ব্রেকিং
দক্ষিণ ফ্লোরিডায় ভয়াবহ বন্যা, পানিতে তলিয়ে গেছে রাস্তা, বাড়িঘর ও যানবাহনক্যানসারের চিকিৎসা নিয়ে দুশ্চিন্তায় আফগান পরিবার, যুক্তরাষ্ট্রে বন্ধ সরকারি সহায়তাআদালতের নির্দেশ অমান্য করে অভিবাসীকে ফের গ্রেপ্তার, আইসের কাজ নিয়ে প্রশ্ন তুললেন বিচারকযুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হতে বড় জয় পেলেন হাকিম জেফরিসযুদ্ধের ঝুঁকি বাড়লেও ইরানের বিরুদ্ধে হামলার পথ বন্ধ করছেন না ট্রাম্প

আফ্রিকার সঙ্গে বাণিজ্য বাড়াতে ব্যাংকিং জটিলতা দূর করার তাগিদ ডিসিসিআই সভাপতির

আফ্রিকার দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা থাকলেও ব্যাংকিং ব্যবস্থা, আন্তর্জাতিক অর্থ পরিশোধ পদ্ধতি এবং বাণিজ্য অর্থায়নের সীমাবদ্ধতার কারণে তা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। এ পরিস্থিতি পরিবর্তনে আফ্রিকার দেশগুলোর সঙ্গে কার্যকর ব্যাংকিং ও আর্থিক লেনদেন ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ।

ঘানা ও নাইজেরিয়ার প্রতিনিধিদের সঙ্গে ঢাকা চেম্বারের পৃথক বৈঠক।
ঘানা ও নাইজেরিয়ার প্রতিনিধিদের সঙ্গে ঢাকা চেম্বারের পৃথক বৈঠক।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাংলাদেশ সফররত ঘানার অনাবাসিক হাইকমিশনার অধ্যাপক কোয়াসি আবিরি-ডানসো এবং নাইজেরিয়ার লাগোস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ইঞ্জিনিয়ার লেয়ে কুপোলেইয়ের সঙ্গে পৃথক বৈঠকে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে বাংলাদেশ ও আফ্রিকার দেশগুলোর মধ্যে বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ, আমদানি-রপ্তানি এবং প্রযুক্তিগত সহযোগিতার বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

ঘানার হাইকমিশনারকে স্বাগত জানিয়ে তাসকীন আহমেদ বলেন, আফ্রিকার দেশগুলোতে বাণিজ্য ও বিদেশি বিনিয়োগের সম্ভাবনা ক্রমেই বাড়ছে। এ সুযোগ কাজে লাগাতে ঘানা ও বাংলাদেশের বেসরকারি খাতের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, প্রযুক্তিগত সহযোগিতা এবং সরকারি পর্যায়ে নীতিগত সহায়তা প্রয়োজন।

তিনি বলেন, ঘানার ফিনটেক, বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও), সফটওয়্যার ডেভেলপমেন্ট ও ডিজিটাল উদ্ভাবনসহ তথ্যপ্রযুক্তিভিত্তিক সেবা খাতের উন্নয়নে বাংলাদেশের উদ্যোক্তারা সহযোগিতা করতে পারেন। এ ক্ষেত্রে বাংলাদেশি উদ্যোক্তাদের সম্পৃক্ত করার উদ্যোগ নিতে হাইকমিশনারের প্রতি আহ্বান জানান তিনি।

একই সঙ্গে বাংলাদেশ থেকে তৈরি পোশাক, ওষুধ, পাট ও পাটজাত পণ্য, প্লাস্টিক, অটোমোটিভ এবং লাইট ইঞ্জিনিয়ারিং খাতের পণ্য আমদানি বাড়াতে ঘানাসহ আফ্রিকার ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান ডিসিসিআই সভাপতি।

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে ঘানার আগ্রহের কথা জানিয়ে হাইকমিশনার অধ্যাপক কোয়াসি আবিরি-ডানসো বলেন, ঘানার বাজারে বাংলাদেশের পাট ও পাটজাত পণ্য, ওষুধ, তৈরি পোশাক, প্যাকেটজাত খাদ্য এবং প্লাস্টিক পণ্যের ভালো চাহিদা রয়েছে।

তিনি জানান, ঘানা স্বর্ণ ও বিরল মৃত্তিকা খনিজ উৎপাদনকারী দেশগুলোর একটি। এসব পণ্য আমদানির ক্ষেত্রে বাংলাদেশের ব্যবসায়ীরা ঘানাকে সম্ভাব্য উৎস হিসেবে বিবেচনা করতে পারেন।

বাংলাদেশের জ্বালানি তেল আমদানির চ্যালেঞ্জের কথা উল্লেখ করে ঘানা থেকে প্রতিযোগিতামূলক দামে জ্বালানি তেল আমদানির সম্ভাবনা যাচাইয়ের প্রস্তাব দেন তিনি। পাশাপাশি দুই দেশের মধ্যে আন্তসীমান্ত লেনদেন ও অর্থ পরিশোধের জটিলতা দূর করার ওপর গুরুত্বারোপ করেন। তার মতে, কার্যকর ব্যাংকিং ব্যবস্থা এবং আন্তর্জাতিক অর্থ পরিশোধের উপযুক্ত পদ্ধতি নিশ্চিত করা গেলে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও গতিশীল হবে।

অন্যদিকে, নাইজেরিয়ার লাগোস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ইঞ্জিনিয়ার লেয়ে কুপোলেই বলেন, বাংলাদেশ ও নাইজেরিয়া প্রায় একই ধরনের অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারায় এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের ওষুধ, তৈরি পোশাক, পাট ও পাটজাত পণ্য, ফিনটেক সমাধান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) সেবা আমদানিতে নাইজেরিয়ার ব্যবসায়ীদের আগ্রহ রয়েছে।

তিনি বাংলাদেশি উদ্যোক্তাদের নাইজেরিয়া থেকে অপরিশোধিত জ্বালানি তেল, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), ইউরিয়াসহ বিভিন্ন ধরনের সার, কোকো বীজ ও কাজুবাদাম আমদানির সম্ভাবনা বিবেচনার আহ্বান জানান।

বৈঠকে ঢাকা চেম্বারের ইঞ্জিনিয়ার মোস্তফা কামাল ও সাইফ উদ্দৌলাহ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, ঘানা ও নাইজেরিয়ার সঙ্গে বাণিজ্যিক সহযোগিতা বাড়ানো গেলে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণের পাশাপাশি জ্বালানি ও শিল্পের কাঁচামাল আমদানিতে নতুন সম্ভাবনা তৈরি হবে। তবে এ সম্ভাবনা কাজে লাগাতে ব্যাংকিং লেনদেন, বাণিজ্য অর্থায়ন এবং আন্তর্জাতিক অর্থ পরিশোধের বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করা জরুরি।

ট্যাগ: আফ্রিকারবাণিজ্যবাড়াতেব্যাংকিংজটিলতাদূর

প্রতিবেদক

CSB News USA

মন্তব্য ০

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

ফটোকার্ড তৈরি হচ্ছে…

সিএসবি নিউজ ইউএসএ ফলো করুন

প্রতিদিন সকালে প্রধান সংবাদ, আর ব্রেকিং নিউজ ঘটার সাথে সাথে। বিনামূল্যে।