নিউইয়র্কে মেয়র মামদানির লুকঅ্যালাইক প্রতিযোগিতা, জিতলেন ১০০ ডলার
নিউইয়র্কে মেয়র জোহরান মামদানির লুকঅ্যালাইক প্রতিযোগিতায় শত শত মানুষের ভিড়, বিজয়ী অভিনেতা আমাদেও ফুসকা পেলেন ১০০ ডলার পুরস্কার।
নিউইয়র্কে মেয়র মামদানির লুকঅ্যালাইক প্রতিযোগিতা, জিতলেন ১০০ ডলার
নিউইয়র্কের জনপ্রিয় ওয়াশিংটন স্কয়ার পার্কে মেয়র জোহরান মামদানির আদলে আয়োজিত লুকঅ্যালাইক প্রতিযোগিতাকে ঘিরে রোববার শত শত মানুষের ভিড় দেখা গেছে।
প্রতিযোগিতায় প্রায় নয়জন অংশ নেন। অংশগ্রহণকারীরা মামদানির চুলের ধরন, পোশাক ও চেহারার সঙ্গে মিল রেখে নিজেদের সাজান। কেউ পরেছিলেন মামদানির প্রচারণাকালীন বাদামি স্যুট, আবার কেউ বেছে নেন স্যুটের সঙ্গে নিউইয়র্ক নিক্সের জার্সি।
শেষ পর্যন্ত দর্শকদের করতালিতে বিজয়ী নির্বাচিত হন ৪০ বছর বয়সী অভিনেতা ও কৌতুকশিল্পী আমাদেও ফুসকা। মামদানির মতো চুলের স্টাইল ও মুখের সাজের পাশাপাশি স্যুটের নিচে নিক্সের জার্সি পরে তিনি দর্শকদের নজর কাড়েন। পুরস্কার হিসেবে পান ১০০ ডলার।
প্রতিযোগিতাটি আয়োজন করে সামাজিক যোগাযোগভিত্তিক অ্যাপ ‘সন্ডার’। প্রতিযোগীদের একটি প্রশ্ন করা হয়—তাদের প্রিয় পিজ্জা কোনটি। এরপর দর্শকদের করতালির ভিত্তিতে বিজয়ী নির্বাচন করা হয়।
তবে আয়োজনটি প্রথমে ওয়াশিংটন স্কয়ার পার্কের ভেতরে করার কথা থাকলেও প্রয়োজনীয় অনুমতি না থাকায় পুলিশ অংশগ্রহণকারীদের পার্কের বাইরে যেতে বলে। পরে পার্কের কাছেই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।
মেয়র জোহরান মামদানির সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তার মধ্যেই এমন আয়োজন নিউইয়র্কে বিশেষ আগ্রহ তৈরি করেছে।