাড়া পরীক্ষা করতে গিয়ে যাত্রীদের সঙ্গে ধস্তাধস্তির ঘটনায় নিউইয়র্কের ৯ পরিবহনকর্মী চাকরি হারাতে পারেন। তদন্তে তাঁদের বিরুদ্ধে নিয়ম ভাঙার প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
নিউইয়র্কের বাসে যাত্রীদের সঙ্গে ধস্তাধস্তির ঘটনায় ৯ জন পরিবহনকর্মী চাকরি হারাতে পারেন। বাসে যাত্রীরা ভাড়া দিয়েছেন কি না, তা পরীক্ষা করার দায়িত্বে থাকা এই কর্মীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে নগরীর পরিবহন কর্তৃপক্ষ। তাঁদের মধ্যে দুজন তত্ত্বাবধায়কও রয়েছেন।
১৮ নভেম্বর প্রকাশিত তদন্তের ফল অনুযায়ী, দুটি পৃথক ঘটনায় ওই কর্মীরা যাত্রীদের সঙ্গে শারীরিক ধস্তাধস্তিতে জড়িয়েছিলেন। তদন্তকারীরা জানিয়েছেন, দুই ঘটনাতেই কর্মীরা আগে যাত্রীর গায়ে হাত দিয়েছেন এবং জোর করে তাঁকে আটকে রাখার চেষ্টা করেছেন। এতে পরিবহন সংস্থার কর্মক্ষেত্রে সহিংসতা প্রতিরোধের নিয়ম ভাঙা হয়েছে।
প্রথম ঘটনাটি ঘটে ৬ অক্টোবর ব্রুকলিনের একটি বাসে। ওই বাসে থাকা স্কুলের এক কর্মী কাইল টেলরের সঙ্গে ভাড়া পরীক্ষা করতে গিয়ে কর্মীদের ধস্তাধস্তি হয়। টেলরের অভিযোগ, তাঁকে মারধর করে মাটিতে ফেলে দেওয়া হয়েছিল। এ ঘটনায় তিনি পরিবহন কর্তৃপক্ষের বিরুদ্ধে আড়াই কোটি ডলারের ক্ষতিপূরণ চেয়ে মামলাও করেছেন।
দ্বিতীয় ঘটনাটি ঘটে ৬ আগস্ট ব্রঙ্কস এলাকার একটি বাসে। তদন্তে দেখা যায়, ওই ঘটনায় দায়িত্বে থাকা চার কর্মীও এক যাত্রীর সঙ্গে ধস্তাধস্তি করেন এবং তাঁকে জোর করে আটকে রাখেন। দুই ঘটনার ভিডিও, নথিপত্র এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পর্যালোচনা করে তদন্তকারীরা তাঁদের বিরুদ্ধে নিয়ম ভাঙার প্রমাণ পেয়েছেন। তদন্তে আরও বলা হয়েছে, দুই ঘটনায় দায়িত্বে থাকা তত্ত্বাবধায়কেরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেননি। পাশাপাশি ঘটনার সঠিক তথ্য কর্তৃপক্ষকে জানানোর ক্ষেত্রেও নিয়ম মানা হয়নি।
নিউইয়র্কের পরিবহন বিভাগের প্রধান ডেমেট্রিয়াস ক্রিচলো নয়জনের বিরুদ্ধে চাকরি থেকে বরখাস্তসহ কঠোর শাস্তির সুপারিশ করেছেন। তাঁদের শাস্তির সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার আগপর্যন্ত বেতন ছাড়া সাময়িক বরখাস্ত রাখার সুপারিশও করা হয়েছে। তবে এখনো তাঁদের চাকরি থেকে বাদ দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। চুক্তি অনুযায়ী শুনানি ও অন্যান্য প্রক্রিয়া শেষে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে এসব ঘটনার ভিডিও প্রকাশ্যে আসার পর বাসে ভাড়া পরীক্ষা করার এই দলটির প্রায় ৩৫০ সদস্যকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। তাঁদের আবার দায়িত্বে ফেরানোর আগে নতুন করে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যাত্রীদের সঙ্গে কীভাবে শান্তভাবে কথা বলতে হবে এবং উত্তেজনাপূর্ণ পরিস্থিতি কীভাবে সামলাতে হবে, তা শেখানো হচ্ছে। পরিবহন কর্তৃপক্ষ ভবিষ্যতে কর্মীদের শরীরে ক্যামেরা ব্যবহারের পরীক্ষামূলক উদ্যোগ এবং যাত্রীদের অভিযোগ জানানোর জন্য আলাদা ফোনসেবা চালুর পরিকল্পনাও করেছে। তবে কবে নাগাদ দলটির সদস্যরা আবার মাঠে ফিরবেন, তা এখনো জানানো হয়নি।






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।