ব্রেকিং
২৬ বছর পর হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র, আবার কেন বাড়ছে সংক্রমণ—ঝুঁকিতে কারা?দীর্ঘ অপেক্ষার অবসান, প্রথমবার জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ!বিক্ষোভ দমনে পুলিশের ক্ষমতায় বড় পরিবর্তন, নিউইয়র্কে মামদানির সাহসী সিদ্ধান্তে তোলপাড়!ব্যানন কেন আতঙ্কিত? ট্রাম্পের নতুন কর্মীপ্রধান কি ভাঙতে চলেছেন ব্রিটেনের সঙ্গে সম্পর্ক?যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড পাওয়া কঠিন হচ্ছে, বিদেশি কর্মীদের জন্য আসছে নতুন কঠোর নিয়ম

বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার ও বিনিয়োগে জাতিসংঘের সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন

বাংলাদেশের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, অর্থনৈতিক সংস্কার, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি এবং জনসংখ্যাগত চ্যালেঞ্জ মোকাবেলায় জাতিসংঘের দুটি গুরুত্বপূর্ণ সংস্থার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।

জাতিসংঘ সদর দপ্তরে ইউএনডিপি ও ইউএনএফপিএর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।
জাতিসংঘ সদর দপ্তরে ইউএনডিপি ও ইউএনএফপিএর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।

সংস্থা দুটি হলো জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)।

সোমবার (১৬ নভেম্বর) জাতিসংঘ সদর দপ্তরে সংস্থা দুটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠকে তিনি এ সহযোগিতা কামনা করেন।

ইউএনডিপির এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক ও সহকারী মহাসচিব কান্নি উইগ্নারাজার সঙ্গে বৈঠকে জহির উদ্দিন স্বপন বাংলাদেশের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় কারিগরি সহায়তার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

তিনি স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি (এসটিএস) বাস্তবায়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, ব্যবসা-বাণিজ্যের পরিবেশ উন্নয়ন, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা এবং রপ্তানি পণ্যের বহুমুখীকরণের ওপর গুরুত্ব দেন।

জবাবে কান্নি উইগ্নারাজা এসব ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আশ্বাস দেন। পাশাপাশি বাণিজ্যিক আইন আধুনিকায়ন ও বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন।

অন্যদিকে, ইউএনএফপিএর কর্মসূচি বিভাগের উপপরিচালক সোয়োলতুয়া বায়ারার সঙ্গে বৈঠকে জনসংখ্যা গবেষণা, নির্ভরযোগ্য উপাত্ত সংগ্রহ এবং তথ্য-প্রমাণভিত্তিক নীতিনির্ধারণে সহযোগিতা চান জহির উদ্দিন স্বপন।

এ সময় মাতৃ ও প্রজননস্বাস্থ্যসেবা, ধাত্রীসেবা সম্প্রসারণ, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং রোহিঙ্গা নারীদের সহায়তায় ইউএনএফপিএর চলমান কার্যক্রম তুলে ধরেন সোয়োলতুয়া বায়ারা।

বৈঠকে সংসদীয় কমিটির সদস্যদের সরকারের কার্যক্রমের ওপর কার্যকর জবাবদিহি নিশ্চিত করার সক্ষমতা বাড়াতে সংস্থা দুটির চলমান কর্মসূচি আরও সময়োপযোগী করার প্রস্তাব দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা। প্রতিনিধিরা এ প্রস্তাবকে স্বাগত জানিয়ে সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে জাতিসংঘে বাংলাদেশের চার্জ দ্য অ্যাফেয়ার্স রাষ্ট্রদূত সঞ্চিতা হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ: বাংলাদেশেরঅর্থনৈতিকসংস্কারবিনিয়োগেজাতিসংঘেরসহযোগিতা

প্রতিবেদক

CSB News USA

মন্তব্য ০

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

ফটোকার্ড তৈরি হচ্ছে…

সিএসবি নিউজ ইউএসএ ফলো করুন

প্রতিদিন সকালে প্রধান সংবাদ, আর ব্রেকিং নিউজ ঘটার সাথে সাথে। বিনামূল্যে।