অভিবাসীদের জন্য টাকোমার আটককেন্দ্র কিনল মার্কিন সরকার, খরচ ৪৫৩ মিলিয়ন ডলার
অভিবাসীদের আটকে রাখার একটি বড় কেন্দ্র কিনে নিয়েছে মার্কিন সরকার। ৪৫৩ মিলিয়ন ডলারে বিক্রি হওয়া কেন্দ্রটি আগের বেসরকারি প্রতিষ্ঠানই আরও ১০ বছর পরিচালনা করবে।
অভিবাসীদের আটকে রাখার একটি বড় কেন্দ্র ৪৫৩ মিলিয়ন ডলার বা ৪৫ কোটি ৩০ লাখ ডলারে কিনে নিয়েছে মার্কিন সরকার। ওয়াশিংটন অঙ্গরাজ্যের টাকোমা শহরে অবস্থিত এই কেন্দ্রটি আগে বেসরকারি প্রতিষ্ঠান জিইও গ্রুপের মালিকানায় ছিল। প্রতিষ্ঠানটি কেন্দ্রটি সরকারের কাছে বিক্রি করলেও এর পরিচালনার দায়িত্ব আরও ১০ বছর নিজেদের কাছে রাখছে। কেন্দ্রটির নাম নর্থওয়েস্ট আইস প্রসেসিং সেন্টার। এখানে একসঙ্গে প্রায় ১ হাজার ৬৩৫ জনকে আটকে রাখার ব্যবস্থা রয়েছে। ২০০৪ সালে এটি নির্মাণ করা হয়। পরের বছর জিইও গ্রুপ কেন্দ্রটির মালিকানা নেয় এবং পরিচালনা শুরু করে।
জিইও গ্রুপ জানিয়েছে, কেন্দ্রটি বিক্রি করে কর ও অন্যান্য খরচ বাদ দেওয়ার পর তাদের হাতে প্রায় ৩৪০ মিলিয়ন ডলার থাকবে। অন্যদিকে, কেন্দ্রটির দৈনন্দিন কাজ চালানোর জন্য মার্কিন সরকারের সঙ্গে প্রতিষ্ঠানটির নতুন ১০ বছরের চুক্তি হয়েছে। এই চুক্তির মূল্য প্রায় ১৫০ কোটি ডলার। অর্থাৎ মালিকানা সরকারের হাতে গেলেও নিরাপত্তা, খাবার, চিকিৎসাসেবা, রক্ষণাবেক্ষণ ও অন্যান্য কাজ আগের প্রতিষ্ঠানই চালিয়ে যাবে।
মার্কিন স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, এই কেন্দ্র কেনার ফলে অভিবাসন আইন কার্যকর করা এবং যাদের দেশে থাকার বৈধ অনুমতি নেই, তাদের আটক ও ফেরত পাঠানোর কাজে সরকারের সক্ষমতা বাড়বে। নতুন করে কেন্দ্র নির্মাণের জন্য দীর্ঘ সময় অপেক্ষা না করেই সরকার এখানে মানুষ রাখতে পারবে।
তবে এত বিপুল অর্থ দিয়ে কেন্দ্রটি কেনার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। টাকোমা শহরের হিসাবে কেন্দ্রটির সম্পত্তির মূল্য ছিল প্রায় ৭২ দশমিক ৬ মিলিয়ন ডলার। কিন্তু সরকার সেটি কিনেছে ৪৫৩ মিলিয়ন ডলারে। মার্কিন কংগ্রেসের সদস্য প্রমিলা জয়পাল এই দামের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর মতে, করদাতাদের অর্থে একটি বেসরকারি প্রতিষ্ঠানের মালিকদের বড় আর্থিক সুবিধা দেওয়া হয়েছে। তিনি বিষয়টি নিয়ে তদন্তের কথাও জানিয়েছেন।
কেন্দ্রটি নিয়ে আগে থেকেই নানা অভিযোগ রয়েছে। সেখানে আটক ব্যক্তিদের কাছ থেকে খাবার, পানির মান, চিকিৎসাসেবা, পরিচ্ছন্নতা ও নিরাপত্তা নিয়ে হাজার হাজার অভিযোগ জমা পড়েছে। ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্বাস্থ্য বিভাগ এসব অভিযোগ তদন্ত করতে কেন্দ্রটিতে প্রবেশের চেষ্টা করলেও প্রতিষ্ঠানটি একাধিকবার বাধা দিয়েছে বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে রাজ্য সরকার ও জিইও গ্রুপের মধ্যে আইনি বিরোধও চলছে। নতুন করে কেন্দ্রটির মালিকানা মার্কিন সরকারের হাতে যাওয়ায় রাজ্য কর্তৃপক্ষের পরিদর্শন ও নজরদারি আরও কঠিন হতে পারে বলে আশঙ্কা করছেন অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা ব্যক্তিরা। কারণ কেন্দ্রটি এখন সরাসরি কেন্দ্রীয় সরকারের সম্পত্তি। ফলে রাজ্যের আইন প্রয়োগের ক্ষেত্রে নতুন আইনি জটিলতা তৈরি হতে পারে।
অন্যদিকে, জিইও গ্রুপ জানিয়েছে, তারা সরকারের সঙ্গে দীর্ঘদিনের কাজের সম্পর্ক বজায় রাখতে চায়। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী জর্জ জোলি বলেছেন, নতুন চুক্তির আওতায় কেন্দ্রটিতে সেবা দেওয়ার কাজ চালিয়ে যেতে তারা প্রস্তুত। এই বিক্রির ঘটনা এমন সময়ে ঘটল, যখন ট্রাম্প প্রশাসন অভিবাসীদের আটক রাখার জায়গা বাড়ানোর উদ্যোগ নিচ্ছে। এর আগে ক্যালিফোর্নিয়ার আদেলান্তো শহরের আটককেন্দ্রগুলোও সরকার কিনেছে। ফলে বেসরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে আটককেন্দ্র কেনার মাধ্যমে দেশজুড়ে অভিবাসীদের আটকে রাখার ব্যবস্থা বাড়ানোর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।