বিদেশি সাংবাদিকদের যুক্তরাষ্ট্রে থাকার সময় কমানোর ট্রাম্পের নিয়ম বাতিল করল আদালত
বিদেশি সাংবাদিকদের যুক্তরাষ্ট্রে থাকার সময় কমানোর সিদ্ধান্ত বাতিল করেছে আদালত। একই সঙ্গে আন্তর্জাতিক শিক্ষার্থী ও বিনিময় কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিদের জন্যও স্বস্তি ফিরেছে। আপাতত আগের নিয়মেই থাকতে পারবেন তাঁরা।
বিদেশি সাংবাদিকদের যুক্তরাষ্ট্রে থাকার সময়সীমা কমানোর ট্রাম্প প্রশাসনের নতুন নিয়ম বাতিল করে দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। একই সঙ্গে আন্তর্জাতিক শিক্ষার্থী ও বিনিময় কর্মসূচিতে অংশ নেওয়া বিদেশিদের ওপর নতুন করে সময়সীমা বেঁধে দেওয়ার সিদ্ধান্তও বাতিল হয়েছে। এতে যুক্তরাষ্ট্রে পড়াশোনা, গবেষণা ও সাংবাদিকতার কাজে থাকা বিদেশিদের জন্য স্বস্তির সুযোগ তৈরি হয়েছে।
গত ১৬ নভেম্বর ম্যাসাচুসেটসের ফেডারেল আদালতের বিচারক এফ. ডেনিস সেইলর এই রায় দেন। আদালত ট্রাম্প প্রশাসনের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের তৈরি করা পুরো নিয়মটি বাতিল করেছেন। বিচারকের মতে, নতুন নিয়ম চালুর পক্ষে সরকার যথেষ্ট যুক্তি দেখাতে পারেনি। পাশাপাশি নিয়মটির সম্ভাব্য ক্ষতি ও প্রভাবও যথাযথভাবে বিবেচনা করা হয়নি।
চলতি বছরের ১৭ জুলাই নতুন নিয়মটি প্রকাশ করেছিল হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। এতে বিদেশি সাংবাদিকদের জন্য যুক্তরাষ্ট্রে থাকার সময় সর্বোচ্চ ২৪০ দিন নির্ধারণের প্রস্তাব করা হয়েছিল। তবে চীনের নাগরিক সাংবাদিকদের ক্ষেত্রে এই সময় আরও কমিয়ে ৯০ দিন করার কথা ছিল। নির্ধারিত সময়ের বেশি থাকতে চাইলে তাঁদের নতুন করে থাকার অনুমতির জন্য আবেদন করতে হতো।
শুধু সাংবাদিকরাই নন, নতুন নিয়মের আওতায় আন্তর্জাতিক শিক্ষার্থী ও বিনিময় কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিরাও ছিলেন। এফ-১ ভিসায় পড়াশোনা করতে আসা শিক্ষার্থী এবং জে-১ ভিসায় গবেষক, শিক্ষক ও বিনিময় কর্মসূচিতে আসা ব্যক্তিদের যুক্তরাষ্ট্রে থাকার সময় সর্বোচ্চ চার বছর নির্ধারণের পরিকল্পনা ছিল। চার বছরের বেশি থাকতে হলে তাঁদের নতুন করে অনুমতি নিতে হতো।
আগের নিয়মে বিদেশি শিক্ষার্থীরা তাঁদের অনুমোদিত পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত নির্দিষ্ট শর্ত মেনে যুক্তরাষ্ট্রে থাকতে পারতেন। একইভাবে বিদেশি সাংবাদিকরাও তাঁদের অনুমোদিত কাজের সঙ্গে যুক্ত থাকার শর্ত পূরণ করে সেখানে অবস্থান করতে পারতেন। নতুন নিয়ম চালু হলে এই ব্যবস্থায় বড় পরিবর্তন আসত।
ট্রাম্প প্রশাসনের যুক্তি ছিল, ভিসার অপব্যবহার ঠেকানো এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এই পরিবর্তন প্রয়োজন। তবে শিক্ষাপ্রতিষ্ঠান, সাংবাদিক সংগঠন ও বিভিন্ন শ্রমিক সংগঠন নতুন নিয়মের বিরোধিতা করে আদালতে মামলা করে। তাদের আশঙ্কা ছিল, এই নিয়ম কার্যকর হলে বিদেশি শিক্ষার্থীদের পড়াশোনা ও গবেষণা বাধাগ্রস্ত হবে। একই সঙ্গে বিদেশি সাংবাদিকদের স্বাধীনভাবে সংবাদ সংগ্রহের কাজেও সমস্যা তৈরি হবে। মামলাকারীদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত প্রথমে ১৪ সেপ্টেম্বর নতুন নিয়ম কার্যকর করার ওপর সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছিলেন। পরে ১৬ নভেম্বর চূড়ান্ত রায়ে পুরো নিয়মটি বাতিল করেন। আদালত জানান, সরকার নতুন নিয়মের প্রয়োজনীয়তা ও এর সম্ভাব্য প্রভাব যথাযথভাবে ব্যাখ্যা করতে পারেনি।
এই রায়ের ফলে আপাতত আগের নিয়ম বহাল থাকছে। বিদেশি শিক্ষার্থীরা তাঁদের অনুমোদিত শিক্ষা কার্যক্রমের শর্ত মেনে যুক্তরাষ্ট্রে থাকতে পারবেন। বিদেশি সাংবাদিকদের ক্ষেত্রেও আগের নিয়ম অনুযায়ী অবস্থানের সুযোগ থাকবে। তবে এই সিদ্ধান্তের অর্থ এই নয় যে সবাই ইচ্ছামতো যুক্তরাষ্ট্রে থাকতে পারবেন। শিক্ষার্থী, সাংবাদিক ও বিনিময় কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিদের নিজ নিজ ভিসার শর্ত এবং অনুমোদিত কাজের নিয়ম মেনে চলতে হবে। আদালতের এই রায়ে বিদেশি সাংবাদিক, শিক্ষার্থী ও গবেষকদের যুক্তরাষ্ট্রে থাকার সময়সীমা নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা আপাতত দূর হয়েছে।






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।