সালমান শাহ হত্যা মামলা: স্ত্রী সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ

“সালমান শাহর বাবা ম্যাজিস্ট্রেট ছিলেন। তিনি বহুবার চেষ্টা করেছিলেন এই অপমৃত্যুকে হত্যা মামলা হিসেবে প্রমাণ করতে, কিন্তু জীবদ্দশায় তা সম্ভব হয়নি। এখন ২৯ বছর পর এই মামলা দায়ের সম্ভব হয়েছে। ইনশাআল্লাহ, একদিন প্রমাণ হবে— এটি আত্মহত্যা নয়, একটি পরিকল্পিত হত্যা।”

PostImage

সালমান শাহ হত্যা মামলা: স্ত্রী সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ


বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান শাহর মৃত্যু রহস্যে নতুন মোড় এসেছে ২৯ বছর পর। আদালতের নির্দেশে অবশেষে তার মৃত্যুকে হত্যা হিসেবে ধরে নতুন মামলা দায়ের করা হয়েছে, যেখানে অভিযুক্ত করা হয়েছে তার সাবেক স্ত্রী সামিরা হকসহ মোট ১১ জনকে

গতকাল মঙ্গলবার (২১ অক্টোবর) মধ্যরাতে রমনা থানায় মামলাটি দায়ের করেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম

প্রথম আসামি সামিরা হক, তালিকায় আজিজ মোহাম্মদ ভাই ও ডন

মামলার এজাহারে প্রথম আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে সামিরা হককে। দ্বিতীয় আসামি ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, এরপর রয়েছেন লতিফা হক লুসি, চলচ্চিত্রের পরিচিত খলনায়ক ডন, এবং আরও কয়েকজন ব্যক্তির নাম। এছাড়া অজ্ঞাতনামা কয়েকজনকেও অভিযুক্ত করা হয়েছে।

আলমগীর কুমকুম সাংবাদিকদের বলেন—

“সালমান শাহর বাবা ম্যাজিস্ট্রেট ছিলেন। তিনি বহুবার চেষ্টা করেছিলেন এই অপমৃত্যুকে হত্যা মামলা হিসেবে প্রমাণ করতে, কিন্তু জীবদ্দশায় তা সম্ভব হয়নি। এখন ২৯ বছর পর এই মামলা দায়ের সম্ভব হয়েছে। ইনশাআল্লাহ, একদিন প্রমাণ হবে— এটি আত্মহত্যা নয়, একটি পরিকল্পিত হত্যা।”


এর আগে ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক সালমান শাহর মা নীলা চৌধুরীর রিভিশন আবেদন মঞ্জুর করে মামলাটির পুনঃতদন্তের নির্দেশ দেন।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পরে তাদের প্রতিবেদনে জানায়, “সালমান শাহ আত্মহত্যা করেছেন।”
কিন্তু মা নীলা চৌধুরী শুরু থেকেই এই প্রতিবেদনকে অস্বীকার করে আসছেন, তার দাবি— “আমার ছেলেকে হত্যা করা হয়েছে, এটি আত্মহত্যা নয়।”

নতুন মামলায় আসামির সংখ্যা আরও বাড়তে পারে

বাদীপক্ষের আইনজীবী ফারুক আহমেদ জানিয়েছেন—

“এজাহারে ১১ জনের নাম থাকলেও তদন্তে আরও অজ্ঞাতনামা আসামি যুক্ত হতে পারেন। তবে কেউ মারা গেলে তাকে মামলা থেকে বাদ দেওয়া হবে।”


বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে সালমান শাহ ছিলেন এক অনন্য নায়ক। মাত্র চার বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে তিনি হয়ে ওঠেন দেশের সবচেয়ে জনপ্রিয় তারকা।
তার মৃত্যুর পর থেকেই “আত্মহত্যা নাকি হত্যা”— এই প্রশ্ন ঘিরে দেশজুড়ে বিতর্ক চলেছে দীর্ঘ ২৯ বছর।

এখন আদালতের নির্দেশে নতুনভাবে শুরু হওয়া হত্যা মামলা হয়তো অবশেষে সেই উত্তর খুঁজে দেবে, যা সালমান শাহর পরিবার ও তার কোটি ভক্তরা এতদিন ধরে অপেক্ষা করে আসছেন।

সিএসবি নিউজ-এর আরও খবর