তারেক রহমানের আগমনে নতুন আশায় বগুড়া, স্বাগত জানাতে প্রস্তুত সর্বস্তরের মানুষ
নেতার আগমন ঘিরে বিএনপি ও অঙ্গসংগঠনে উৎসবের আমেজ, উন্নয়ন ও রাজনৈতিক প্রত্যাশায় তাকিয়ে বগুড়াবাসী।
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের বগুড়া সফর ঘিরে জেলাজুড়ে সৃষ্টি হয়েছে উৎসাহ-উদ্দীপনা। প্রিয় নেতাকে স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছেন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তাঁর আগমনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে প্রাণচাঞ্চল্য। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি বগুড়ার দীর্ঘদিনের উন্নয়ন প্রত্যাশা পূরণেও তাঁর সফর নতুন সম্ভাবনার দ্বার খুলবে বলে মনে করছেন স্থানীয় নেতারা।
আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের বগুড়া সফরের কথা রয়েছে। সফর ঘিরে উন্নয়নমূলক কর্মসূচি, সাংগঠনিক সভা ও বিভিন্ন পরিকল্পনা নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। বগুড়ার অভ্যন্তরীণ বিমানবন্দর চালু, বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস, করতোয়া নদী খনন, যোগাযোগব্যবস্থার উন্নয়নসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় ঘিরে স্থানীয় মানুষের প্রত্যাশা বাড়ছে।
বগুড়া-৬ আসনের সংসদ সদস্য, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, তারেক রহমানের বগুড়ায় আগমন শুধু একটি সফর নয়, এটি বগুড়াবাসীর জন্য অত্যন্ত আনন্দের, আবেগের ও প্রত্যাশার বিষয়। বগুড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি। এই মাটির সঙ্গে তারেক রহমানের আত্মিক সম্পর্ক রয়েছে। দীর্ঘদিন পর তাঁর আগমনকে ঘিরে মানুষের মধ্যে যে উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে, তা আমাদের রাজনৈতিক শক্তি ও মানুষের ভালোবাসার প্রতিফলন। আমরা তাঁকে স্বাগত জানাতে প্রস্তুত। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও তাঁর আগমনকে ঘিরে আশাবাদী। বগুড়া দীর্ঘদিন ধরে নানা উন্নয়ন প্রত্যাশা নিয়ে অপেক্ষা করছে। যোগাযোগব্যবস্থা, শিক্ষা, চিকিৎসা, শিল্পায়ন, কর্মসংস্থান ও অবকাঠামোগত উন্নয়নে আমাদের অনেক দাবি রয়েছে। আমরা বিশ্বাস করি, প্রধানমন্ত্রীর এই সফর বগুড়ার উন্নয়নকে আরও গতিশীল করবে। বগুড়া বিমানবন্দর চালু, বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস, রেল যোগাযোগ সম্প্রসারণসহ গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো বাস্তবায়িত হলে এই অঞ্চলের অর্থনীতি নতুন গতি পাবে। নেতার আগমনকে স্মরণীয় করে রাখতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব। বগুড়ার মানুষ ভালোবাসা, সম্মান ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে তাঁকে বরণ করে নেবে। আমাদের প্রত্যাশা, তাঁর সফর বগুড়ার উন্নয়নের নতুন অধ্যায়ের সূচনা করবে।
বগুড়া শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি বলেন, তারেক রহমানের বগুড়ায় আগমন শহর যুবদলের নেতাকর্মীদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়। তাঁকে স্বাগত জানাতে যুবদলের সর্বস্তরের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন। দলের চেয়ারম্যানের আগমন ঘিরে তরুণদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। আমরা চাই, বগুড়ার রাজপথ নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে মুখর হয়ে উঠুক। তারেক রহমান দেশের তরুণ সমাজের আশা, গণতন্ত্র ও নতুন বাংলাদেশের প্রত্যাশার প্রতীক। তাঁর নেতৃত্বে দেশের উন্নয়ন, কর্মসংস্থান, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং তরুণদের ভবিষ্যৎ নিয়ে আমরা আশাবাদী। বগুড়ার যুবসমাজ তাঁকে ভালোবাসা ও সম্মানের সঙ্গে বরণ করে নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমরা শৃঙ্খলা বজায় রেখে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে তাঁর সফর সফল করতে কাজ করব। এই আগমন যুবদলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি ও শক্তি যোগাবে।
তারেক রহমানের বগুড়া সফরকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক অঙ্গনে যেমন উৎসাহ তৈরি হয়েছে, তেমনি উন্নয়ন প্রত্যাশী মানুষের মধ্যেও নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে দীর্ঘদিনের অবকাঠামোগত সীমাবদ্ধতা, কর্মসংস্থান সংকট, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং শিল্প-বাণিজ্য সম্প্রসারণের বিষয়গুলো সফর ঘিরে আলোচনায় আসছে। বগুড়ায় অভ্যন্তরীণ বিমানবন্দর চালু, বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস, মোকামতলা পৌরসভা, করতোয়া নদী খননসহ বিভিন্ন উন্নয়ন উদ্যোগের বিষয় উল্লেখ করা হয়।
তারেক রহমানের বগুড়া সফর ঘিরে এখন অপেক্ষার প্রহর গুনছেন দলীয় নেতাকর্মী ও সমর্থকরা। নেতাকে স্বাগত জানানোর প্রস্তুতির পাশাপাশি তাঁর সফর থেকে জেলার উন্নয়ন, নতুন কর্মসংস্থান ও সম্ভাবনার বাস্তব প্রতিফলন দেখতে চান বগুড়াবাসী। রাজনৈতিক আবেগের সঙ্গে উন্নয়নের প্রত্যাশা মিলিয়ে ৫ ডিসেম্বরকে ঘিরে বগুড়ায় তৈরি হচ্ছে এক বিশেষ আবহ।






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।