ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ জোয়ারে প্লাবিত এলাকা, জরুরি অবস্থা ঘোষণা
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার নিউপোর্ট বিচে অস্বাভাবিক জোয়ার ও উত্তাল ঢেউয়ের কারণে রাস্তাঘাট প্লাবিত হয়েছে। পানিতে আটকে পড়েছে যানবাহন, ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান। পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন জরুরি অবস্থা ঘোষণা করেছে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের নিউপোর্ট বিচে অস্বাভাবিক জোয়ার ও শক্তিশালী সামুদ্রিক ঢেউয়ের কারণে উপকূলীয় এলাকায় ব্যাপক জলাবদ্ধতা ও বন্যা দেখা দিয়েছে। শুক্রবার, ৯ অক্টোবর সকালে বালবোয়া পেনিনসুলার বিভিন্ন সড়ক পানিতে ডুবে যায়। এতে বেশ কয়েকটি যানবাহন আটকে পড়ে এবং বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি হয়।
পরিস্থিতির অবনতি হওয়ায় শুক্রবার স্থানীয় প্রশাসন জরুরি অবস্থা ঘোষণা করে। কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘোষণার মাধ্যমে অতিরিক্ত সহায়তা সংগ্রহ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি মোকাবিলা করা সহজ হবে।
লস অ্যাঞ্জেলেস টাইমসের প্রতিবেদন অনুযায়ী, প্রত্যাশার চেয়ে অনেক বেশি উঁচু ঢেউ ও জোয়ারের পানির কারণে উপকূলীয় এলাকায় পরিস্থিতি গুরুতর হয়ে ওঠে। শহরের কর্মীরা জমে থাকা পানি সরানোর পাশাপাশি বন্যার প্রভাব কমাতে বিভিন্ন পদক্ষেপ নেন। ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের গাড়ি ও মূল্যবান জিনিসপত্র নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার এবং বালুর বস্তা দিয়ে বাড়িঘর সুরক্ষিত করার পরামর্শ দেওয়া হয়।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, সপ্তাহান্তে উত্তাল সমুদ্র ও উচ্চ জোয়ারের কারণে পরিস্থিতির আবারও অবনতি হতে পারে। তাই উপকূলীয় এলাকার বাসিন্দা ও দর্শনার্থীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।




