স্বাস্থ্যসেবায় টাকা খরচ করে ৭৫০ মিলিয়ন ডলারের সুবিধা, দুই বছরে কীভাবে সম্ভব হলো ইন্ডিয়ানায়?
স্বাস্থ্যসেবা উন্নত করতে স্থানীয় পর্যায়ে অর্থ বিনিয়োগ করে বড় আর্থিক সুফলের দাবি করেছে ইন্ডিয়ানা। দুই বছরের কর্মসূচিতে অন্তত ৭৫০ মিলিয়ন ডলারের বিনিয়োগের প্রতিদান পাওয়ার হিসাব দিয়েছে গবেষণা। কীভাবে এলো এই সাফল্য?
স্বাস্থ্যসেবার মান উন্নত করতে স্থানীয় পর্যায়ে অর্থ বিনিয়োগ করে দুই বছরে অন্তত ৭৫০ মিলিয়ন ডলারের আর্থিক সুফল পাওয়ার হিসাব দিয়েছে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্য। স্থানীয় স্বাস্থ্য বিভাগগুলোর বিভিন্ন কর্মসূচিতে অর্থ দেওয়ার পর এই সুফলের হিসাব সামনে এসেছে। তবে পুরো অর্থ সরাসরি নগদ সাশ্রয় নয়। গবেষণায় বিনিয়োগের বিপরীতে পাওয়া সামগ্রিক আর্থিক সুবিধার হিসাব তুলে ধরা হয়েছে।
১৭ নভেম্বর প্রকাশিত ইন্ডিয়ানা ক্যাপিটাল ক্রনিকলের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্যটির স্বাস্থ্য কমিশনার ডা. লিন্ডসে উইভার সোমবার স্বাস্থ্য বিভাগের এক অনুষ্ঠানে নতুন গবেষণার ফল তুলে ধরেন। রিজেনস্ট্রিফ ইনস্টিটিউটের করা এই বিশ্লেষণে ‘হেলথ ফার্স্ট ইন্ডিয়ানা’ নামের কর্মসূচির প্রথম দুই বছরের কার্যক্রম পর্যালোচনা করা হয়েছে। গবেষণায় দেখা গেছে, কর্মসূচির আওতায় দেওয়া মোট সেবার মাত্র ১০ শতাংশ বিশ্লেষণ করেই সরাসরি স্বাস্থ্যসেবা খরচে আনুমানিক ২৩০ মিলিয়ন ডলার সাশ্রয়ের হিসাব পাওয়া গেছে। স্বাস্থ্য কমিশনারের বক্তব্য অনুযায়ী, এই বিশ্লেষণের ভিত্তিতে প্রথম দুই বছরে কর্মসূচিটির মোট আর্থিক সুফল অন্তত ৭৫০ মিলিয়ন ডলার বলে ধারণা করা হয়েছে।
এই কর্মসূচির জন্য ২০২৩ সালে আইনপ্রণেতারা প্রথমে ৭৫ মিলিয়ন ডলার বরাদ্দ করেন। পরের বছর বিনিয়োগের পরিমাণ বাড়িয়ে ১৫০ মিলিয়ন ডলার করা হয়। এর মাধ্যমে স্থানীয় স্বাস্থ্য বিভাগগুলোকে নিজেদের এলাকার মানুষের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন স্বাস্থ্যসেবা চালু ও উন্নত করার সুযোগ দেওয়া হয়। কর্মসূচির আওতায় বিভিন্ন এলাকায় হৃদ্রোগে আক্রান্ত ব্যক্তিদের জরুরি চিকিৎসায় ব্যবহারের যন্ত্র সরবরাহ করা হয়েছে। রাজ্যজুড়ে পুলিশ ও অন্যান্য জরুরি সেবাদানকারীদের ব্যবহারের জন্য ৪৫৮টি স্বয়ংক্রিয় হৃদ্যন্ত্র চালু করার যন্ত্র বিতরণ করা হয়েছে বলে স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন।
এ ছাড়া স্কুলের শিশুদের শ্রবণ ও দৃষ্টিশক্তি পরীক্ষা, রক্তচাপ পরীক্ষা, সন্তান জন্মের পর মায়েদের বাড়িতে গিয়ে স্বাস্থ্য পরামর্শ এবং হাসপাতাল থেকে বাড়ি ফেরা বয়স্ক রোগীদের ওষুধ ব্যবহারে সহায়তার মতো কাজেও অর্থ ব্যয় করা হয়েছে। এসব উদ্যোগের লক্ষ্য হলো মানুষ অসুস্থ হওয়ার পর শুধু হাসপাতালে চিকিৎসা দেওয়ার পরিবর্তে আগে থেকেই রোগ শনাক্ত করা এবং প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া। এতে গুরুতর অসুস্থতা ও হাসপাতালে চিকিৎসার প্রয়োজন কমতে পারে, যা শেষ পর্যন্ত স্বাস্থ্যসেবার খরচ কমাতেও সহায়তা করে।
স্বাস্থ্য পরিস্থিতির কিছু সূচকেও উন্নতির কথা জানিয়েছে রাজ্যটি। ২০২১ সালে সামগ্রিক স্বাস্থ্য পরিস্থিতির হিসাবে ইন্ডিয়ানা যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোর মধ্যে ৪১তম অবস্থানে ছিল। ২০২৫ সালে তা বেড়ে ৩৯তম হয়েছে। তামাক ব্যবহার, ক্যানসার পরীক্ষা এবং ডায়াবেটিস ও স্থূলতার মতো দীর্ঘমেয়াদি রোগের কিছু সূচকে উন্নতি হয়েছে। তবে মানুষের গড় আয়ু এখন প্রায় ৭৫ দশমিক ৬ বছর।
তবে কর্মসূচির অর্থায়ন নিয়ে ভবিষ্যতে কিছু সীমাবদ্ধতাও তৈরি হয়েছে। বাজেটের চাপ এবং স্থানীয় স্বাস্থ্য বিভাগগুলো কীভাবে অর্থ ব্যয় করছে, তা নিয়ে প্রশ্ন ওঠায় ২০২৫ সালে পরবর্তী দুই বছরের জন্য রাজ্যের বরাদ্দ কমিয়ে ৪০ মিলিয়ন ডলার করা ইন্ডিয়ানার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, মা ও শিশুর স্বাস্থ্য, দীর্ঘমেয়াদি রোগ প্রতিরোধ এবং স্থানীয় পর্যায়ে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার ওপর ভবিষ্যতে আরও গুরুত্ব দেওয়া হবে। বিশেষ করে গ্রামীণ এলাকার মানুষ যেন বাড়ির কাছেই প্রয়োজনীয় চিকিৎসা পান, সেই লক্ষ্যেও কাজ চলছে।






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।