যুক্তরাজ্য থেকে বাংলাদেশিদের বের করে দেওয়ার হুঁশিয়ারি ব্রিটিশ এমপির, রাজনৈতিক সংঘর্ষের পর তীব্র বিতর্ক
লন্ডনে এনসিপি ও আওয়ামী লীগ-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বাংলাদেশি অভিবাসীদের বহিষ্কারের হুঁশিয়ারি দিয়েছেন ব্রিটিশ এমপি রুপার্ট লো। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তাঁর মন্তব্য ঘিরে যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
যুক্তরাজ্য থেকে বাংলাদেশিদের বের করে দেওয়ার দাবি জানিয়েছেন ব্রিটিশ পার্লামেন্টের সদস্য (এমপি) রুপার্ট লো। লন্ডনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও আওয়ামী লীগ-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একাধিক পোস্টে তিনি বাংলাদেশি অভিবাসীদের বহিষ্কারের হুঁশিয়ারি দিয়েছেন।
গত ১৬ নভেম্বর স্থানীয় সময় রাতে পূর্ব লন্ডনের রমফোর্ড এলাকায় মেফেয়ার ভেন্যুর বাইরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সেখানে এনসিপির আহ্বায়ক ও বাংলাদেশের জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের সম্মানে একটি নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ ও এনসিপি-সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হন।
পরদিন ১৭ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রুপার্ট লো লেখেন, এনসিপি ও আওয়ামী লীগের মধ্যকার রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে বাংলাদেশিরা রমফোর্ডের রাস্তায় সংঘর্ষে জড়িয়েছেন। বাংলাদেশিদের নিয়ে তাঁর কোনো আগ্রহ নেই উল্লেখ করে তিনি ‘সবাইকে বহিষ্কার করুন’ বলে মন্তব্য করেন।
এর আগে আরেকটি পোস্টে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, তাঁর নেতৃত্বাধীন রিস্টোর ব্রিটেন সরকার ক্ষমতায় এলে রমফোর্ডের রাস্তায় সংঘর্ষে জড়িত বাংলাদেশি অভিবাসীদের যুক্তরাজ্য থেকে বহিষ্কার করা হবে।
রুপার্ট লো যুক্তরাজ্যের গ্রেট ইয়ারমাউথ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য এবং রিস্টোর ব্রিটেন দলের নেতা। অভিবাসন নিয়ন্ত্রণ ও অভিবাসীদের বহিষ্কার তাঁর দলের রাজনৈতিক কর্মসূচির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়।
যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ইভনিং স্ট্যান্ডার্ডের প্রতিবেদন অনুযায়ী, রমফোর্ডের সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজনের মাথা ও শরীরে ধারালো অস্ত্রের আঘাত ছিল। লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, ঘটনাস্থলে ছয়জনকে চিকিৎসা দেওয়া হয় এবং তাঁদের একজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
এদিকে, সংঘর্ষের ঘটনায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়া প্রবাসী বাংলাদেশি ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর আওয়ামী লীগ-সমর্থকেরা হামলা চালিয়েছেন। এতে কয়েকজন আহত হয়েছেন বলেও তিনি জানান।
অন্যদিকে, যুক্তরাজ্যের স্থানীয় সংসদ সদস্য অ্যান্ড্রু রোজিনডেল এ ঘটনার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, যুক্তরাজ্যের রাস্তায় এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তবে রুপার্ট লোর মন্তব্য যুক্তরাজ্য সরকারের কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নয়। এটি তাঁর ব্যক্তিগত ও রাজনৈতিক অবস্থান থেকে দেওয়া বক্তব্য। সংঘর্ষে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং সব বাংলাদেশি অভিবাসীকে বহিষ্কারের দাবি এক বিষয় নয়।
ঘটনাটি যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে প্রবাসীদের রাজনৈতিক বিরোধ ও সংঘর্ষের প্রভাব সাধারণ বাংলাদেশি অভিবাসীদের ওপর পড়তে পারে কি না, তা নিয়ে আলোচনা তৈরি হয়েছে।






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।