নতুন শিক্ষাবর্ষের তিন মাস পরও স্কুল বাস পায়নি নিউইয়র্কের ৪৬৭ জন শিক্ষার্থী
নতুন শিক্ষাবর্ষ শুরুর প্রায় তিন মাস পার হলেও নিউইয়র্কের ৪৬৭ শিক্ষার্থী এখনো নির্ধারিত স্কুল বাস পায়নি। তাদের বেশির ভাগই বিশেষ চাহিদাসম্পন্ন শিশু। এতে সন্তানদের স্কুলে পৌঁছে দিতে সমস্যায় পড়ছেন অভিভাবকেরা।
নতুন শিক্ষাবর্ষ শুরুর প্রায় তিন মাস পার হলেও নিউইয়র্ক সিটির ৪৬৭ শিক্ষার্থী এখনো নির্ধারিত স্কুল বাস পায়নি। এসব শিক্ষার্থীর বেশির ভাগই বিশেষ চাহিদাসম্পন্ন শিশু। স্কুলে যাওয়া-আসার জন্য তাদের বাসের ব্যবস্থা প্রয়োজন হলেও এখনো সবার জন্য নির্ধারিত বাসের ব্যবস্থা করতে পারেনি নগর কর্তৃপক্ষ। ১৮ নভেম্বর সিটি কাউন্সিলের এক শুনানিতে এ তথ্য জানান নগরীর শিক্ষা বিভাগের কর্মকর্তারা। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, শিক্ষাবর্ষের শুরুতে প্রায় ২ হাজার শিক্ষার্থীর জন্য কোনো স্কুল বাসের ব্যবস্থা ছিল না। পরে অনেকের জন্য বাসের ব্যবস্থা করা হলেও এখনো ৪৬৭ জন শিক্ষার্থী নির্ধারিত বাস পায়নি।
নিউইয়র্ক সিটির শিক্ষা বিভাগের উপপ্রধান কেভিন মোরান জানান, শিক্ষার্থীদের বাসের চাহিদা বেড়েছে। কিছু শিক্ষার্থী নতুন করে স্কুলে ভর্তি হয়েছে, কেউ স্কুল পরিবর্তন করেছে, আবার কেউ বাসা বদলেছে। নির্ধারিত সময়ের পরে এসব পরিবর্তনের তথ্য আসায় বাসের ব্যবস্থা করতে সমস্যা হয়েছে বলে জানান তিনি। বাসের ব্যবস্থা না থাকায় অনেক অভিভাবককে নিজেরাই সন্তানদের স্কুলে পৌঁছে দিতে হচ্ছে। এতে তাঁদের কাজ ও ব্যক্তিগত সময়ের ওপর চাপ পড়ছে। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্ষেত্রে সমস্যাটি আরও বেশি। কারণ, অনেক শিশুর জন্য স্কুলে যাওয়া-আসায় বাড়তি সহায়তা প্রয়োজন হয়।
শিক্ষা বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, যেসব পরিবারের জন্য এখনো বাসের ব্যবস্থা করা যায়নি, তাদের কয়েকজনকে সাময়িকভাবে গাড়ি ভাড়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তবে এসব গাড়িতে অনেক শিশুর সঙ্গে অভিভাবককেও যেতে হয়। ফলে কর্মজীবী বাবা-মায়ের জন্য এই ব্যবস্থা সব সময় সহজ হচ্ছে না। শুধু বাসের অভাবই নয়, আরও ৩৫০ জনের বেশি শিক্ষার্থী বাসে তাঁদের জন্য প্রয়োজনীয় সহকারীর অপেক্ষায় রয়েছে। বিশেষ চাহিদাসম্পন্ন কিছু শিশুর নিরাপদে যাতায়াতের জন্য এই সহকারীর প্রয়োজন হয়।
শুনানিতে অভিভাবক ও জনপ্রতিনিধিরা বাসের দেরি, চালকের অভাব এবং পরিবহন ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন তোলেন। গত শিক্ষাবর্ষে প্রায় ৯০ হাজার বাস চলাচলের ক্ষেত্রে দেরি হয়েছিল বলেও এক জনপ্রতিনিধি জানান। শিক্ষা বিভাগের কর্মকর্তারা সমস্যার কথা স্বীকার করেছেন। অন্যদিকে, অভিভাবকেরা দ্রুত বাসের ব্যবস্থা এবং সময়মতো স্কুলে পৌঁছানোর নিশ্চয়তা চেয়েছেন। তাঁদের দাবি, পরিবহন সমস্যার কারণে কোনো শিশুর পড়াশোনা যেন ক্ষতিগ্রস্ত না হয়।






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।