জন্মের আগেই নবজাতকের শরীরে হাম! মায়ের কাছ থেকে ছড়াচ্ছে কীভাবে এই ভাইরাস
মায়ের শরীরে হাম থাকলে গর্ভের শিশুও আক্রান্ত হতে পারে। যুক্তরাষ্ট্রে এমন ১৩টি ঘটনা শনাক্ত হওয়ার পর নবজাতকদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্ক করেছেন চিকিৎসকেরা।
মায়ের শরীরে হাম থাকলে গর্ভের শিশুও আক্রান্ত হতে পারে। যুক্তরাষ্ট্রে এমন ঘটনা নতুন করে চিকিৎসকদের উদ্বেগ বাড়িয়েছে। গর্ভাবস্থায় মায়ের শরীর থেকে গর্ভের শিশুর মধ্যে হাম ছড়িয়ে পড়তে পারে। ফলে কিছু শিশু জন্মের সময়ই এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে। নবজাতকের জন্য এই সংক্রমণ গুরুতর হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছেন চিকিৎসকেরা। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের প্রাথমিক তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শুরু থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত দেশটিতে গর্ভাবস্থায় মায়ের হাম আক্রান্ত হওয়ার ১১২টি ঘটনা শনাক্ত হয়েছে। এসব মায়ের মধ্যে ১৩ জনের নবজাতক জন্মের পরপরই হাম আক্রান্ত বলে শনাক্ত হয়েছে। আক্রান্ত মায়েদের প্রায় সবাই হাম প্রতিরোধের টিকা নেননি অথবা তাঁদের টিকা নেওয়ার তথ্য পাওয়া যায়নি।
চিকিৎসকদের তথ্য অনুযায়ী, আক্রান্ত ১৩ নবজাতকের মধ্যে ছয়জনের শরীরে হামজনিত উপসর্গ দেখা গেছে। এসব উপসর্গের মধ্যে জ্বর ও শরীরে ফুসকুড়ি থাকতে পারে। কিছু শিশুর ক্ষেত্রে জটিলতা আরও গুরুতর হতে পারে। ফুসফুসে সংক্রমণ, মস্তিষ্কে প্রদাহ এমনকি মৃত্যুর ঝুঁকিও রয়েছে। গর্ভাবস্থায় হাম আক্রান্ত হওয়ার কারণে শিশুর জন্মেও সমস্যা দেখা দিতে পারে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যেসব মায়ের শরীরে হাম দেখা দেওয়ার ১৪ দিনের মধ্যে ১৯টি শিশুর জন্ম হয়েছে, তাদের মধ্যে আটটি শিশু নির্ধারিত সময়ের আগেই জন্ম নেয়। আট নবজাতককে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখতে হয়েছে। তবে সব গর্ভাবস্থার শেষ পরিণতি সম্পর্কে তথ্য পাওয়া যায়নি।
চিকিৎসকদের মতে, গর্ভাবস্থার শেষ দিকে মা হাম আক্রান্ত হলে শিশুর শরীরে ভাইরাস ছড়িয়ে পড়ার ঝুঁকি বেশি থাকে। জন্মের পর শিশুর জ্বর, চোখ বা শরীর হলুদ হয়ে যাওয়া এবং ফুসকুড়ি দেখা দিতে পারে। আবার কোনো কোনো শিশুর শুরুতে স্পষ্ট লক্ষণ নাও থাকতে পারে। তাই মায়ের গর্ভাবস্থায় হাম হলে শিশুকে জন্মের পরও চিকিৎসকের পর্যবেক্ষণে রাখা জরুরি। আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিকস জানিয়েছে, গর্ভাবস্থায় যেকোনো সময় মায়ের হাম হলে নবজাতককে সম্ভাব্য সংক্রমণের ঝুঁকিতে বিবেচনা করতে হবে। কিছু জটিলতা জন্মের পরপরই দেখা না দিয়ে কয়েক মাস বা কয়েক বছর পরও প্রকাশ পেতে পারে। এ কারণে আক্রান্ত মায়ের সন্তানদের দীর্ঘ সময় ধরে চিকিৎসকের নজরদারিতে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
চিকিৎসকেরা বলছেন, হাম প্রতিরোধের সবচেয়ে ভালো উপায় হলো গর্ভধারণের আগে টিকা নেওয়া। তবে গর্ভাবস্থায় হাম, মাম্পস ও রুবেলা প্রতিরোধের এমএমআর টিকা দেওয়া হয় না। কোনো গর্ভবতী নারী হাম আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে এবং তাঁর আগে থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা না থাকলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা জরুরি। সংস্পর্শে আসার ছয় দিনের মধ্যে বিশেষ প্রতিরোধী অ্যান্টিবডি দিলে সংক্রমণ বা জটিলতার ঝুঁকি কমানো যেতে পারে।
যুক্তরাষ্ট্রে হাম ছড়িয়ে পড়ার পেছনে টিকা না নেওয়া মানুষের সংখ্যা বৃদ্ধি একটি বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। চিকিৎসকদের মতে, কোনো এলাকায় অন্তত ৯৫ শতাংশ মানুষের হাম প্রতিরোধের টিকা নেওয়া থাকলে বড় ধরনের সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা অনেক কমে যায়। কিন্তু ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দেশটির কিন্ডারগার্টেন পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে প্রয়োজনীয় এমএমআর টিকা নেওয়ার হার ছিল ৯২ দশমিক ৪ শতাংশ। চিকিৎসকদের আশঙ্কা, হাম সংক্রমণ বাড়তে থাকলে টিকা নেওয়ার বয়স হয়নি এমন শিশু এবং গর্ভবতী নারীরা বেশি ঝুঁকিতে পড়তে পারেন। তাই গর্ভধারণের আগে টিকার তথ্য যাচাই, সংক্রমণের সংস্পর্শে এলে দ্রুত চিকিৎসা নেওয়া এবং আক্রান্ত মায়ের নবজাতককে পর্যবেক্ষণে রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।