নিজের বিরুদ্ধে মামলার পর এবার ড. ইউনূসের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামতে চান টিউলিপ
বাংলাদেশে দুর্নীতির মামলায় দুই বছরের কারাদণ্ডের রায়ের পর এবার সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা ভাবছেন যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক। তাঁর দাবি, তাঁকে রাজনৈতিকভাবে হয়রানি করতে মামলা করা হয়েছিল।
বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করছেন যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য টিউলিপ সিদ্দিক। তাঁর দাবি, বাংলাদেশে তাঁর বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির মামলা ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং এর পেছনে সাবেক অন্তর্বর্তী সরকারের ভূমিকা ছিল।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, টিউলিপ একজন অভিজ্ঞ আইনজীবীর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করছেন। ওই আইনজীবী তাঁকে জানিয়েছেন, ড. ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার মতো ভিত্তি থাকতে পারে।সম্প্রতি ‘পলিটিকস আনলিশড’ নামের একটি পডকাস্টে বক্তব্য দিতে গিয়ে টিউলিপ তাঁর বিরুদ্ধে বাংলাদেশে পরিচালিত বিচারপ্রক্রিয়াকে ‘বিদ্বেষমূলক মামলা’ হিসেবে বর্ণনা করেন। তিনি জানান, এ বিষয়ে আইনজীবীদের সঙ্গে আলোচনা করছেন এবং ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার সম্ভাবনা খতিয়ে দেখছেন।
টিউলিপের অভিযোগ, তাঁর বিরুদ্ধে ঠিক কী অভিযোগ আনা হয়েছে, তা জানার জন্য তিনি একাধিকবার চেষ্টা করেছেন। এ বিষয়ে তাঁর আইনজীবীরা বাংলাদেশের সরকারের কাছে চিঠিও পাঠিয়েছিলেন। কিন্তু সেসব চিঠির জবাব পাননি বলে দাবি করেন তিনি।তিনি আরও জানান, লন্ডনের ডরচেস্টার হোটেলে অবস্থানকালে ড. ইউনূসকে হাতে লেখা একটি চিঠি পাঠিয়েছিলেন। তাঁর সঙ্গে সরাসরি দেখা করারও চেষ্টা করেছিলেন। কিন্তু ড. ইউনূস তাঁর সঙ্গে দেখা করতে রাজি হননি বলে টিউলিপ দাবি করেছেন।
টিউলিপ সিদ্দিক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি এবং যুক্তরাজ্যের হ্যাম্পস্টেড ও হাইগেট আসনের সংসদ সদস্য। যুক্তরাজ্যের লেবার পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত টিউলিপ দেশটির সরকারের দুর্নীতিবিরোধী মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ঢাকার উপকণ্ঠে পরিবারের জন্য একটি জমির প্লট বরাদ্দ পেতে শেখ হাসিনাকে প্রভাবিত করার অভিযোগে বাংলাদেশে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়। গত বছরের ডিসেম্বরে ওই মামলায় অনুপস্থিতিতে টিউলিপকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। একই মামলায় আরও ১৬ জনের বিচার হয়।
তবে টিউলিপ শুরু থেকেই তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন। তাঁর দাবি, শেখ হাসিনা ও ড. ইউনূসের মধ্যকার দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধের কারণে তিনি এই পরিস্থিতির শিকার হয়েছেন। অন্যদিকে, টিউলিপের সম্ভাব্য আইনি পদক্ষেপ সম্পর্কে জানতে ড. ইউনূসের দুই ঘনিষ্ঠ সহযোগীর মাধ্যমে যোগাযোগ করা হলেও তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এখন পর্যন্ত টিউলিপ আনুষ্ঠানিকভাবে মামলা দায়ের করেছেন—এমন কোনো তথ্য প্রকাশিত হয়নি। তিনি মূলত আইনজীবীদের সঙ্গে আলোচনা করে আইনি পদক্ষেপের সম্ভাবনা বিবেচনা করছেন। টিউলিপের এই ঘোষণার ফলে বাংলাদেশে তাঁর বিরুদ্ধে করা দুর্নীতির মামলা এবং সাবেক অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। শেষ পর্যন্ত তিনি ড. ইউনূসের বিরুদ্ধে আদালতে যাবেন কি না, সেটিই এখন দেখার বিষয়।






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।