প্রেমিকের ব্যবসার জন্য চার লাখ টাকা দাবি, স্ত্রীর বিরুদ্ধে স্বামীর মামলা

কথিত প্রেমিকের ব্যবসার জন্য চার লাখ টাকা দাবির অভিযোগে স্ত্রী, প্রেমিক ও শাশুড়ির বিরুদ্ধে মামলা করেছেন ঢাকার স্বামী।

প্রেমিকের ব্যবসার জন্য চার লাখ টাকা দাবি, স্ত্রীর বিরুদ্ধে স্বামীর মামলা

প্রেমিকের ব্যবসার জন্য চার লাখ টাকা দাবি, স্ত্রীর বিরুদ্ধে স্বামীর মামলা


ঢাকার কদমতলী এলাকায় কথিত প্রেমিকের ব্যবসার জন্য চার লাখ টাকা যৌতুক দাবি এবং সেই টাকা দিতে অস্বীকৃতি জানানোয় শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্ত্রী, স্ত্রীর কথিত প্রেমিক ও শাশুড়ির বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক ফার্মেসি ব্যবসায়ী।


বুধবার ঢাকার মহানগর হাকিম মো. আশরাফুল হকের আদালতে কদমতলী থানার মুরাদপুর এলাকার বাসিন্দা মো. শামীম মিয়া মামলাটি করেন। মামলায় তাঁর স্ত্রী ফাতেমা তুজ জহুরা, স্ত্রীর কথিত প্রেমিক শেখ মো. ইমাম হোসাইন এবং শাশুড়ি শাহানাজকে আসামি করা হয়েছে। বাদীপক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী এস এম সবুজ।


আদালত শামীম মিয়ার জবানবন্দি গ্রহণের পর অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য কদমতলী থানার পুলিশকে নির্দেশ দিয়েছেন। তবে মামলায় করা অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি।


মামলার অভিযোগে শামীম মিয়া উল্লেখ করেন, ২০১৬ সালের ১৫ ডিসেম্বর পারিবারিকভাবে ফাতেমা তুজ জহুরার সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের পর তিনি জানতে পারেন, ফাতেমার সঙ্গে বিয়ের আগে ইমাম হোসাইনের সম্পর্ক ছিল এবং বিয়ের পরও তাঁদের যোগাযোগ অব্যাহত ছিল বলে তাঁর অভিযোগ।


শামীমের দাবি, তিনি ফার্মেসি ব্যবসা থেকে উপার্জিত অর্থ বাসায় জমিয়ে রাখতেন। সেই অর্থ থেকে তাঁর স্ত্রী বিভিন্ন সময়ে ইমাম হোসাইন ও তাঁর মাকে টাকা দিতেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।


অভিযোগে আরও বলা হয়, বিষয়টি জানতে পেরে শামীম টাকা দেওয়া বন্ধ করতে চাইলে দাম্পত্য সম্পর্ক বজায় রাখার কথা বলে তাঁর ওপর বিভিন্ন শর্ত দেওয়া হতো। এরপর নানা অজুহাতে তাঁর কাছ থেকে টাকা নেওয়া হতে থাকে। এভাবে গত দুই বছরে প্রায় চার লাখ টাকা নেওয়া হয়েছে বলে মামলায় দাবি করা হয়েছে।


পরে শামীম ওই টাকা ফেরত চাইলে তাঁর স্ত্রী সেই অর্থ ইমাম হোসাইন ও তাঁর মাকে দেওয়ার কথা স্বীকার করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।


মামলার অভিযোগ অনুযায়ী, সর্বশেষ গত ২০ আগস্ট রাতে ইমাম হোসাইনের ব্যবসার জন্য শামীমের কাছে আরও চার লাখ টাকা দাবি করেন তাঁর স্ত্রী ও শাশুড়ি। শামীম টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে গালিগালাজ করা হয়। একপর্যায়ে ধাক্কা দিয়ে তাঁকে খাটের ওপর ফেলে দেওয়া হয় বলেও অভিযোগ করেছেন তিনি।


এ ঘটনায় স্ত্রী, স্ত্রীর কথিত প্রেমিক ও শাশুড়ির বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে মামলা করেন শামীম মিয়া। আদালতের নির্দেশ অনুযায়ী, পুলিশ অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দেবে। তদন্তের পর অভিযোগগুলোর বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে। 

সিএসবি নিউজ-এর আরও খবর